জজ নিয়োগের নিয়ম বদলান
একজন মেধাবী ও চৌকস নাগরিক প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা নিয়ে বিচারকের আসন অলংকৃত করবেন, এটি প্রজাতন্ত্রের প্রতিটি নাগরিকের অতিসাধারণ প্রত্যাশা। দেশে যে তদবিরতন্ত্র আছে, তার হাত থেকে রেহাই দেওয়ার জন্য বিচারক নিয়োগের পৃথক আয়োজন। সুপ্রিম কোর্টে বিচারক নিয়োগ নিয়ে রাজনীতি বা দলগত আনুগত্যের বহিঃপ্রকাশ থাকলেও জুডিশিয়াল সার্ভিস কমিশনে এখনো অনুরূপ শক্ত অভিযোগ ওঠেনি।এ সার্ভিসে আবেদনকারীর সংখ্যা হিসাব করে নির্দ্বিধায় বলা যায়, বিচার বিভাগ পৃথক্করণ হওয়ার পর সহকারী জজ পদগুলো ছাত্রদের সামনে আর্কষণীয় হয়ে উঠেছে। কিন্তু এ পদে যাঁরা নিয়োগ পেয়েছেন এবং যাঁরা নিয়োগ-প্রত্যাশী, তাঁদের অনেকের মতে, জুডিশিয়াল সার্ভিস কমিশন যে পরীক্ষা নিচ্ছে, তার সিলেবাসটি যুগোপযোগী ও পরিমার্জিত হওয়া দরকার। হয়তো তাড়াহুড়ো করতে গিয়ে পাবলিক সার্ভিস কমিশনের পরীক্ষা-পদ্ধতির প্রভাবমুক্ত থাকতে পারেনি জুডিশিয়াল সার্ভিস কমিশন। প্রথমত: সাধারণ আবশ্যিক লিখিত পরীক্ষার জন্য জুডিশিয়াল সার্ভিস কমিশন ৪০০ নম্বরের বরাদ্দ রেখেছে, এটি সাধুবাদ পাওয়ার যোগ্য। কিন্তু এর যে সিলেবাস, তা পাবলিক সার্ভিস কমিশনের বিসিএস পরীক্ষার লিখিত ৯০০ নম্বরের সিলেবাসের অনুরূপ। বিসিএস সাধারণের একজন ছাত্র ৯০০ নম্বরের সিলেবাস পড়ে ৯০০ নম্বরেরই পরীক্ষা দেন, কিন্তু জুডিশিয়াল সার্ভিস কমিশনের একজন প্রার্থী ৯০০ নম্বরের সিলেবাস পড়ে ৪০০ মার্কসের সাধারণ আবশ্যিক বিষয়ে পরীক্ষা দেন। এখানে জুডিশিয়াল সার্ভিস কমিশনের প্রার্থীদের বাড়তি ৫০০ নম্বরের পড়ালেখা করতে হচ্ছে। দ্বিতীয়ত: জুডিশিয়াল সার্ভিস কমিশন সহকারী জজ নিয়োগের ক্ষেত্রে মনস্তাত্ত্বিক বিষয় সিলেবাসে রাখেননি। অথচ একজন পরীক্ষার্থী ভালো ফল করলেই তিনি জজ হওয়ার যোগ্য বা জজ হওয়ার মতো মনস্তাত্ত্বিক অবস্থান তাঁর আছে কি না, সেটা সাদা চোখে নির্ধারণ সম্ভব নয়। একজন প্রার্থীর বিচারিক যোগ্যতা এবং ভালো-মন্দ যাচাই নির্ধারণের জন্য মনস্তাত্ত্বিক পরীক্ষা অতি জরুরি। ব্রিটিশ ভারত থেকে শুরু করে এ পর্যন্ত সব সিভিল সার্ভিস পরীক্ষায় আবশ্যিকভাবে মনস্তাত্ত্বিক পরীক্ষা নেওয়া হয়েছে। বিসিএস পরীক্ষায় এ জন্য ১০০ নম্বর বরাদ্দ রয়েছে। মনস্তাত্ত্বিক পরীক্ষা না থাকায় অর্ধপাগল, হাবাগোবাদের বিচারক হিসেবে নিয়োগ পাওয়ার আশঙ্কা থেকে যায়। সে জন্য আসন্ন পরীক্ষায় মনস্তাত্ত্বিক বিষয় অন্তর্ভুক্ত করা জরুরি।তৃতীয়ত: প্রচলিত ধারায় দেখা যায়, এ রকম অনেক নির্বাচিত প্রার্থী আছেন, যিনি কর্মে প্রবেশের আগে আদালতের চৌকাঠও পেরোননি। আদালত ও তার পরিবেশ—দুটোই তাঁর জীবনে নতুন। অথচ বিচার-প্রক্রিয়া সামগ্রিকভাবেই ব্যবহারিক। বিচারক এবং আইনজীবী—উভয়েই এখানে ব্যবহারজীবী। বিচারালয়ে বিচারক ও আইনজীবীর সর্বক্ষেত্রেই প্রায়োগিক জ্ঞান আবশ্যক। সে কারণে যিনি নিম্ন আদালতে বিচারবিভাগীয় পদে বসবেন, তাঁর যেন ন্যূনতম বাস্তবভিত্তিক জ্ঞান থাকে। অর্থাৎ আদালত প্রাঙ্গণে শিক্ষানবিশ বা নবীন আইনজীবী হিসেবে যেন তাঁর পূর্বাভিজ্ঞতা থাকে। এ ক্ষেত্রে বিদ্যমান অপরাপর শর্তের অতিরিক্ত, আবেদনকারীর আইনজীবী হিসেবে বাস্তবভিত্তিক কমপক্ষে ছয় মাসের অভিজ্ঞতাকে শর্ত হিসেবে গ্রহণ, সে ক্ষেত্রে সংশ্লিষ্ট আদালতের এবং বারের প্রত্যয়নপত্র সংযুক্ত করার শর্ত যুক্ত করা যেতে পারে।