জনগণ ও শ্রমিকের অবাধ চলাচলের আহ্বান হাসিনার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিজেদের মধ্যে সেতুবন্ধ গড়ে তোলার মাধ্যমে দক্ষিণ এশিয়ার পুরো সম্ভাবনাকে কাজে লাগানোর এটাই যথার্থ সময়। আর দক্ষিণ এশিয়ার জনগণের ভাগ্যোন্নয়নে যোগাযোগ, বাণিজ্য ও অর্থনৈতিক খাতে সহযোগিতার পাশাপাশি গণতন্ত্র এবং সুশাসন নিশ্চিত করার ওপর জোর দিতে হবে। এ উপলব্ধি আর প্রত্যয়ের মধ্য দিয়ে গতকাল বৃহস্পতিবার মালদ্বীপের আদ্দু সিটির ইকুয়েটরিয়াল কনভেনশন সেন্টারে শুরু হয়েছে দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থার (সার্ক) সপ্তদশ শীর্ষ সম্মেলন। উদ্বোধনী অধিবেশনে দেওয়া বক্তব্যে দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে সম্পর্কের ‘সেতুবন্ধ’ অর্থবহ করে তুলতে বিধিনিষেধ শিথিল করে জনগণ ও শ্রমিকের অবাধ চলাচলের প্রস্তাব দিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। উদ্বোধনী অধিবেশনে দক্ষিণ এশিয়ার সব নেতাই বলেন, বিশ্বে অর্থনৈতিক শক্তি হিসেবে আবির্ভূত হওয়ার সম্ভাবনাকে বাস্তবে রূপ দিতে সার্ক সদস্যদেশগুলোকে তাদের প্রয়াস জোরদার করতে হবে। দক্ষিণ এশিয়ার যে সম্ভাবনা, তাকে বাস্তবে রূপ দিতে অর্থনৈতিক সমন্বয় ও যোগাযোগব্যবস্থার সম্প্রসারণ এবং আন্তবাণিজ্যের সম্প্রসারণ ঘটাতে হবে। সার্কের বিদায়ী চেয়ারপারসন ভুটানের বিদায়ী প্রধানমন্ত্রী জিগমে ওয়াই থিনলে শীর্ষ সম্মেলনের উদ্বোধন করেন। এরপর তিনি মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ নাশিদের কাছে দায়িত্ব হস্তান্তর করেন। মোহাম্মদ নাশিদ আগামী এক বছরের জন্য সার্কের সভাপতি থাকবেন।বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁর বক্তৃতায় অভিমত প্রকাশ করেন, একই কৃষ্টি ও সংস্কৃতির ধারক এই অঞ্চলের দেশগুলো একটি পরিবারের মতো। তাই এখানে জনগণের অবাধ চলাচল প্রয়োজন। তিনি বিশ্বের অন্যতম জনশক্তি রপ্তানিকারক অঞ্চল হিসেবে শ্রমিকের স্বার্থ সুরক্ষায় সার্ক দেশগুলোর মধ্যে সহযোগিতা গড়ে তোলার আগ্রহ প্রকাশ করেন। এর পাশাপাশি হাসিনা পানিসম্পদের ব্যবস্থাপনা এবং সমন্বিত উন্নয়নের লক্ষ্যে গঙ্গা ও ব্রহ্মপুত্র অববাহিকার নদীগুলো নিয়ে প্রাতিষ্ঠানিক সহযোগিতা গড়ে তোলার প্রস্তাব দেন।শেখ হাসিনা তাঁর বক্তৃতায় যোগাযোগব্যবস্থা সম্প্রসারণ, বাণিজ্য বাড়াতে একে অন্যের জন্য নিজেদের বাজার সম্প্রসারণ, পর্যটনের বিকাশ, সন্ত্রাসবাদ দমন ও জলবায়ু পরিবর্তন এবং খাদ্যনিরাপত্তা বিষয়ে সহযোগিতা বাড়ানোর কথা বলেন। পানিসম্পদ খাতে সহযোগিতা প্রসঙ্গে বাংলাদেশের প্রধানমন্ত্রী বলেন, ‘হিমালয়ের পূর্বাঞ্চলে যেসব অভিন্ন নদী আছে, এর পানিসম্পদ নিয়ে আমাদের মধ্যে সহযোগিতা গড়ে তোলাটা জরুরি। এ ব্যাপারে বাংলাদেশ বিভিন্ন দেশের সঙ্গে দ্বিপক্ষীয় উদ্যোগ নিলেও আমরা গঙ্গা ও ব্রহ্মপুত্র নদের অববাহিকায় প্রাতিষ্ঠানিক সহযোগিতার প্রস্তাব করছি।’শেখ হাসিনা দক্ষিণ এশিয়ায় বাণিজ্য সম্প্রসারণের লক্ষ্যে খুব দ্রুত সমন্বিত উপায়ে এক দেশের জন্য অন্য দেশের বাজার উন্মুক্ত করার ওপর জোর দেন। শুল্ক ও অশুল্ক বাধা দূর করারও তাগিদ দেন তিনি।