জনগণ আর হাওয়া ভবনের দৌরাত্ম্য চায় না
পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি বলেছেন, এ দেশের জনগণ আর হাওয়া ভবন-খোয়াব ভবনের দৌরাত্ম্য চায় না। অন্ধকারের অপশক্তিকে ক্ষমতায় দেখতে চায় না বলেই আগামী নির্বাচনে আবারও শেখ হাসিনার সরকার দরকার। আজ বুধবার যুবলীগের চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরীর সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন দীপু মনি। চট্টগ্রামের লালদীঘি ময়দানের এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।দীপু মনি বলেন, ‘আমরা আর কোনো দিন নারীর অধিকার হরণ দেখতে চাই না। আর কখনো যুদ্ধাপরাধীদের রাষ্ট্র ক্ষমতায় দেখতে চাই না। আর কোনো ২১ আগস্ট চাই না।’ যুবলীগের চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরীকে একজন সৃষ্টিশীল রাজনীতিবিদ উল্লেখ করে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমাদের যুবসমাজকে নিয়ে অনেক সময় অনেক হতাশার কথা শোনা যায়। কিন্তু ওমর ফারুক এমন একজন রাজনীতিবিদ, যিনি সৃষ্টিশীল এবং নেতা-কর্মীদের মধ্যে আশাবাদ সৃষ্টি করতে সক্ষম।’ পরিবেশ ও বনমন্ত্রী হাছান মাহমুদ বলেন, দেশের মানুষকে সিদ্ধান্ত নিতে হবে, আবারও আলীবাবার চেয়ে বড় চোর সাত সাগর তের নদী পাড়ি দিয়ে দেশে হাওয়া ভবন খুলে বসবে কি না? দেশে একসঙ্গে ৫০০ বোমা ফুটবে কি না? হাছান মাহমুদ বলেন, ‘খালেদা জিয়ার আলোচনার মানসিকতা নেই। তাঁর আছে গাড়ি ভাঙচুর, অগ্নিসংযোগ আর গোলাম আযম-সাঈদীদের রক্ষার মানসিকতা। তিনি জাতিকে হতাশ করছেন। আমাদের কথা পরিষ্কার—আগামী নির্বাচন হবে সংবিধানের আলোকে। বাংলাদেশের ইতিহাসে এ পর্যন্ত পাঁচ হাজার নির্বাচন হয়েছে। এ সরকারের আমলেই সব নির্বাচন সুষ্ঠু হয়েছে।’ চট্টগ্রাম মহানগর, উত্তর ও দক্ষিণ জেলা যুবলীগ যৌথভাবে এ সংবর্ধনার আয়োজন করে। চট্টগ্রাম মহানগর যুবলীগের সভাপতি চন্দন ধরের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য দেন যুবলীগের চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরী, সাধারণ সম্পাদক হারুনুর রশিদ, চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সভাপতি এ বি এম মহিউদ্দিন চৌধুরী, সাংসদ নুরুল ইসলাম, শামসুল হক চৌধুরী, চট্টগ্রাম মহানগর যুবলীগের সাধারণ সম্পাদক মশিউর রহমান, উত্তর জেলা সাধারণ সম্পাদক শফিউল আজম, দক্ষিণ জেলা সাধারণ সম্পাদক আ ম ম টিপু সুলতান, কেন্দ্রীয় যুবলীগের সাংগঠনিক সম্পাদক বদিউল আলম, হেলাল আকবর চৌধুরী বাবর প্রমুখ। ওমর ফারুক চৌধুরী বলেন, ‘জনগণের ক্ষমতায়নের দর্শনচর্চার জন্য যুবলীগের চেয়ারম্যান হয়েছি। জেনারেল জিয়া এ দেশের রাজনীতিকে যে পঙ্কিল পথে নিয়ে গিয়েছিলেন, সেখান থেকে শেখ হাসিনাই এ দেশের রাজনীতিকে গণমুখী করেছেন। আমরা মানুষে মানুষে বৈষম্য অবসান করতে রাজনীতিতে এসেছি। কেউ টেন্ডারবাজ, চাঁদাবাজ কিংবা ভূমিদস্যু হতে রাজনীতিতে আসিনি। আজ রাজনীতি আর রাজনীতিবিদদের কলুষিত করা হচ্ছে। দেশে জনগণের ক্ষমতায়ন নিশ্চিত হলেই রাজনীতি দুর্বৃত্তায়নের ধারা থেকে বেরিয়ে আসবে। দুর্নীতি বন্ধ হবে এবং অনির্বাচিত স্বৈরশাসনের পথ রুদ্ধ হবে।’ সমাবেশে যোগ দিতে দক্ষিণের কক্সবাজার, বাঁশখালী, চন্দনাইশ, পটিয়া এবং উত্তরের বিভিন্ন উপজেলা থেকে যুবলীগের নেতা-কর্মীরা বাস ট্রাক নিয়ে জনসভায় যোগ দেন। মাঠে হাতাহাতি: সংবর্ধনা সভা চলাকালে মাঠের উত্তর পাশে যুবলীগ কর্মীরা হাতাহাতিতে জড়িয়ে পড়েন। একপর্যায়ে এক পক্ষ অন্য পক্ষকে লক্ষ্য করে চেয়ার ছুঁড়ে মারে। সংঘর্ষে জড়িতরা সবাই আওয়ামী লীগ নেতা আ জ ম নাছির উদ্দিনের অনুসারী বলে জানা গেছে। সংঘর্ষে শাহেদ নামের এক কর্মী আহত হন।