চতুর্থত: যেহেতু প্রার্থীরা বিচারবিভাগীয় পদে পরীক্ষা দিচ্ছেন, সেহেতু জুডিশিয়াল সার্ভিস পরীক্ষায় নিম্ন আদালতসমূহের প্রাত্যহিক কিছু বিষয় সিলেবাসে অন্তর্ভুক্ত হতে পারে, যেমন: এজাহার, জিডি, আরজি, জবাব, দরখাস্ত, জামিন আবেদন, লিগ্যাল নোটিশ, হলফনামা, কগনিজেন্স, অভিযোগপত্র, অভিযোগ গঠন, গ্রেপ্তারি পরোয়ানা, সমন, কমিশন প্রতিবেদনসহ ব্যবহারিক বিষয়গুলো সংযুক্ত হলে একজন প্রার্থী ব্যবহারিক জীবনে উপকৃত হবেন, যদি প্রার্থী পরীক্ষায় না-ও টেকেন, তবু তাঁর জ্ঞানের বাস্তব পরিধি বাড়বে। পঞ্চমত: যিনি বিচারক হিসেবে নির্বাচিত হবেন, তিনি বিচারকের আসনে বসার আগে ফৌজদারি অধিক্ষেত্রের জন্য থানার কার্যক্রম, থানার রেকর্ড, মালখানা, প্রসিকিউশন অফিস, কোর্ট ইন্সপেক্টর-জিআরও অফিস এবং সংশ্লিষ্ট অফিসের রেকর্ড সম্পর্কে বাস্তব অভিজ্ঞতা নেবেন প্রশিক্ষণের মাধ্যমে এবং একইভাবে দেওয়ানি অধিক্ষেত্রের বেলায় রাজস্ব আদালত, ভূমি অফিস, তহশিল অফিস, নামজারির পদ্ধতি, দরপত্র আহ্বান ও গ্রহণ প্রক্রিয়া, রাজস্ব আদায়, রেজিস্ট্রি অফিসের দলিল সম্পাদন প্রভৃতি কার্যক্রম প্রত্যক্ষ ও পর্যবেক্ষণ করবেন। এ বিষয়গুলো সম্পর্কে বাস্তবভিত্তিক জ্ঞান আহূত থাকলে একজন বিচারক কখনোই জ্ঞাতসারে ভুল সিদ্ধান্ত প্রদান করবেন না। এ বিষয়গুলো সম্পর্কে জেলার জেলা জজ সংশ্লিষ্ট অফিসের সঙ্গে কথা বলে এবং নিজেও বিচার করে একটি গোপন প্রতিবেদন জুডিশিয়াল সার্ভিস কমিশনে পাঠাতে পারেন। এ পদ্ধতি চালু হলে একজন নবীন বিচারক কিছু বাস্তব জ্ঞান নিয়ে কর্মজীবনের শুরু থেকেই প্রাজ্ঞ ভূমিকা রাখতে পারবেন। বর্তমানে নিয়োগ পাওয়ার পর দু-তিন দিন দু-একজন বিচারকের পাশে বসে আদালতের কার্যক্রম পর্যবেক্ষণ শেষে একজন নবীন বিচারককে বিচার করার যে ক্ষমতা প্রদান করা হয়, তা অনেকটা শিশুর হাতে ছুরি তুলে দেওয়ার সমান। এতে হয়তো মামলার নিষ্পত্তি হয়, কিন্তু ন্যায়বিচার নিশ্চিত হয় না। স্বাধীন বিচার বিভাগের ধারণা বিচারিক রায়ের যোগ্যতার সঙ্গে সংগতিপূর্ণ, মামলা নিষ্পত্তির হারের সঙ্গে যুক্ত নয়। প্রকৃত স্বাধীন বিচার বিভাগ বাস্তবায়নের জন্য জুডিশিয়াল সার্ভিস কমিশনের অবদান অনস্বীকার্য। একজন নাগরিক হিসেবে প্রত্যাশা করি, কমিশন তার নিয়োগ-প্রক্রিয়ায় প্রয়োজনীয় পরিবর্তন সাধন করলে একটি শক্তিশালী বিচার প্রশাসন গড়ে তোলা সম্ভব। নতুবা স্বাধীন বিচার বিভাগের বৈরী শক্তি সৃষ্ট অসংগতির ওপর ভিত্তি করে পেছনে ফিরে তাকানোর সুযোগ পাবে।লেখক পাবলিক প্রসিকিউটর, জজ কোর্ট, কুড়িগ্রাম।