জনগণ জেগেছে, ষড়যন্ত্রে কাজ হবে না: প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দেশের জনগণ স্বাধীনতাবিরোধী অপশক্তির বিরুদ্ধে জেগে উঠেছে। দেশকে আরেকটি রণক্ষেত্রে পরিণত করার চক্রান্তে কোনো কাজ হবে না। খবর বাসসের। প্রধানমন্ত্রী বলেন, স্বাধীনতাবিরোধী অপশক্তি দেশে আরেকটি যুদ্ধের এবং দেশকে ১৯৭১ সালের মতো রক্তক্ষয়ী রণাঙ্গনে পরিণত করার হুমকি দিয়েছে। তবে এতে কোনো কাজ হবে না। কারণ, দেশের জনগণ বিশেষ করে নতুন প্রজন্ম তাদের বিরুদ্ধে জেগে উঠেছে।আজ নিজ কার্যালয়ে চট্টগ্রাম প্রেসক্লাবের নবনির্বাচিত ব্যবস্থাপনা কমিটির সদস্যদের সঙ্গে সাক্ষাত্ করেন প্রধানমন্ত্রী। এ সময় তিনি এসব কথা বলেন। শেখ হাসিনা বলেন, ১৯৭৫ সালে বঙ্গবন্ধুকে হত্যার পরবর্তী শাসকদের চক্রান্তের কারণে একটি গোটা প্রজন্ম দেশের প্রকৃত ইতিহাস জানতে পারেনি। শাহবাগে তরুণ প্রজন্মের আন্দোলনের কথা উল্লেখ করে তিনি বলেন, এ আন্দোলন শিশুসহ সর্বস্তরের মানুষের মধ্যে দেশপ্রেমের উদ্দীপনার সৃষ্টি করেছে।চট্টগ্রাম প্রেসক্লাবের সভাপতি আলী আব্বাসের নেতৃত্বে প্রতিনিধিদলের সদস্য ও প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মহসিন চৌধুরী, সহসভাপতি রাশেদ রউফ, সাবেক সভাপতি আবু সুফিয়ান, দাতা সদস্য আ জ ম নাসির উদ্দিন, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সভাপতি শহীদুল আলম এবং সাধারণ সম্পাদক রিয়াজ হায়দার অনুষ্ঠানে বক্তব্য দেন। এ সময় প্রেস সচিব আবুল কালাম আজাদ, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব মোল্লাহ ওয়াহিদুজ্জামান এবং প্রধানমন্ত্রীর ব্যক্তিগত সচিব আবদুল মালেক উপস্থিত ছিলেন।