জনগণ ও সংবিধান: সাংবিধানিক প্রতিষ্ঠানমূহের ভূমিকা
৬ ডিসেম্বর প্রথম আলো কারওয়ান বাজার কার্যালয়ের সভাকক্ষে ‘আমরা জানতে চাই, জনগণ ও সংবিধান: সাংবিধানিক প্রতিষ্ঠান সমূহের ভূমিকা’ শীর্ষক আলোচনার আয়োজন করে তরুণদের স্বেচ্ছাসেবী সংগঠন জাগরী। বৈঠকে অংশগ্রহণকারী বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের তরুণ শিক্ষক, পেশাজীবী ও শিক্ষার্থীদের প্রশ্নের উত্তর দেন আইনজ্ঞরা। এতে অংশ নেন সংবিধান বিশেষজ্ঞ ড. কামাল হোসন, বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী রোকনউদ্দিন মাহমুদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইনের অধ্যাপক ড.আসিফ নজরুল, প্রথম আলোর সহযোগী সম্পাদক মিজানুর রহমান খান।এতে জাগরীর সদস্য মৃদুল চৌধুরী,ডালিয়া দাস,তাহমিনা খানম,রুশদ ফরিদী,তৌফিকুর রহমান প্রমূখ আলোচনা ও প্রশ্নোত্তর পর্বে অংশ নেন । বৈঠকের সঞ্চালক ছিলেন প্রথম আলোর যুগ্ম সম্পাদক আব্দুল কাইয়ুম এবং সমন্বয়কারী ছিলেন জাগরীর প্রতিষ্ঠাতা সদস্য বিধান চন্দ্র পাল। তাঁদের বক্তব্য ও প্রশ্নোত্তর পর্ব সংক্ষিপ্ত আকারে ছাপা হলো:আব্দুল কাইয়ুমসাংবিধানিক প্রতিষ্ঠানগুলো আসলে তাদের ভূমিকা যথাযথভাবে পালন করছে কি না, এর মধ্য দিয়ে আমাদের গণতন্ত্র কতটুকু অগ্রসর হচ্ছে বা বাধাগ্রস্ত হচ্ছে। কীভাবে আরও এগিয়ে যাওয়া সম্ভব—এ বিষয়গুলো নিয়ে আজকের আলোচনা। আলোচনার শুরুতে বিশেষজ্ঞদের সংক্ষিপ্ত মতামত দেওয়ার জন্য অনুরোধ করছি।মিজানুর রহমান খানসাংবিধানিক প্রতিষ্ঠানগুলোর সব নির্বাহী ক্ষমতা আসলে প্রধানমন্ত্রীর কাছেই সাংবিধানিকভাবে দেওয়া আছে। আসলে প্রধানমন্ত্রী বাস্তবে ও আইনগতভাবে এই সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকেও নিয়ন্ত্রণ করতে পারছেন। এটি একটি বড় গলদ। এই গলদের মধ্যে দিয়ে দীর্ঘ সময় অর্থাৎ চার দশক চলে গেছে—যে স্বায়ত্তশাসনের দাবি নিয়ে বাংলাদেশ নামের রাষ্ট্র গঠিত হয়েছিল। কিন্তু বাংলাদেশ হওয়ার পর সেই স্বায়ত্তশাসন শব্দের প্রতি তার খুব বেশি সংবেদনশীলতা বা বাঁকা চোখে দেখল। সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো মানেই তাকে স্বায়ত্তশাসনের অনুশীলন করতে দেওয়া। কিন্তু সে ক্ষেত্রে নির্বাহী বিভাগকে যথেষ্ট রক্ষণশীল ভূমিকা পালন করতে দেখেছি। সেটি যেমন সুপ্রিম কোর্টের বেলায় সত্য, তেমনি অন্যান্য প্রতিষ্ঠানের বেলায়ও। যখন আমাদের সংবিধান তৈরি করা হয়, তখন সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো যেমন নির্বাচন কমিশন ও সরকারি কর্ম কমিশন, মহা হিসাব নিরীক্ষক, ন্যায় পাল, এখানে যারা সাংবিধানিক পদধারী আছেন, তাঁদের নিয়োগের ক্ষেত্রে এদের নিয়োগ-প্রক্রিয়া এমনভাবে হবে, যেখানে নির্বাহী বিভাগের বা নির্বাহী প্রধানের কর্তৃত্ব থাকবে না। কিন্তু আমাদের এসব নিয়োগের ক্ষেত্রে দেখেছি নির্বাহী বিভাগের যথেষ্ট প্রাধান্য, নির্বাহী বিভাগের প্রধানের কর্তৃত্ব দেখি। এসব কারণেই সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো তার যথাযথ ভূমিকা