২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার বহুল আলোচিত সেই জজ মিয়ার সাজানো জবানবন্দিকেই সঠিক বলে দাবি করেছে বিএনপি। দলটির অভিযোগ, এই সরকার ক্ষমতায় আসার পর অধিকতর তদন্তের মাধ্যমে যে অভিযোগপত্র দেওয়া হয়েছে, তা সম্পূর্ণ বানোয়াট ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে গতকাল রোববার রাত আটটায় অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলা সম্পর্কে দলের অবস্থান তুলে ধরেন বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।সংবাদ সম্মেলনে প্রশ্ন করা হয়, ওই মামলায় জজ মিয়ার দেওয়া জবানবন্দি ও তার ভিত্তিতে সে সময় যে তদন্ত চলছিল, তা সঠিক ছিল কি না? উত্তরে রুহুল কবির বলেন, ‘নিশ্চয়ই তা সঠিক ছিল।’ তিনি উল্টো প্রশ্ন করেন, জজ মিয়া কি ভালো লোক ছিল? তার বিরুদ্ধে তো অনেক মামলা ছিল। ওই সময় বিএনপির আমলে দেশি-বিদেশি বিভিন্ন সংস্থা ঘটনা তদন্ত করেছে।’প্রসঙ্গত, ‘আষাঢ়ে গল্প’ খ্যাত জজ মিয়ার জবানবন্দি নেওয়া হয়েছিল বিএনপি সরকারের সময়ে। সিআইডির তখনকার কর্মকর্তারা নোয়াখালীর সেনবাগের বাসিন্দা জজ মিয়ার পরিবারকে মাসোহারাও দিতেন। জজ মিয়াকে ওই হামলার প্রধান আসামি বলে সে সময় বিএনপি-জামায়াত জোট সরকার ব্যাপক প্রচারণা চালায়। জজ মিয়ার কথিত জবানবন্দি প্রচার করে তাকে ওই মামলার রহস্যভেদ করার কথা বলে তৎকালীন একটি গোয়েন্দা সংস্থা।২০০৭ সালের ১১ জানুয়ারির পর তত্ত্বাবধায়ক সরকারের সময় ওই মামলার তদন্ত নতুন করে শুরু হয়। এরপর অভিযোগপত্র দেওয়া হয়। বর্তমান সরকার ক্ষমতায় আসার পর অধিকতর তদন্তের পর সম্পূরক অভিযোগপত্রে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান ও খালেদা জিয়ার ছেলে তারেক রহমান, তৎকালীন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সচিব হারিছ চৌধুরী, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরসহ বেশ কয়েকজনকে আসামি করা হয়। রুহুল কবির অভিযোগ করেন, গতকাল বিভিন্ন পত্রপত্রিকায় ২১ আগস্ট গ্রেনেড হামলা নিয়ে যে প্রতিবেদন ছাপা হয়েছে, তা পড়ে মনে হয়েছে, সংবাদপত্রগুলো ঘোড়ার আগে গাড়ি ছোটার মতো কাজ করছে। মনে হচ্ছে, কোথাও থেকে বলে দেওয়া হচ্ছে আর গণমাধ্যমগুলো তা প্রকাশ করছে। গণমাধ্যমকে চাপ দিয়ে এমন কাজ করা হচ্ছে বলে তিনি মন্তব্য করেন। তিনি বলেন, পত্রিকাগুলো নিজেরাই বিচারকের আসনে বসে গেছে। বর্তমান সরকারের আমলে যে অভিযোগপত্র দেওয়া হয়েছে, তা সত্য বলে প্রচার করতে উঠেপড়ে লেগেছে এই গণমাধ্যমগুলো। সংবাদ পরিবেশনা দেখে এমনটাই মনে হয়েছে। বিএনপির এই নেতা বলেন, সরকারের সম্পূরক অভিযোগপত্র ও অধিকতর তদন্ত প্রমাণ করে, জোর করে কিছু নাম আসামির তালিকায় ঢোকানোই ছিল মূল উদ্দেশ্য। এর মাধ্যমে এজেন্ডা বাস্তবায়ন করা হয়েছে। মিডিয়াকে জোরজবরদস্তি করে তাদের এজেন্ডা বাস্তবায়নে বাধ্য করা হয়েছে। গণমাধ্যমে যে সংবাদ পরিবেশিত হয়েছে, তা রূপকথার কল্পকাহিনি ছাড়া আর কিছুই নয়। এটা বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্রের অংশ। রিজভী আহমেদ বলেন, খালেদা জিয়া, তারেক রহমান, আরাফাত রহমান কোকোর ভাবমূর্তি নষ্ট করতে সরকার এ কাজ করছে। এর মাধ্যমে জনগণকে বিভ্রান্ত করা হচ্ছে। তিনি মিডিয়াকে সরকারের এজেন্ডা বাস্তবায়নের হাতিয়ার হিসেবে ব্যবহূত হওয়া থেকে বিরত থাকার আহ্বান জানান। সংবাদ সম্মেলনে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা এ জেড এম জাহিদ হোসেন, স্বনির্ভরবিষয়ক সম্পাদক রহুল কবির রিজভী, বিএনপির নেতা সানাউল্লাহ মিয়া, মাসুদ আহমেদ তালুকদার, রফিক শিকদার প্রমুখ উপস্থিত ছিলেন।