জনগণ জামায়াতকে বাধা দিলে সরকারের কিছু করার নেই: প্রতিমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী এ বি তাজুল ইসলাম বলেছেন, ‘জনগণ জামায়াতকে স্বতঃস্ফূর্তভাবে বাধা দিলে সরকারের কিছুই করার নেই।’ আজ মঙ্গলবার দুপুরে সংসদ ভবনের মিডিয়া সেন্টারে মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়সম্পর্কিত সংসদীয় কমিটির সভা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।প্রতিমন্ত্রী বলেন, সারা দেশের মানুষই আজ যুদ্ধাপরাধের বিচার চায়। এ কারণেই তারা স্বতঃস্ফূর্তভাবে জামায়াতকে প্রতিহত করছে।ময়মনসিংহ-৬ আসনের আওয়ামী লীগের সাংসদ মোসলেম উদ্দিনের বিরুদ্ধে যুদ্ধাপরাধের মামলা হওয়া সম্পর্কে এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, বিষয়টি পরীক্ষা করে দেখা হচ্ছে। তিনি (মোসলেম উদ্দিন) যদি যুদ্ধাপরাধী হন, তবে তাঁরও বিচার করা হবে। যুদ্ধাপরাধীদের কোনো দল নেই।এর আগে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়সম্পর্কিত সংসদীয় কমিটির সভা সংসদ ভবনে অনুষ্ঠিত হয়। সভায় মুক্তিযুদ্ধে নারীসমাজের অবদান নিয়ে আলোচনা করা হয়। সভায় নারী মুক্তিযোদ্ধাদের তালিকা করে স্বীকৃতি দেওয়ার উদ্যোগ নেওয়ার জন্য সাংসদ রুবী রহমানকে আহ্বায়ক করে একটি উপকমিটি গঠন করা হয়।কমিটির সভাপতি রফিকুল ইসলাম সাংবাদিকদের বলেন, বর্তমান সরকার মুক্তিযুদ্ধে নারীসমাজের অবদান স্বীকৃতি দিতে চাচ্ছে। কীভাবে এই স্বীকৃতি দেওয়া যায়, তা নিয়েই আলোচনা হয়েছে।