পালন করতে পারে না। যেমন—বিচারক নিয়োগের একটা বিধান আছে, আইনের দ্বারা অন্যান্য যোগ্যতা নির্ধারণ করার কথা বলা আছে। একদিন ড. কামাল হোসেন বলেছিলেন, সংবিধানের যেখানে লেখা আছে নির্দিষ্টভাবে সংসদ আইনের দ্বারা করবে, সেখানে অ্যাক্ট অব পার্লামেন্ট লাগবে। কিন্তু যেখানে শুধু আইন কথাটি বলা আছে সেখানে অ্যাক্ট অব পার্লামেন্ট দিয়েই আইন করতে হবে এমন কথা নেই। এটি যদি সত্য হয়, তাহলে আমরা দেখি, নির্বাহী বিভাগ বা সংসদ এই আইনগুলো করতে চায়নি। যেমন—নির্বাচন কমিশন নিয়োগের ক্ষেত্রে বলা আছে, কোন আইনে বিধানাবলি সাপেক্ষে নির্বাচন কমিশনার নিয়োগ করতে হবে। চার দশক কেটে গেলেও আমরা এ আইনটি করিনি। কারণ, নির্বাহী প্রধানের হাতে যে ক্ষমতা রয়েছে, তা কেউই হাতছাড়া করতে চাননি। যেমন— পাবলিক সার্ভিস কমিশনে বলা আছে যে কমিশনারদের সংখ্যা আইনের দ্বারা যে রূপ নির্ধারিত করা হবে। সেখানে আমাদের সংসদ আলাপ-আলোচনার মাধ্যমে কী হবে, প্রয়োজনের তুলনায় কমিশনার সংখ্যাও কীভাবে নিয়োগ করলে তাকে স্বাধীন করা যায়, তা আলোচনা করা হয়নি।ন্যায়পালের ক্ষেত্রে বলা আছে, সংসদ আইনের দ্বারা ন্যায়পাল প্রতিষ্ঠা করা হবে। সেখানে এরশাদ আমলে একটি আইন হলেও তার প্রয়োগ ও কার্যকারিতা এখনো হয়নি। স্থানীয় সরকারের ক্ষেত্রে সংবিধানে ৫৯ ও ৬০ অনুচ্ছেদে এ দুটি অনন্য সংযোজন, কারণ তখনও আমাদের উপমহাদেশে এ ধরনের বিধান ছিল না। যেহেতু আমাদের ফেডারেল কাঠামো করা হয়নি, সে ক্ষেত্রে তার ফ্লেভারটা কিংবা লিটল রিপাবলিকের যে ধারণা পাই, সে জন্য সংবিধানপ্রণেতা এটি করেছিলেন। কিন্তু চতুর্থ সংশোধনের পর ১৫-১৬ বছর এটি যে লুপ্ত ছিল, তা আমাদের রাজনীতিবিদেরা মনেই রাখেননি। আবার দ্বাদশ সংশোধনীতে এ দুটি অনুচ্ছেদ ফিরে আসার পর দেড় দশক পার হলো সেখানেও এর তেমন কোনো ভূমিকা ছিল না। আজকে উপজেলা পরিষদ সৃষ্টি করা হয়েছে। সুপ্রিম কোর্ট ১৯৯২ সালে রায় দিয়েছিল, সেই রায় কিন্তু এখনো কার্যকর হয়নি। আমাদের আইন মানা না-মানার সংস্কৃতি, তা বদলাতে হবে। শুধু সরকার একা দায়ী, তা কিন্তু নয়। যেমন হাইকোর্টের রায় নিম্ন আদালত ক্ষেত্রবিশেষে অনুসরন করছেনা। আমাদের আইনের কিংবা কাঠামোগত অভাব রয়েছে, তা কিন্তু নয়। যেমন বাংলাদেশে মন্ত্রণালয়ভিত্তিক সংসদীয় কমিটি করা হয় তা একটি অনন্য উদাহরণ। ব্রিটেনের পার্লামেন্ট মন্ত্রণালয়ভিত্তিক ডিপার্টমেন্টাল কমিটি করেছিল ১৯৭৯ সালে। সেখানে আমরা করেছিলাম ১৯৭২ সালে।ভারতীয় পার্লামেন্ট বলেছে, তারা মন্ত্রণালয়ভিত্তিক সংসদীয় স্থায়ী কমিটি চালু করবে। তাদের বিশেষজ্ঞরা বলছে, ভারতীয় ইতিহাসে এটি রেড লেটার ডে। আমরা কিন্তু সেই রেড লেটার ডে ১৯৭২ সালের ৪ নভেম্বরই করেছিলাম। আমাদের পরে করেও ব্রিটেন ও ভারতের এ স্থায়ী কমিটিগুলো অনেক এগিয়ে গেলেও আমাদের সংসদীয় কমিটিগুলো যথাযথ ভূমিকা পালন করতে পারছে না।