আঞ্চলিক উন্নয়নে যোগাযোগব্যবস্থা সম্প্রসারণের ওপর জোর দেন শেখ হাসিনা। তিনি সার্ক আঞ্চলিক রেল চুক্তি বাস্তবায়নের অবশিষ্ট কাজ শেষ করে যত দ্রুত সম্ভব রেল চুক্তি চূড়ান্ত করতে সবাইকে উৎসাহ দেন।জলবায়ু পরিবর্তনে এই অঞ্চলের দেশগুলো ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে উল্লেখ করে শেখ হাসিনা ঝুঁকি মোকাবিলায় মৌসুমি বায়ু, পর্বত, সামুদ্রিক ও উপকূলীয় অঞ্চলবিষয়ক কনভেনশনগুলো দ্রুত বাস্তবায়নের তাগিদ দেন। গত সার্ক শীর্ষ সম্মেলনে বাংলাদেশের দেওয়া প্রস্তাব অনুযায়ী এবার সার্ক বীজ ভান্ডারের চুক্তি সই হতে যাচ্ছে বলে সন্তোষ প্রকাশ করেন তিনি। অন্যদিকে খাদ্যনিরাপত্তা নিশ্চিত করতে সার্ক শস্যভান্ডার গড়ে তোলার সিদ্ধান্ত পুরোপুরি কার্যকর না হওয়ায় এর সমালোচনা করেন। প্রসঙ্গত, সার্ক শস্যভান্ডার চালু হলেও শস্যের দাম কী হারে হবে এবং কোন সময় ওই মজুদ ব্যবহার করা যাবে, মৌলিক এ দুটি বিষয়ের সুরাহা না হওয়ায় ভান্ডারটি ব্যবহারের সুযোগ পাচ্ছে না সদস্যদেশগুলো।দারিদ্র্য ও সন্ত্রাসবাদ নির্মূলের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন শেখ হাসিনা। সার্ককে আরও গতিশীল করতে তিনি পর্যবেক্ষক দেশগুলোর ভূমিকা বাড়ানোর ওপর জোর দেন।ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং তাঁর বক্তব্যে বলেন, ‘আমাদের এমন এক পরিবেশ সৃষ্টি করতে হবে যাতে করে এখানকার সম্পদ এ অঞ্চলেই বিনিয়োগ করা যায়। তা হলেই এ অঞ্চলে সীমারেখার গণ্ডি পেরিয়ে একটি অভিন্ন অর্থনীতি গড়ার স্বপ্ন বাস্তবায়িত হবে।’মনমোহন সিং যোগাযোগব্যবস্থা সম্প্রসারণের লক্ষ্যে দ্রুত আঞ্চলিক রেল ও মোটরযান চুক্তি চূড়ান্ত করার পাশাপাশি টেলিযোগাযোগ সম্প্রসারণের জন্য কলচার্জ কমানোর ওপর জোর দেন। পারস্পরিক বিশ্বাসের প্রয়োজনীয়তাও তুলে ধরেন তিনি।মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ নাশিদ বলেন, ‘অনেক দিন ধরেই নেপথ্যে থেকেছে দক্ষিণ এশিয়া। কিন্তু সারা বিশ্বের দৃষ্টি এখন আমাদের দিকে। কাজেই আমাদের নিজেদের যে সম্ভাবনা আছে, তা কাজে লাগাতে হবে।’পাকিস্তানের প্রধানমন্ত্রী ইউসুফ রাজা গিলানি বলেন, ‘আর্থ-সামাজিক বৈষম্য, দারিদ্র্য বিমোচন, খাদ্যনিরাপত্তা, নারীর ক্ষমতায়নসহ বিভিন্ন বিষয়ে এগোতে হলে আমাদের সমন্বিতভাবে উদ্যোগ নিতে হবে।’উদ্বোধনী অধিবেশনে আফগানিস্তানের প্রেসিডেন্ট হামিদ কারজাই, নেপালের প্রধানমন্ত্রী বাবুরাম ভট্টরাই, শ্রীলঙ্কার প্রেসিডেন্ট মাহিন্দা রাজাপক্ষে এবং সার্কের মহাসচিব ফাতিমাত দিয়ানা সায়িদও বক্তব্য দেন।আজ শুক্রবার সকালে সার্কের শীর্ষনেতারা ভিলিংগিলি দ্বীপের সাংরিলা রিসোর্টে যাবেন। বিকেলে তাঁরা ইকুইটোরিয়াল কনভেনশন সেন্টারে সম্মেলনের সমাপনী অধিবেশনে যোগ দেবেন এবং মালে ঘোষণা গ্রহণ করবেন। পরে তাঁরা সদস্যদেশগুলোর স্মারক ভাস্কর্য উন্মোচন করবেন।এবারের সার্ক সম্মেলনে সদস্যদেশগুলোর মধ্যে ভৌত যোগাযোগ বৃদ্ধি, পর্যটনশিল্পের উন্নয়ন, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা, কৃষি উৎপাদন বৃদ্ধি, খাদ্যনিরাপত্তা ও সন্ত্রাসবাদ মোকাবিলার বিষয়গুলো গুরুত্ব পাচ্ছে।মালদ্বীপে এর আগে দুবার সার্ক শীর্ষ সম্মেলন হলেও এবারই প্রথম রাজধানী মালের বাইরের একটি দ্বীপে এর আয়োজন করা হয়েছে।