জনগণ চায় জাতীয় পার্টি আবার ক্ষমতায় আসুক: এরশাদ
জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ বলেছেন, জনগণ অনেক আশা নিয়ে মহাজোটকে ভোট দিয়েছিল, তবে তার কিছুই পূরণ হয়নি। দেশের মানুষ আজ চরম সংকটে। সরকার গত আড়াই বছরে ভালো কিছু করতে পারেনি।জাতীয় পার্টিকে তৃণমূল পর্যায় থেকে সুসংগঠিত করার আহ্বান জানিয়ে এরশাদ বলেছেন, দেশের মানুষ শাসক দলের কর্মকাণ্ডে অতিষ্ঠ। তারা চায় জাতীয় পার্টি আবার ক্ষমতায় আসুক, দেশে যে গণজোয়ার সৃষ্টি হয়েছে, তাতে বোঝা যায় ভবিষ্যতে জাতীয় পার্টি এককভাবে সরকার গঠন করবে। আজ শনিবার ময়মনসিংহের ত্রিশালে উপজেলা জাতীয় পার্টি আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।এরশাদ বলেন, ‘দেশে আইনশৃঙ্খলার চরম অবনতি হয়েছে। সরকার দেশের আলেম-ওলামাদের রাস্তায় নামাচ্ছে। আমি বলব, শীর্ষ আলেম-ওলামা, পীর মাশায়েখ ও ইসলামী বুদ্ধিজীবীদের ডেকে সমস্যার সমাধান করতে।’এরশাদ তাঁর নয় বছরের আমলের কথা উল্লেখ করে বলেন, ‘আমার সময় দেশে যে উন্নয়ন হয়েছে, পরের সরকারগুলো তা করতে পারেনি।’সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় পার্টির মহাসচিব এ বি এম রুহুল আমিন হাওলাদার। এ ছাড়া অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য এম এ হান্নান, ব্রিগেডিয়ার জেনারেল কাজী মাহমুদ হাসান, সাবেক মন্ত্রী এম এ সাত্তার প্রমুখ।