আসিফ নজরুলবাংলাদেশে কোনো মানুষ যদি না খেয়ে মারা যায়, তার সরকারের বিরুদ্ধে মামলা করার কোনো অধিকার নেই। কিন্তু কেউ যদি কথা বলতে না পারে, সে ক্ষেত্রে মামলা করতে পারে। জনগণের সঙ্গে রাষ্ট্রের সম্পর্ক আসলে সংবিধান কীভাবে দেখেছে। যখন আমাদের সংবিধান প্রণয়ন করা হয়, তখন খুব সংগত বলা হয়েছিল, নাগরিকদের যে রাজনৈতিক ও নাগরিক অধিকার আছে, তা আদালতে বলবৎযোগ্য। আজকে বাংলাদেশের যে অবস্থায় দাঁড়িয়েছে, এই নাগরিক ও রাজনৈতিক অধিকারগুলো সীমাবদ্ধ হয়ে পড়েছে অল্প কিছুসংখ্যক মানুষের মধ্যে। বাহাত্তরে সংবিধান চায়নি, মৌলিক অধিকারসংক্রান্ত মামলা শোনার অধিকার শুধু হাইকোর্টের থাকবে। তারা চেয়েছিল, অন্যান্য অদালতও আইন দ্বারা এই মৌলিক অধিকারসংক্রান্ত মামলা শোনা যাবে। আজকে যদি রিট শোনার অধিকার বরগুনা কিংবা রাঙামাটির জেলা জজের থাকত তবে অনেক বেশি মানুষ এই মৌলিক অধিকারগুলো প্রয়োগ করতে পারত। এ ক্ষেত্রে কোনো সরকারই আইন দ্বারা জেলা আদালতগুলোকে মৌলিক অধিকারসংক্রান্ত অভিযোগ শোনার কোনো ক্ষমতা দেয়নি। না খেয়ে যদি কেউ মারা যায়, তাহলে আমরা আদালতে যেতে পারি না। সেটি ৭২ সালে সংবিধানে করা হয়েছিল বাস্তব কারণে। কারণ, তখন আমাদের সম্পদ সীমাবদ্ধ ছিল। কিন্তু এরপর পৃথিবী অনেক এগিয়েছে। নব্বই-পরবর্তী আমাদের মতো অনেক গরিব দেশে যাদের সংবিধান প্রণয়ন করা হয়েছে, সেখানে উল্লেখ করা হয়েছে ‘রাইট টু ফুড’বা খাদ্যের অধিকার । স্বাভাবিক জীবন যাপনে অধিকারগুলো একটি মানুষের মৌলিক মানবাধিকার। এটি ক্ষুণ্ন্ন হলে সে আদালতের কাছে যেতে পারবে। যেমন বলিভিয়া, ইকুয়েডর, হাইতি, গায়ানার মতো দেশগুলোয় এ অধিকার রক্ষার কথা বলা আছে। যেমন দক্ষিণ আফ্রিকার একটি মানুষের স্বাভাবিক জীবন যাপনের অন্ন, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা ও শিক্ষার অধিকারকে মৌলিক মানবাধিকার হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে। সেখানে এও বলা আছে, সর্বোচ্চ আদালতে যেকোনো নাগরিক এ-সংক্রান্ত অভিযোগ নিয়ে যেতে পারবে। তবে সরকার এগুলো দিতে বাধ্য থাকবে, তা কিন্তু সেখানে বলা হয়নি। সরকার যখন তার সম্পদ বণ্টন করবে, তখন তাকে অবশ্যই সুষম বণ্টন করতে হবে। কোনো প্রকার বৈষম্য করতে পারবে না। এ ক্ষেত্রে সরকারের যেকোনো পদক্ষেপই চ্যালেঞ্জ করার অধিকার নাগরিকের আছে। যেমন ২০০২ সালে দক্ষিণ আফ্রিকার উচ্চ আদালতে মামলা হয়েছিল তা এইডসের প্রতিষেধক সর্বত্র পৌঁছাতে ব্যর্থ হয়েছিল। সরকার বলেছিল, তাদের সম্পদের সীমাবদ্ধতার কথা। কিন্তু উচ্চ আদালত নির্দেশ দিয়েছিল, সরকার অন্য খাতের ব্যয় কমিয়ে এইডসের প্রতিষেধক সারা দেশে পৌঁছানোর জন্য।জনগণের মৌলিক অধিকার নিশ্চিত করতে না পারলেও অন্তত শিশুদের মৌলিক অধিকার নিশ্চিত করার দায়িত্ব নেওয়া উচিত সরকারের। পঙ্গু, মুক্তিযোদ্ধা, শারীরিক প্রতিবন্ধী ও শিশুদের মৌলিক অধিকারকে সাংবিধানিক স্বীকৃতি দেওয়ার জোর দাবি করছি এবং এ অধিকারগুলো নিশ্চিত করার জন্য সাংবিধানিক আলোকে সব জেলা আদালতগুলোকে ক্ষমতা দিতে হবে।ড. কামাল হোসেন সংবিধান হচ্ছে সর্বোচ্চ আইন, এটি শুধু সাজানোর জিনিস হিসেবে থাকবে না, দৈনন্দিন জীবনে যাতে এটি ব্যবহার হয়, সেটি নিশ্চিত করতে হবে। সংবিধান শুধু জনগণকে জানলে হবে না, একে কাজে লাগাতে হবে। কারণ, সংবিধান জনগণের অধিকার আদায়ের হাতিয়ার। সংবিধানে একটি স্বাধীন দেশের নাগরিকের অধিকার, অবস্থান, ক্ষমতা লিপিবদ্ধ থাকে। নাগরিকের ও বিভিন্ন প্রতিষ্ঠানের কী কী দায়িত্ব ও কর্তব্য আছে, তা উল্লেখ থাকে সংবিধানে। যেকোনো সংবিধানকে উন্নত করা যায় অভিজ্ঞতার আলোকে। আমাদের চার দশক পার হওয়ার পর অভিজ্ঞতার আলোকে যেসব ঘাটতি রয়েছে, সেগুলো পূরণের উদ্যোগ নিতে হবে। আমাদের সংবিধানে অনেক ভালো কথা আছে, যেগুলো কার্যকর করা হয় না। ইচ্ছা করলে আরও অনেক কথা ঢোকানো যাবে। কিন্তু বস্তুত পক্ষে যদি সেগুলো কার্যকর করা না হয়, তবে কোনো লাভ হবে না। সংবিধানে অনেক জায়গায় আইন করে করা যাবে কথাগুলো আছে, সেগুলো ৪০ বছরে একটিও করা হয়নি।আপনি যদি মনে করেন, আরও কড়া ভাষায় সংবিধানে নতুন কথা ঢুকাবেন। তাহলে সবচেয়ে বড় বাধা হবে কাদের দিয়ে আপনি করাবেন। আপনাকে সংসদের মাধ্যমে করাতে হবে। সংসদের কাছে কী আশা করতে পারেন বা করতে পারেন না। দুই-তৃতীয়াংশ আসন নিয়ে ক্ষমতায় আছে বর্তমান সরকার। সরকারের কাছে আমাদের সব কটি আকাঙ্ক্ষা তুলে ধরি। চলুন, আমরা সরকারের কাছে সংবিধান সংশোধনের কী কী করতে হবে, তা লিপিবদ্ধ করে গণস্বাক্ষর করে নিয়ে যাই। কারণ, সবার মধ্যেই একটি সদিচ্ছা আছে। কিন্তু বাস্তবতা অনেকটা ভিন্ন। নির্বাচিত প্রতিনিধিদের জবাবদিহিতা আরও নিশ্চিত করতে হবে। মানুষের মধ্যে যারা সবচেয়ে ভালো, তারাই হবেন নির্বাচিত জনপ্রতিনিধি, এই চিন্তা মাথায় রেখে বাহাত্তরের সংবিধান করা হয়েছিল। আমরা বিশ্বাস করতাম, ১৯৪৭ সালের পর থেকে যদি নির্বাচিত প্রতিনিধিদের হাতে ক্ষমতা দেওয়া হয়, তবে আমাদের আর কোনো সমস্যা থাকবে না। সব ক্ষমতা জনগণের হাতে থাকবে, আর তা প্রয়োগ হবে নির্বাচিত জনপ্রতিনিধিদের মাধ্যমে। আমাদের দেশে প্রতিনিধিত্বশীল গণতান্ত্রিক ব্যবস্থা গড়ে উঠবে। সে জন্য আমরা স্থানীয় সরকার ব্যবস্থার ব্যাপারে গুরুত্ব দিয়েছিলাম। কেন্দ্রীয় সংসদকে যতই ক্ষমতা দেন না কে, তাদের পক্ষে এত দায়িত্ব পালন করা কঠিন হয়ে পড়বে। তাই ক্ষমতার বিকেন্দ্রীকরণের জন্য শক্তিশালী স্থানীয় সরকার ব্যবস্থার ওপর জোর দেওয়া উচিত। আমাদের স্থানীয় সরকার ব্যবস্থার জন্য নির্বাচনগুলো ঝুলিয়ে রাখা হচ্ছে দিনের পর দিন। বিশেষজ্ঞদের মিলিত হয়ে সংবিধানের যেসব সংশোধন দরকার, তার একটি খসড়া তৈরি করে সরকারের কাছে দিতে পারি। কালো টাকা ও কিছু উদ্দেশ্যমূলক নেতিবাচক প্রচারের কারণে আসল ভালো লোকদের ক্ষমতায় আসা সম্ভব হচ্ছেনা। ফলে জনগণ ক্ষমতাহীন হয়ে পড়ছে। জনগণ যাতে বুঝে, শুনে ও জেনে জনপ্রতিনিধি নির্বাচন করতে পারে সে বিষয়ে তাদের সজাগ করতে হবে। যে সরকার মিথ্যা আশ্বাস ও দুর্নীতি করে ধর্মের দোহাই দিয়ে জনগণের সম্মতি নেয়, সে সরকার কখনো ভালো কাজ করে না। জনগণকে সচেতন করতে হবে, আপনি যাঁকে জনপ্রতিনিধি করবেন, তিনি যাতে টাকার প্রভাব, মিথ্যা আশ্বাস ও ধর্মের দোহাই দিয়ে আপনার মূল্যবান ভোটটি না নিতে পারেন। আমাদের