পথচারী বিশ্বজিৎ দাসের হত্যাকাণ্ডের ঘটনায় গণমাধ্যমে যাদের ছবি এসেছে, তাদের ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার করতে পুলিশকে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। এ সময়ে গ্রেপ্তারে ব্যর্থ হলে এর কারণ ১৩ ডিসেম্বর আদালতকে জানাতে বলা হয়েছে। আজ মঙ্গলবার বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী ও বিচারপতি ফরিদ আহমেদের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এক আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন।এ হত্যাকাণ্ডে জড়িত সন্দেহভাজন ব্যক্তিরা যাতে দেশ ছেড়ে পালাতে না পারেন, তা নিশ্চিত করতে বলা হয়েছে। এ আদেশের বিষয়টি স্থলবন্দর, বিমানবন্দরসহ দেশত্যাগের বিভিন্ন পয়েন্টে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবগত করতে পুলিশের মহাপরিদর্শককে (আইজিপি) বলা হয়েছে। গত রোববার ১৮ দলীয় জোটের ডাকা অবরোধের সময় সকাল নয়টার ঠিক আগে ঢাকা জজকোর্ট এলাকা থেকে বিএনপি ও জামায়াত-সমর্থিত আইনজীবীরা একটি মিছিল বের করলে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের নেতা-কর্মীরা তাঁদের ধাওয়া করেন। এর কয়েক মিনিট পর ভিক্টোরিয়া পার্ক-সংলগ্ন একটি তেলের পাম্পের কাছে দুটি ও শাঁখারীবাজারের দিকে একটি ককটেলের বিস্ফোরণ ঘটে। একই সময় হূষিকেশ দাস লেনের বাসা থেকে বিশ্বজিৎ দাস শাঁখারীবাজারে নিজের দরজির দোকানে যাচ্ছিলেন। ককটেল বিস্ফোরণের সময় আরও অনেকের সঙ্গে তিনি ভীতসন্ত্রস্ত হয়ে পেট্রলপাম্প-সংলগ্ন একটি ভবনের দোতলায় ইনটেনসিভ ডেন্টাল কেয়ার নামের বেসরকারি ক্লিনিকে আশ্রয় নেন। পিছু পিছু ছাত্রলীগের কয়েকজন কর্মীও যান সেখানে। ওপরে উঠেই বিশ্বজিৎকে চাপাতি দিয়ে কোপাতে থাকেন ছাত্রলীগের কর্মী শাকিল। তাঁর সঙ্গে ছিলেন ওবাইদুল কাদের। প্রাণ বাঁচাতে দৌড়ে নিচে চলে এলে সেখানে নূরে আলম, মাহফুজুর রহমান, ইমদাদুল হকসহ ছাত্রলীগের কর্মী ১০-১২ জন কর্মী রড-লাঠি দিয়ে বিশ্বজিৎকে বেধড়ক পেটান।পথচারীদের কেউ কেউ বিশ্বজিৎকে পাশের ন্যাশনাল হাসপাতালে নেওয়ার চেষ্টা করলে তাতেও বাধা দেন ছাত্রলীগের কর্মীরা। এরপর বিশ্বজিৎ প্রাণ বাঁচাতে আবার দৌড়ে শাঁখারীবাজারের একটি গলিতে যান এবং সেখানেই ঢলে পড়েন। পরে বিশ্বজিৎকে মিটফোর্ড হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কিছুক্ষণ পর মারা যান তিনি।এ ঘটনায় বিশ্বজিতের পরিবারকে ক্ষতিপূরণ এবং দোষী ব্যক্তিদের গ্রেপ্তারের নির্দেশনা চেয়ে ‘সাপ্তাহিক সপ্তবর্ণ’ পত্রিকার সম্পাদক নাজিম আহমেদ হাইকোর্টে ফৌজদারি কার্যবিধি অনুযায়ী একটি আবেদন করেন। আবেদনের ওপর আদালতে অংশ নেন আইনজীবী ইউনূস আলী আকন্দ। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল অমিত তালুকদার। শুনানি নিয়ে আদালত রুল জারি করেন। সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, এ হত্যাকাণ্ড নিয়ে গণমাধ্যমে যেসব সন্দেহভাজন ব্যক্তির ছবি এসেছে, তাদের গ্রেপ্তারে কেন নির্দেশ দেওয়া হবে না, তা রুলে জানতে চাওয়া হয়েছে। স্বরাষ্ট্রসচিব, পুলিশের মহাপরিদর্শক, র্যাবের মহাপরিচালক, ডিআইজি (ঢাকা রেঞ্জ), ডিসি ঢাকা, ঢাকা মহানগর পুলিশ কমিশনারসহ নয় বিবাদীকে দুই সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে।