জনগণ এই সরকারের অধীনে নির্বাচন মেনে নেবে না
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, জনগণ এই সরকারের অধীনে সংসদ নির্বাচন মেনে নেবে না। বাংলার মানুষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে আগামী সংসদ নির্বাচন দিতে মহাজোট সরকারকে বাধ্য করবে। আজ সোমবার নাটোরে সদ্য কারামুক্ত বিএনপির কেন্দ্রীয় কমিটির স্বনির্ভরবিষয়ক সম্পাদক এম রুহুল কুদ্দুস তালুকদারের গণসংবর্ধনায় প্রধান অতিথির বক্তব্যে মির্জা ফখরুল এসব কথা বলেন। বিকেলে নাটোর নবাব সিরাজউদ্দৌলা সরকারি কলেজ মাঠে জেলা বিএনপি আয়োজিত এই গণসংবর্ধনায় সভাপতিত্ব করেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক আমিনুল হক। বিশেষ অতিথির বক্তব্য দেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা এবং সাবেক যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ফজলুর রহমান। গণসংবর্ধনায় মির্জা ফখরুল আরও বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আহ্বানে সাড়া দিয়ে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে এই সরকারের বিরুদ্ধে দুর্বার গণআন্দোলন গড়ে তুলতে হবে।এর আগে মোটরসাইকেলের একটি বিশাল বহর নিয়ে নাটোরের বিএনপির নেতা-কর্মীরা জেলার সীমান্ত এলাকা কাছিকাটা টোলপ্লাজা থেকে শুভেচ্ছা জানিয়ে বিএনপির নেতাদের নিয়ে আসেন। এ সময় বড়াইগ্রাম ও বনপাড়া মোড়ে আয়োজিত পথসভায় বক্তব্য দেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও এম রুহুল কুদ্দুস তালুকদার।