নির্বাচন-প্রক্রিয়ার আরও স্বচ্ছতা আনতে হবে। বিশেষ করে রাজনৈতিক দলগুলোর মধ্যে প্রতিনিধি মনোনয়ন দেওয়ার ক্ষেত্রে আরও গণতান্ত্রিক প্রক্রিয়া চালু করতে হবে। দলগুলো অভ্যন্তরে নিজেদের আরও বেশি গণতান্ত্রিক চর্চা বাড়াতে হবে। তাহলে প্রকৃত গণতন্ত্র পাওয়া সম্ভব। জনগণকে যোগ্য ও সৎ প্রতিনিধি নির্বাচন করতে হবে। রোকনউদ্দিন মাহমুদসত্যিকার অর্থে যে আকাঙ্খা নিয়ে এবং প্রত্যাশার জায়গা থেকে সাংবিধানিক গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান সৃষ্টি করা হয়েছিল, সে আকাঙ্ক্ষা অনুসারে এসব প্রতিষ্ঠানগুলো কী সুষ্ঠুভাবে তাদের দায়িত্ব ও ভূমিকা পালন করতে পারছে। এ প্রশ্নটি আজ সবারই। একটি রাষ্ট্রের তিনটি স্তম্ভ। নির্বাহী বিভাগ, বিচার বিভাগ ও সংসদ। একটি লিখিত সাংবিধানিক অভিভাবক হিসেবে থাকেন সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্টের দায়িত্ব হচ্ছে সবাই সংবিধানিক মেনে চলছে কি না, তা দেখা। সংবিধান সুপ্রিম কোর্টকে এ দায়িত্ব দিয়েছে।সাংসদেরা সরাসরি জনগণের ভোটে নির্বাচিত হয়ে জনপ্রতিনিধিত্ব করছেন সংসদে। জনপ্রতিনিধিরা কি তাদের সাংবিধানিক দায়িত্ব যথাযথ পালন করছেন। স্বৈরাচার সরকার পতনের পর পরবর্তী সময়ে যে গণতান্ত্রিক ব্যবস্থা আমাদের দেশে চালু রয়েছে, তা কতটুকু সত্যিকার অর্থে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে পেরেছে। যদি না পেরে থাকে, এ ব্যর্থতার দায়ভার কার ওপর বর্তাবে। জনগণের ভোট পেয়ে প্রতিনিধিরা সংসদে গিয়ে তাঁদের দায়িত্ব পালন করতে পারছেন না কেন। এই ব্যর্থতা নিরূপণের জন্য আমাদের প্রত্যেকের নিজ নিজ অবস্থান থেকে সৎ ও সচেতন হতে হবে। কারণ আমরাই প্রতিনিধি নির্বাচন করে থাকি। আমাদের নিজেদের আত্মসমালোচনা করতে হয়। দল করলে যে দলের সমালোচনা করা যাবে না, তা কিন্তু ঠিক নয়। দলকে ঠিক পথে রাখার জন্য দলকে আত্মসমালোচনা করতে হবে। প্রত্যেক মানুষের দায়বদ্ধতা তাঁর বিবেকের কাছে। গত তত্ত্বাবধায়ক সরকারের আমলেও কিছু মানুষ তাঁর ভোটাধিকার আদায়ের জন্য আন্দোলন করেছেন। ওয়ান-ইলেভেনে ও ৯০ সালে যে গণতন্ত্রের আন্দোলন হয়েছিল, সবগুলোই ছিল নির্বাচন চাই। কিন্তু নির্বাচন যে চাইছেন, তিনি কি সত্যিকার অর্থে গণতান্ত্রিক নির্বাচন চাইছেন। কিন্তু তারা একটি দল, নির্বাচনে জয়লাভের পর অন্য দলটি কেন পরাজয় মেনে নিচ্ছে না, সংসদে কেন যাচ্ছে না জনগণের অধিকারের কথা বলতে। সবকয়টি রাজনৈতিক দলেরই এ রকম চরিত্র দেখা গেছে বিগত সময়ে। অনেক সাংসদই শুল্কমুক্ত গাড়ি এনে নিজে দেখেননি, সেই গাড়ি বিক্রয় করে দিয়েছেন। শুধু এসব সাংসদদের সম্পদ বাড়ানোর জন্য নির্বাচন, না কি জনগণের অধিকার রক্ষার জন্য আমরা নির্বাচন চাইব।