জটিল অস্ত্রোপচারে আলাদা হল রিতাল ও রিতাগ
জোড়া মাথা নিয়ে জন্মেছিল কন্যাশিশু দুটি। সুদানের খার্তুমে জন্ম নেওয়া শিশু দুটির নাম রিতাল ও রিতাগ গাবোরা। ১১ মাস বয়স পর্যন্ত ওভাবেই ছিল। সম্প্রতি যুক্তরাজ্যের একদল চিকিত্সক এক সফল অস্ত্রোপচারের মাধ্যমে তাদের আলাদা করেছে। চিকিত্সকেরা জানান, এটি ছিল খুব জটিল ধরনের অস্ত্রোপচার।গত ১৫ আগস্ট যুক্তরাজ্যের গ্রেট অরমন্ড স্ট্রিট হাসপাতালে জটিল এ অস্ত্রোপচার সম্পন্ন করেন হাসপাতালের প্লাস্টিক সার্জারি বিভাগের প্রধান চিকিত্সক ডেভিড ডুনাওয়ের নেতৃত্বে একদল চিকিত্সক। পরপর চারবার অস্ত্রোপচার করে তাঁরা শিশু দুটিকে আলাদা করেন। চিকিত্সকেরা জানান, অস্ত্রোপচারের পরে পার্শ্বপ্রতিক্রিয়া হিসেবে রিতাল ও রিতাগের কোনো স্নায়বিক সমস্যা হয়নি।জোড়া মাথা নিয়ে যমজ শিশুরা জন্মেছিল খার্তুমে। যুক্তরাজ্যের দাতব্য সংস্থা ফেসিং দ্য ওয়ার্ল্ডের সাহায্যে যমজ শিশুদের সুদানে অস্ত্রোপচারের জন্য নেওয়া হয়। তাদের মস্তিষ্কের করোটির হাড় জোড়া লাগানো ছিল। এ সব ক্ষেত্রে মাত্র ৫ শতাংশ অস্ত্রোপচার সফল হয়। সাধারণত জোড়ালাগানো মাথার যমজ শিশুদের ৪০ শতাংশ জন্মের পরে অথবা জন্ম হওয়ার সময় মারা যায়। যারা বাঁচে, তাদের এক-তৃতীয়াংশ ২৪ ঘণ্টার মধ্যে মারা যায়।যমজ ওই শিশুদের বাবা ও মা দুজনই চিকিত্সক। তাঁরা বলেন, ‘আমরা খুবই সৌভাগ্যবান। অস্ত্রোপচারের পর দুজন সুস্থ শিশুকে নিয়ে আমরা বাড়ি ফিরতে পারছি।’ রিতাল ও রিতাগের মা-বাবা ওই অস্ত্রোপচারের জন্য চিকিত্সক এবং স্বেচ্ছাসেবী সংস্থাকে ধন্যবাদ জানিয়েছেন। অস্ত্রোপচারে নেতৃত্বদানকারী চিকিত্সক ডেভিড ডুনাওয়ে বলেন, ‘ওই ছোট্ট শিশু দুটির কাছে আমরা দায়বদ্ধ ছিলাম। তাদের অবস্থা ছিল খুবই জটিল।’ বিবিসি।