জন কার্টারের জন্য ডিজনির ক্ষতি ২০০ মিলিয়ন!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হলিউডের ইতিহাসে অন্যতম ফ্লপ ছবির রেকর্ড গড়তে যাচ্ছে সদ্য মুক্তিপ্রাপ্ত মার্কিন সায়েন্স ফিকশন ছবি ‘জন কার্টার’। সাড়ে ৩০০ মিলিয়ন ডলার বাজেটের ছবিটি ২০০ মিলিয়ন ডলার ক্ষতির মুখে পড়তে যাচ্ছে বলে আশঙ্কা করছে ছবিটির পরিবেশক সংস্থা ওয়াল্ট ডিজনি।‘জন কার্টার’ ছবি বানাতে খরচ হয়েছে ২৫০ মিলিয়ন ডলার। আর এর প্রচারের পেছনে ওয়াল্ট ডিজনি ব্যয় করেছে আরও ১০০ মিলিয়ন ডলার। সব মিলিয়ে এর বাজেট সাড়ে ৩০০ মিলিয়ন ডলার। কিন্তু মুক্তি পাওয়ার পর পরই ছবিটি মুখ থুবড়ে পড়েছে বক্স অফিসে।এ প্রসঙ্গে বিবিসি ফাইভ লাইভ রেডিও চ্যানেলকে দেওয়া এক সাক্ষাত্কারে বাফটার সদস্য ও ব্রিটিশ চলচ্চিত্র-সমালোচক মার্ক কারমোড বলেছেন, ‘ছবির গল্প যেভাবে বর্ণিত হয়েছে, তা সাধারণ দর্শকদের বুঝতে সমস্যা হচ্ছে। গল্পটাকে আরও সহজভাবে তুলে ধরা উচিত ছিল। আর ছবির চরিত্র-চিত্রণ রীতিমতো হাস্যকর। ছবিটির ব্যাপ্তি সোয়া দুই ঘণ্টা, যার পুরোটাই একঘেয়েমিতে ভরা। কাহিনিতে কোনো গতি নেই এবং এতে আনন্দের কোনো উপাদানও নেই।’‘টারজান’খ্যাত প্রখ্যাত মার্কিন লেখক এডগার রাইস বারোজের ‘এ প্রিন্সেস অব মার্স’ বই অবলম্বনে নির্মিত হয়েছে ‘জন কার্টার’। এর পরিচালক ‘ফাইন্ডিং নিমো’ ও ‘ওয়াল ই’খ্যাত মার্কিন চিত্রনির্মাতা অ্যান্ড্রু স্ট্যানটোন। ভালো গল্প ও ভালো নির্মাতা সত্ত্বেও ছবিটি সাফল্যের মুখ দেখতে ব্যর্থ হওয়ার বিষয়টি বিস্ময়করই বটে।