আমাদের স্থানীয় সরকার ব্যবস্থাগুলো সঠিকভাবে কাজ করতে পারছে না। চট্টগ্রাম সিটি করপোরেশনের নির্বাচন হলেও কেন ঢাকা সিটি করপোরেশন নির্বাচন সম্ভব হচ্ছে না। নির্বাচন কমিশন নিয়ে বিভিন্ন সময়ে আমরা সংকট দেখেছি। সংবিধানে ৭০ অনুচ্ছেদকে দেখিয়ে কেন আপনি সংসদে থেকেও জনগণের পক্ষে কথা বলছেন না। কেন মানুষকে ফাঁকি দিচ্ছেন। আমাদের সাংসদেরা কেন কাজ করতে পারছেন না। নিজেদের রাজনৈতিক দলগুলোর সঙ্গে আইনজীবীরা দলাদলি করছেন। একটি বিচারের রায়ের জন্য প্রধান বিচারপতির পদত্যাগ দাবি করা হচ্ছে। আবার অন্যদিকে একটি দলের সমর্থকরা বিচারপতিকে নিয়ে যাচ্ছে শপথ করানোর জন্য। এগুলোও হচ্ছে আমদের সুপ্রিম কোর্টে। আমাদের সমাজের সর্বত্র অসামঞ্জস্য রয়ে গেছে। আমাদের আইন মেনে চলার সংস্কৃতি চালু করতে হবে। উত্থাপিত প্রশ্ন: ১.সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে কার্যকর করতে আমাদের কোন প্রক্রিয়ায় কাজ করতে হবে। আর রাজনৈতিক দলগুলো ক্ষমতায় গেলে জবাবদিহি থাকে না। জনগণের কাছে রাজনৈতিক দলগুলোর জবাবদিহি কীভাবে নিশ্চিত করা সম্ভব। দ্বাদশ সংশোধনীর মাধ্যমে সংসদীয় ব্যবস্থা আসছে। এর মাধ্যমে বহুদলীয় গণতন্ত্রের কথা থাকলেও আমরা দুইদলীয় গণতন্ত্রে অভ্যস্ত হয়ে পড়েছি, এ থেকে কীভাবে মুক্তি সম্ভব। ২.ঢাকা শহরের একটি পরিকল্পনা গ্রহণ করা হয় ১৮ হাজার কোটি টাকা দিয়ে একটি ফ্লাইওভার নির্মাণের জন্য। বাংলাদেশের মানুষের স্বাস্থ্য বাজেট ছিল ৬.৪০ শতাংশ। জনগণের যখন বাজেট সাত হাজার কোটি টাকা দেওয়ার কথা হয়, তখন আমরা দরিদ্র দেশ হয়ে যাই, কিন্তু ১৮ হাজার কোটি টাকার ফ্লাইওভার বাজেটের ক্ষেত্রে আর আমরা দরিদ্র থাকি না। এই বৈষম্য থেকে কীভাবে প্রতিকার পাওয়া সম্ভব।৩.রাষ্ট্র ও সম্পদের মালিক হচ্ছে জনগণ। কিন্তু সংবিধানে বলা আছে, নির্বাহী কর্তৃত্বের অধীনে যেকোনো সম্পত্তি দেওয়া হবে। যখন রাষ্ট্রের একটি সম্পত্তি কাউকে দিয়ে দেওয়া হচ্ছে, তখন জনগণ হিসেবে আমার বলার কোনো অধিকার থাকছে না সম্পত্তি দিয়ো না। এই যে সংবিধান সংশোধন করা হবে, আজ পর্যন্ত আমার কোনো অভিমত নেওয়া হয়নি কেন। কারণ সংবিধানে বলা হয় জনগণের অভিমতের কথা। আমরা আপনাদের কাছে দিকনির্দেশনা চাচ্ছি, কীভাবে সমস্যা সমাধান করা যায়।আসিফ নজরুলরাষ্ট্রীয় সম্পদের ব্যাপারে যদি নাগরিক সরকারকে প্রশ্ন করার অধিকার পায় সেজন্য উদ্যোগ নিতে হবে। মাত্র কয়েক লাখ টাকার জন্য অনেক প্রয়োজনীয় সেতু নির্মিত হয় না। সরকারকে জনগণের কাছে জবাবদিহি হয়ে কোন খাতে কত খরচ করেছে, কেন করেছে, এ ধরনের প্রক্রিয়া চালু করতে হবে। এ ধরনের সরকারের জবাবদিহিমূলক ব্যাবস্থা চালু করতে হবে। সেখানে মানুষের মৌলিক মানবাধিকার নিশ্চিত করার জন্য কাজ করব। যার মাধ্যমে সরকারের স্বচ্ছতা ও জবাবদিহি কাজ করবে। আমরা বলি যে কমিশন কাজ করছে না। কিন্তু বলতে চাই, যদি একটি খারাপ আইন থাকেও তবুও তা নতুন আইন করার প্রক্রিয়ার চেয়ে অনেক ভালো। আমরা অন্তত বলতে পারব, আমাদের কমিশন আছে, তারা এ বিষয়গুলো দেখছে। আমাদের আইন প্রণয়ন ও প্রয়োগ নিশ্চিত করতে হবে। সংবিধান ও এর অধীনে যেসব প্রতিষ্ঠানগুলো আছে, তার সংস্কার প্রক্রিয়ার যুদ্ধ অব্যাহত থাকা উচিত।