জনগণ পুঞ্জীভূত ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটিয়েছে: ফখরুল (ভিডিও)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চার সিটি করপোরেশন নির্বাচনে জনগণ তাদের দীর্ঘদিনের পুঞ্জীভূত ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটিয়েছে বলে দাবি করেছে প্রধান বিরোধী দল বিএনপি।দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আজ রোববার সকালে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই দাবি করেন।মির্জা ফখরুল বলেন, রাজনৈতিক প্রেক্ষাপটে এই ফল একটি নতুন অধ্যায় সৃষ্টি করেছে। বৈরী ও প্রতিকূল অবস্থায়ও ১৮-দলীয় জোটের সমর্থিত প্রার্থীরা বিপুল ভোটে জয়ী হয়েছেন। অনেক হুমকি, কালো টাকা, অনিয়ম সত্ত্বেও জনগণ ভোটাধিকার প্রয়োগ করে দীর্ঘদিনের পুঞ্জীভূত ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটিয়েছে। বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের দাবি, নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবির পক্ষে ও সরকারের ব্যর্থতার প্রতিবাদে বিএনপির এ বিজয়। এটি জনরায়ের প্রতিফলন। এতে প্রমাণিত হয়েছে, এই সরকারের ওপর জনগণের আর কোনো আস্থা নেই। সরকারের প্রতি জনগণ ‘না’ জানিয়ে দিয়েছে।ফখরুল বলেন, গণতান্ত্রিক সরকার হলে ও গণতন্ত্রের প্রতি ন্যূনতম শ্রদ্ধাবোধ থাকলে এই নির্বাচনের পরপরই সরকার পদত্যাগ করত। জনগণ যে ‘বার্তা’ দিয়েছে, তা উপলব্ধি করে নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনে বিএনপির দাবি মেনে নিতে তিনি সরকারের প্রতি আহ্বান জানান।দলীয় সরকারের অধীনে জাতীয় নির্বাচন নিয়ে আওয়ামী লীগের দাবির বিষয়ে এক প্রশ্নের জবাবে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ১৮ দল নির্দলীয় সরকারের দাবি আনুষ্ঠানিকভাবে জনগণের কাছে উপস্থাপন করেছে। এর ভিত্তিতেই জনগণ রায় দিয়েছে। তিনি আরও বলেন, আওয়ামী লীগের দাবি ধোপে টেকে না। সরকার কী বলে, তার ওপর ভবিষ্যত্ নির্বাচন নির্ভর করবে না। এটি নির্ভর করবে রাজনৈতিক দলগুলোর ওপর। দেশের ৯০ শতাংশ মানুষ তত্ত্বাবধায়ক সরকার চায়। স্থানীয় ও জাতীয় নির্বাচন এক নয়। তাই নির্দলীয় সরকারের অধীনে জাতীয় নির্বাচনের কোনো বিকল্প নেই। এক প্রশ্নের জবাবে ফখরুল দাবি করেন, চার সিটি নির্বাচন সুষ্ঠু হওয়ার ক্ষেত্রে বিএনপির অংশগ্রহণ ‘বড়’ ভূমিকা রেখেছে।শুরু থেকে নির্বাচন কমিশনের বিরোধিতা প্রসঙ্গে এক প্রশ্নের উত্তরে ফখরুল বলেন, ‘আমরা প্রথম থেকেই বলে আসছি, বর্তমান নির্বাচন কমিশনের গঠন-প্রক্রিয়া সংবিধানসম্মত হয়নি। সরকারের মনোনয়নে এই কমিশন গঠিত হয়েছে। সে জন্যই বর্তমান সরকারের অধীনে কাজ করার ক্ষেত্রে দুর্বলতা রয়েছে এই নির্বাচন কমিশনের। আমরা চার সিটি করপোরেশনের নির্বাচনে সেনা মোতায়েনের দাবি করেছিলাম, কিন্তু কমিশন তা মেনে নেয়নি।’ বর্তমান কমিশনকে জনগণের আস্থা অর্জন করতে হবে বলেও তিনি মন্তব্য করেন।গতকাল চার সিটি করপোরেশন নির্বাচনে ভোট চলার সময় বিএনপির পক্ষ থেকে নানা অনিয়মের অভিযোগ করা হয়েছে—এ ব্যাপারে প্রশ্ন করা হলে বিএনপির এই নেতা বলেন, ‘আগে কে কী বলেছেন, সেটা নিয়ে আর টানাটানি না করি। এখন এত বড় বিজয়কেই বড় করে দেখি।’বিএনপির এ ধরনের আচরণ রাজনৈতিক স্টান্টবাজি কি না, এমন প্রশ্ন করা হলে মির্জা ফখরুল ইসলাম আলমগীর এর কোনো উত্তর দেননি।