জটিল সময় পার করছে অর্থনীতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বেসরকারি গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি) মনে করে, জটিল সময় পার করছে দেশের অর্থনীতি। অর্থনীতিতে এখন সংকটের শেষ নেই। চার মাস আগেও যে অবস্থা ছিল, বর্তমান পরিস্থিতি তার চেয়ে খারাপ।সংস্থাটির বিশেষ ফেলো সিপিডির এই পর্যবেক্ষণ তুলে ধরে বলেন, বিশ্ব অর্থনীতির ঘনায়মান সংকট ও দেশীয় অর্থনীতির ওপর এর প্রভাব, উচ্চ মূল্যস্ফীতি, বৈদেশিক লেনদেনের ওপর চাপ, নিম্নগতির রেমিট্যান্স (প্রবাসী আয়) প্রবাহ, ভর্তুকির চাপ ইত্যাদি কারণে সংকট এখন আগের তুলনায় আরও ঘনীভূত।সংকট মোকাবিলায় তাই জরুরিভিত্তিতে সরকারের পক্ষ থেকে একটি কর্মপরিকল্পনা হাতে নেওয়ার পরামর্শ দিয়েছেন সিপিডির পক্ষে ড. দেবপ্রিয় ভট্টাচার্য।গতকাল বৃহস্পতিবার সিপিডির কার্যালয়ে চলতি ২০১১-১২ অর্থবছরের সামষ্টিক অর্থনৈতিক অবস্থা ও অর্থবছরের বাকি সময়ের চ্যালেঞ্জগুলো সম্পর্কে প্রতিবেদন উপস্থাপন করে এসব কথা বলা হয়। এ উপলক্ষে আয়োজিত সংবাদ ব্রিফিংয়ে প্রতিবেদনটি উপস্থাপন করেন দেবপ্রিয় ভট্টাচার্য। সংস্থাটির নির্বাহী পরিচালক মোস্তাফিজুর রহমান এতে স্বাগত বক্তব্য দেন। অন্যদের মধ্যে সিপিডির গবেষণা বিভাগের প্রধান ফাহমিদা খাতুন, সংলাপ ও যোগাযোগ বিভাগের পরিচালক আনিসাতুল ফাতেমা ইউসুফ প্রমুখ উপস্থিত ছিলেন।সাধারণত প্রতিবছরের জানুয়ারিতে এমন প্রতিবেদন উপস্থাপন করা হলেও এবার তা করা হয়েছে নভেম্বরের শুরুতেই। কারণ, সিপিডি মনে করে অর্থনীতির সাম্প্রতিক পরিস্থিতি এমনই যে শিগগির সেগুলো নীতিনির্ধারকদের কাছে গুরুত্বপূর্ণ আলোচ্য বিষয় হওয়া উচিত।অর্থবছরের বাকি সময়ে চারটি বিষয়কে অধিকতর আমলে নিতে হবে বলে মনে করে সিপিডি। এগুলো হচ্ছে: বিশ্ব অর্থনীতির ঘনায়মান সংকট, দেশীয় অর্থ ব্যবস্থাপনায় সেই সংকটের প্রভাব ও সুরাহা, মূল্যস্ফীতির চরিত্র, কারণ ও মুক্ত হওয়ার উপায় এবং বৈদেশিক লেনদেনের ওপর চাপ। অর্থবছর শুরুর আগেই সিপিডি আর্থিক, সামষ্টিক ভারসাম্য, প্রাতিষ্ঠানিক ও রাজনৈতিক ঝুঁকি নামে যে চারটি ঝুঁকি চিহ্নিত করেছিল, বর্তমানে তা আরও বেশি বলে উল্লেখ করেন দেবপ্রিয় ভট্টাচার্য। তিনি বলেন, এবারের মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রবৃদ্ধির হার ৭ শতাংশ অর্জন করা কঠিন হবে।দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, সংকটের শেষ নেই। উচ্চ মূল্যস্ফীতি, বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) বাস্তবায়নে ধীরগতি, বৈদেশিক আয়ের কমতি, পুঁজিবাজারে এক ধরনের ধসের পরিস্থিতি, করবহির্ভূত আয়ের নিম্নমুখিতা তো আছেই। দেবপ্রিয় বলেন, আগের মন্দা কোনোভাবে কাটিয়ে ওঠা গেলেও এরই মধ্যে বিশ্ব অর্থনীতিতে আবারও মন্দার পূর্বাভাস অর্থাৎ আবারও ধাক্কা। এই ধাক্কা সামলানোর ক্ষমতা অন্তত বাংলাদেশের কম।বৈদেশিক সাহায্য নিয়ে সরকার ব্যাপক ঝামেলার মধ্যে রয়েছে বলে উল্লেখ করেন দেবপ্রিয়। তিনি বলেন, সাহায্য ব্যবহারে সরকার অযোগ্য বা অপ্রস্তুত অবস্থায় রয়েছে। বাণিজ্যিক ভিত্তিতে ব্যক্তি খাত থেকে ঋণ নেওয়া ঠিক হচ্ছে না। অন্যদিকে পদ্মা সেতুর নির্মাণ নিয়ে অচলাবস্থা চলছে। বাজেট সহায়তা এবং লেনদেনের ভারসাম্য (বিওপি) সহায়তা বাবদ ইতিবাচক কিছু শোনা যাচ্ছে না।ব্যাংকব্যবস্থা থেকে গত ১০০ দিনে প্রতিদিন ১০ কোটি টাকা করে সরকার ঋণ নিচ্ছে বলে জানিয়ে দেবপ্রিয় বলেন, এটা আর্থিক ব্যবস্থাপনার ভালো কিছু নির্দেশ করে না। ভর্তুকি বিষয়ে দেবপ্রিয় বলেন, চলতি অর্থবছরে মোট লক্ষ্যমাত্রা ছিল ২২ হাজার ৫০০ কোটি টাকা। কিন্তু এরই মধ্যে তা বাড়িয়ে ৪৭ হাজার ৪০০ কোটি টাকা করা হয়েছে। জিডিপির ২ দশমিক ৩ থেকে বাড়িয়ে যা করা হয়েছে ৫ দশমিক ৩ শতাংশ। দ্রুত ভাড়াভিত্তিক বিদ্যুৎকেন্দ্র স্থাপন এবং জ্বালানি তেলেই দেওয়া হচ্ছে সিংহভাগ ভর্তুকি। ভর্তুকির চাপ কমাতে জ্বালানি তেলের দাম সমন্বয়ের দরকার বলে মনে করে সিপিডি। দেবপ্রিয় বলেন, জনরোষের ঝুঁকি নিয়েও অজনপ্রিয় এই সিদ্ধান্ত নিতে হতে হবে সরকারকে। দেবপ্রিয় বলেন, ভ্রান্তনীতির ভিত্তিতে পুঁজিবাজার পুনরুজ্জীবনের চেষ্টা চলছে। কেউ কেউ মনে করছেন, টাকা দিলেই বাজার চাঙা হয়ে উঠবে। কিন্তু দক্ষতা ও নজরদারির মাধ্যমে ভালোভাবে দেখভাল না করলে বাজার আবারও বিপর্যয়ের দিকে যেতে পারে। তাঁর আক্ষেপ, ‘পুঁজিবাজার তদন্ত প্রতিবেদনের সুপারিশ কোথায় যেন হারিয়ে গেল?’নতুন ব্যাংকের লাইসেন্স দেওয়ার ক্ষেত্রে বাংলাদেশ ব্যাংক মানদণ্ডের যে নীতিমালা করেছে, তা শিথিল করার বিপক্ষে সিপিডি। এ কথা জানিয়ে দেবপ্রিয় বলেন, ‘৪০০ কোটি টাকা পরিশোধিত মূলধন থাকতে হবে। তবে নমনীয় করা হলে স্পষ্ট ভাষায় জানাতে হবে, কীসের ভিত্তিতে এবং কারা এই লাইসেন্স পাচ্ছে।’ এক প্রশ্নের জবাবে দেবপ্রিয় বলেন, ভর্তুকি বিষয়ে অবিবেচনাপ্রসূত অর্থনৈতিক ব্যবস্থাপনার মধ্যে ঝুঁকে গেছে বাংলাদেশ। এ থেকে উত্তরণ দরকার।