রোকনউদ্দিন মাহমুদআমরা বলছি, সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো ব্যর্থ। কিন্তু কেন ব্যর্থ হচ্ছে, সে কারণগুলো খুঁজে বের করে চিহ্নিত করে সমাধানের উদ্যোগ নিতে হবে। অনেক সময় সমস্যা চিহ্নিত করাও অনেকটা কষ্টসাধ্য ব্যাপার। আমরা মানবাধিকার কমিশন, তথ্য অধিকার কমিশন করেছি। আমরা যারা এসব কমিশন করেছি, এগুলো আসলে সত্যিকার লক্ষ ও উদ্দেশ্য বাস্তবায়নের জন্য করছি, না কি চাপে পড়ে কিংবা নিজস্ব কিছু লোককে চাকরি দেওয়ার জন্য করছি। আমরা চাই, যা জনগণের জন্য কল্যাণকর ও কাজ দেবে সেগুলো অবশ্যই অগ্রাধিকার ভিত্তিতে করতে হবে। ঢাকা শহরকে যানজটমুক্ত করতে আমাদের অবশ্যই বিকল্প ব্যবস্থা দ্রুত নিতে হবে। এ ছাড়া কোনো বিকল্প উপায় নেই। কিন্তু এ কাজগুলোর মধ্য দিয়ে দুর্নীতি হয়।এ ধরনের প্রকল্পগুলোতে যাতে দুর্নীতি না হয়, সেদিকে নজর রাখতে হবে। দুর্নীতি দমন কমিশন আরও কার্যকর করতে হবে।উত্থাপিত প্রশ্ন: ১.কিছু ক্ষমতাসীন লোক আইনকে বৃদ্ধাঙুল দেখিয়ে আদালত থেকে জামিন না নিয়ে ঘুরে বেড়াচ্ছেন। আবার সাধারণ মানুষকে পুলিশ ৫৪ ধারায় ধরে নিয়ে যাচ্ছে। আবার ওয়ান-ইলেভেনের সময় বলেছেন, এর ফলে আইনজীবীদের ব্যবসা অনেক ভালো হয়েছে। আইনজীবীরা একটি মহৎ পেশায় নিয়োজিত। কিন্তু চিহ্নিত দুর্নীতিবাজদের পক্ষে আইনজীবীরা কাজ করছেন। এ বিষয়গুলো কীভাবে দেখেন। ২.সংবিধান সংশোধনের জন্য সরকার কেন জনগণের সম্পৃক্ততা বাড়ানোর জন্য উদ্যোগ নিচ্ছে না। একজন মানুষের যদি মৌলিক চাহিদা পূরণে সরকার ব্যর্থ হয়, তাহলে কেন সে সরকারের বিরুদ্ধে মামলা করতে পারবে না। এটি সংবিধানে কৌশলে এড়িয়ে যাওয়া হয়েছে। ন্যায়পাল আমাদের এখনো প্রতিষ্ঠিত কেন হয়নি।৩.রাষ্ট্রীয় সম্পদ যে বিরাষ্ট্রীয়করণ করা হচ্ছে, সে ক্ষেত্রে জনগণের কাছে জবাবদিহি কীভাবে নিশ্চিত করা যায়। একজন সাংসদের পেছনে সরকারের অনেক অর্থ ব্যয় হওয়ার পরও যখন তিনি সংসদে যাচ্ছেন না, তখন এর প্রতিকারের জন্য কী করা যায়। সাংসদদের দীর্ঘদিনের অনুপস্থিতি কমিয়ে আনা যায় কি না সংশোধনীতে। আমরা কোন কাজের জন্য প্রতিষ্ঠানকে দায়বদ্ধ করব, না কি ওই প্রতিষ্ঠানের দায়িত্বে যাঁরা আছেন, তাঁদের ব্যক্তিগতভাবে দায়বদ্ধ করব।ড. কামাল হোসেনজবাবদিহি নিশ্চিত করতে হবে, যাঁকে দায়িত্ব দেওয়া হয়েছে তাঁর কাছ থেকে। সাংসদ ও প্রধানমন্ত্রী পর্যন্ত সংসদের কাছে দায়বদ্ধ। তাঁদের কাজের জন্য সংসদে জবাবদিহি নিশ্চিত করতে হবে। সময় কারও জন্য অপেক্ষা করে না। আমাদের এসব সমস্যা সমাধানে দ্রুত পদক্ষেপ নিতে হবে। যত সময় যাচ্ছে লোক বাড়ছে, সমস্যা আরও প্রকট হচ্ছে। সঙ্গে সঙ্গে প্রতিষ্ঠানগুলোকে আরও দুর্বল করে দেওয়া হচ্ছে।যেখানে ৩০ জন বিচারক নিয়ে হাইকোর্ট শুরু হয়েছিল, এখন সেখানে ১০০ জন বিচারক দিয়েও কাজ হচ্ছে না। যে ধরনের নিয়োগ হয়েছে, তা অসাংবিধানিক প্রক্রিয়ায়। বিএনপির আমলে আইনমন্ত্রী বলেছেন, ছয়জনকে আমি নিজেও চিনতাম না, কিন্তু তাঁদের নাম পাঠিয়েছি। এক দিনে ১৯ জন বিচারক হয়েছেন। আমাদের নিজেদের অধিকার আদায়ের জন্য প্রত্যেকে কতটুকু সময় দিচ্ছি। আমাদের উচিত, অবশ্যই প্রত্যেককে নিজেদের অধিকার আদায়ে নিজ নিজ জায়গায় থেকে কাজ করতে হবে।