জনগণ আন্দোলন করে সরকারকে ক্ষমতাচ্যুত করবে: দেলোয়ার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন সরকারের বিরুদ্ধে দেশ ও জনস্বার্থবিরোধী কাজ করার অভিযোগ এনে পদত্যাগ করার আহ্বান জানিয়েছেন। বিএনপির ৩২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দলটির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরে আজ বুধবার ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর পর তিনি এ কথা বলেন।খোন্দকার দেলোয়ার বলেন, জনবিরোধী ও দেশবিরোধী কর্মকাণ্ডের কারণে জনগণ আন্দোলন করে সরকারকে ক্ষমতাচ্যুত করবে। তিনি বলেন, সরকার দেশের স্বার্থবিরোধী যেসব চুক্তি করেছে, বিএনপি তার বিরোধিতা করে আসছে। তিনি ‘সরকারের নীল নকশা’ নস্যাত্ করতে দলের নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।বিএনপির মহাসচিব বলেন, বিএনপি যখন ক্ষমতায় ছিল, আওয়ামী লীগ তখন দেশ শাসনে নানাভাবে প্রতিবন্ধকতা তৈরি করেছে। কিন্তু বিএনপি এখন শুধু সরকারের দেশবিরোধী কর্মকাণ্ডের বিরোধিতা করছে বলে তিনি মন্তব্য করেন।জিয়াউর রহমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তাঁর বোন শেখ রেহানাকে দেশে ফিরতে বাধা দিয়েছিলেন বলে প্রধানমন্ত্রী সম্প্রতি যে অভিযোগ করেছেন, সে প্রসঙ্গে বিএনপির মহাসচিব বলেন, জিয়াউর রহমানই আওয়ামী লীগের নেতাদের আবার রাজনীতি করার সুযোগ দিয়েছিলেন। সরকার বিএনপিকে ধ্বংস করার ষড়যন্ত্র করছে অভিযোগ করে তিনি বলেন, খালেদা জিয়ার নেতৃত্বে বিএনপি এগুলো মোকাবিলা করবে। তিনি জিয়াউর রহমানের বহুদলীয় গণতন্ত্রের আদর্শ প্রতিষ্ঠা ও স্বনির্ভর বাংলাদেশ গড়তে নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানান।বিএনপির জ্যেষ্ঠ নেতা ও সহযোগী সংগঠনের নেতারা জিয়ার কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি গতকাল মঙ্গলবার থেকে সপ্তাহব্যাপী অনুষ্ঠানের আয়োজন করেছে। ইউএনবি