জনগণ জনবিচ্ছিন্ন সরকারকে ক্ষমতায় দেখতে চায় না: হান্নান শাহ
বিএনপির স্থায়ী কমিটির সদস্য আ স ম হান্নান শাহ বলেছেন, বর্তমান সরকার দেশ পরিচালনায় সব ক্ষেত্রে ব্যর্থতার পরিচয় দিয়েছে। জনবিচ্ছিন্ন এ সরকারকে জনগণ আর ক্ষমতায় দেখতে চায় না। তিনি দেশ ও জনগণকে রক্ষায় দলের নেতা-কর্মীদের ঐক্যবদ্ধভাবে আন্দোলন করার আহ্বান জানান।কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গতকাল রোববার রাতে হান্নান শাহ বরগুনা জেলা বিএনপি আয়োজিত এক কর্মিসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। বরগুনা শহরের বঙ্গবন্ধু স্মৃতি কমপ্লেক্সে কর্মিসভায় সভাপতিত্ব করেন জেলা বিএনপির সভাপতি মাহবুবুল আলম ফারুক মোল্লা। হান্নান শাহ অভিযোগ করেন, গত আড়াই বছরে সরকার দেশের কোনো উন্নয়ন না করে শুধু লুটপাট করেছে। পুঁজিবাজার ধ্বংস করে কোটি কোটি টাকা লুটপাট করেছে। অর্থনৈতিক মন্দা, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, আইনশৃঙ্খলার অবনতিসহ সব ক্ষেত্রে নৈরাজ্যের কারণে দেশজুড়ে হাহাকার চলছে বলে তিনি মন্তব্য করেন। বর্তমান সরকারকে গণবিরোধী উল্লেখ করে তিনি বলেন, ‘এই সরকারকে যত তাড়াতাড়ি সম্ভব বিদায় করে দেশ ও জনগণকে রক্ষা করতে হবে।’ এ জন্য তিনি বিএনপির সব নেতা-কর্মীকে ঐক্যবদ্ধভাবে আন্দোলনে ঝাঁপিয়ে পড়ার আহ্বান জানান।