জনগণ প্রতারণার শিকার হতে চায় না
নির্বাচন পদ্ধতি নিয়ে ঐকমত্য আছে উল্লেখ করে ক্ষমতাসীনদের উদ্দেশে ড. কামাল হোসেন বলেছেন, ‘২০০৮ এর ফসল ভোগ করার পর আপনারা বলবেন, ভবিষ্যতে কাউকে এই ফল ভোগ করতে দেবেন না, তা হবে না।’‘নিয়ন্ত্রিত’ নির্বাচনের বিরোধিতা করে অন্যতম এই সংবিধানপ্রণেতা বলেন, ২০১৪ সালের নির্বাচনে জনগণ প্রতারণার শিকার হতে চায় না। জনগণ ঐক্যবদ্ধ আছে। তারা সত্যিকার অর্থে নিজেদের প্রতিনিধি নির্বাচন করতে চায়, সত্যিকার সংসদ চায়।আজ বুধবার জাতীয় প্রেসক্লাবে এক সেমিনারে ড. কামাল এসব কথা বলেন। ‘বর্তমান পরিস্থিতি ও নির্বাচন পদ্ধতি’ শীর্ষক ওই সেমিনারের আয়োজন করে নাগরিক ঐক্য।কামাল হোসেন বলেন, দেশের ১৬ কোটি মানুষ প্রতারণার শিকার। যারা সংবিধানের কথা বলেন, আর কাজ করেন উল্টো, তাঁরা জনগণের সঙ্গে প্রতারণা করেন। ক্ষমতা কুক্ষিগত করে, কালো টাকা, ক্যাডার দিয়ে নির্বাচন করেন। এসবই সংবিধান পরিপন্থী।যুদ্ধাপরাধীদের বিচার দেশের ১৬ কোটি মানুষের দাবি উল্লেখ করে তিনি বলেন, ‘এ বিচার হতেই হবে।’বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের (বাসদ) সাধারণ সম্পাদক খালেকুজ্জামান বলেন, মানুষ বিকল্প চায়। আওয়ামী লীগ ও বিএনপির মধ্যে নীতিগত কোন পার্থক্য নেই। বিরোধ হচ্ছে ক্ষমতা নিয়ে। এখন একটি বিকল্প শক্তি দাঁড় করানো দরকার বলে তিনি মন্তব্য করেন।নাগরিক ঐক্যের আহবায়ক মাহমুদুর রহমান বলেন, বিশ্বজিত্ হত্যাকাণ্ডে যে ছয়জনের ছবি এসেছে, তাদের শাস্তি দিলে ভবিষ্যতে আর গুন্ডামি, মাস্তানি করার লোক পাওয়া যাবে না। এ কারণে তাদের শাস্তি নিয়ে তিনি সংশয় প্রকাশ করেন।সাবেক তথ্যমন্ত্রী আবু সাঈদ বলেন, বিদ্রোহী প্রার্থী ঠেকাতে আইন করার কথা বলা হচ্ছে। এটি রাজনীতির দেউলিয়াপনার বহিঃপ্রকাশ বলে তিনি মনে করেন।আইনজীবী শাহদীন মালিক বলেন, পরিস্থিতি এখন সাংঘাতিক সংঘাতময়। পরিস্থিতি নিকট ভবিষ্যতে আরও অশান্ত হবে। পরিস্থিতি যত সংকটময় হবে, পরিণতিতে নির্বাচন তত কম অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হবে।বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম বলেন, ‘সবার অংশগ্রহণে নির্বাচন নিশ্চিত করা জরুরি। আ ব্যাড ইলেকশন ইজ বেটার দ্যান নো ইলেকশন।’তিনি প্রশ্ন রাখেন, হুকুমের আসামি হিসেবে ভাঙচুরের মামলায় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে গ্রেপ্তার করা হলে, বিশ্বজিত্ হত্যা মামলায় কেন স্বরাষ্ট্রমন্ত্রীকে গ্রেপ্তার করা হবে না।