আমাদের অবশ্যই আইনের সুষ্ঠু প্রয়োগ নিশ্চিত করতে হবে। আমাদের প্রত্যেককে যদি সময় দিয়ে ঘরে ঘরে যাই, মানুষকে বোঝাই, সৎ ও যোগ্য ব্যক্তিকে ভোট দেব, যাঁরা টাকা দিয়ে ভোট কিনতে চায়, তাঁদের প্রত্যাখ্যান করব। তবেই সত্যিকার জনপ্রতিনিধি নির্বাচিত হবেন। দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য জনসচেতনতা গড়ে তুলতে হবে। এলাকায় এলাকায় নির্বাচনী প্রার্থীদের নির্বাচনের আগে জনগণের প্রশ্নের উত্তর দেওয়ার ব্যবস্থা করতে হবে। জনগণের সঙ্গে সরাসরি জনপ্রতিনিধিদের সম্পর্ক গড়ে তুলতে হবে। আসিফ নজরুলআমাদের রাজনৈতিক দলগুলোর অভ্যন্তরে গণতান্ত্রিক চর্চা বাড়াতে হবে। দলের অভ্যন্তর থেকে যদি সৎ, যোগ্য লোক প্রার্থী হিসেবে বের হয়ে আসার সুযোগ থাকে, তবেই গণতন্ত্র সঠিক পথে এগোবে। জনপ্রতিনিধির জবাবদিহি আরও বাড়াতে হবে।মিজানুর রহমান খান আসলে আমাদের সমস্যা মূলত রাজনীতিতে। সংবিধান ভালো না মন্দ, সে বিষয়ে বিস্তারিত গভীরে যাওয়ার আগে আমাদের রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন আনা দরকার। আমাদের জাতীয়ভাবে বুদ্ধিভিত্তিক দিক থেকে একটি বিচ্যুতি বা বিকৃতি যাই বলি না কেন অর্থাৎ দুই দল বা দুই নেত্রী একই জায়গায় দাঁড়ান, তখন সে অনুযায়ী বুদ্ধিভিত্তিক চর্চাটি সমাজে আসে। অনেক সময় এটি মেনে নিতে আমরা বাধ্য হই। আমাদের এ অবস্থা থেকে বের হয়ে আসা উচিত। আমাদের রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন ও সমাজে স্বাধীন কণ্ঠের প্রয়োজন রয়েছে। সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো কার্যকর হতে পারছে না, কারণ সত্যিকার অর্থে সবগুলো প্রতিষ্ঠানের জবাবদিহি একজন ব্যক্তির কাছে, এমনকি একটি কেবিনেটের কাছ থেকেও পাওয়া যাচ্ছে না। এই প্রক্রিয়া বদলানোর জন্য উন্নত গণতন্ত্রগুলো কি করেছে, তা অনুসরণ করা উচিত। ন্যায়পাল ব্যবস্থার ব্যাপারে ১৯৮০ সালে ১৫ নম্বর আইন হয়েছিল, কিন্তু সেখানে ট্র্যাজেডি হলো, বিলটি হলো, ন্যায়পাল পাস হলো কিন্তু লেখা থাকল সরকার যেদিন থেকে প্রজ্ঞাপন জারি করবে, সে দিন থেকে কার্যকর হবে। কিন্তু তা আজও করা হয়নি।রোকনউদ্দিন মাহমুদ আমাদের রাজনীতিকে শুদ্ধ রাখতে হবে। যা এক নির্বাচনে সম্ভব নয়। দীর্ঘমেয়াদি সময়ের ব্যাপার। আমাদের রাজনৈতিক সংস্কৃতির সংস্কার প্রয়োজন। কিছু দিন আগে ভারতে প্রধানমন্ত্রী একজন মন্ত্রীকে পদত্যাগের কথা বলার পর তিনি চলে গেলেন। তার তিন সপ্তাহ পর তাঁর বিরুদ্ধে তদন্ত করা হলো। কিন্তু আমাদের দেশের রাজনীতিতে এ ধরনের সংস্কৃতি এখনো চালু হয়নি। জাতীয় ইস্যুতে রাজনীতিক দলগুলো একমত হতে পারছে না। আইনজীবীরা পেশাগত ক্ষেত্রে বিশেষ দুর্নীতিগ্রস্ত ব্যক্তিদের রক্ষার জন্য অনেক টাকা হাতিয়ে নিচ্ছে। কিছু আইনজীবী সুযোগ নিয়েছিলেন, যার কোটি টাকা আছে, তাঁকে বাঁচাতে তাঁরা বড় অঙ্কের টাকা দাবি করছেন। এটা উচিত নয় ।আব্দুল কাইয়ুমআলোচনায় অংশ নেওয়ার জন্য প্রথম আলোর পক্ষ থেকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি।গ্রন্থনা: আল-মামুন