জনগণ মহানগরকে অবরুদ্ধ করে অনাস্থা প্রকাশ করেছে
বিএনপির মুখপাত্র ও সমন্বয়ক তরিকুল ইসলাম ঢাকায় খালেদা জিয়ার গণসংযোগ কর্মসূচিতে ব্যাপক মানুষের উপস্থিতি সরকারের প্রতি গণ-অনাস্থার বহিঃপ্রকাশ বলে দাবি করেছেন। তিনি বলেন, জনগণ সরকারের অপশাসনে অতিষ্ঠ হয়ে গেছে। ঢাকার রাস্তাঘাটসহ গোটা মহানগরকে জনগণ অবরুদ্ধ করে তাদের প্রতি অনাস্থা প্রকাশ করেছে।আজ বৃহস্পতিবার সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক আলোচনা সভায় তরিকুল ইসলাম এ কথা বলেন। সরকারকে উদ্দেশ করে তরিকুল ইসলাম বলেন, ‘তারা কেয়ামত পর্যন্ত ক্ষমতায় থাকতে পারবে না। এর পরও কেন বিরোধী দলের ওপর এত সীমাহীন নির্যাতন-নিপীড়ন চালাচ্ছে, তা আমার বোধগম্য নয়।’বিএনপির নেতা তরিকুল ইসলাম প্রতিহিংসার রাজনীতি বন্ধ করে অবিলম্বে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের বিল পাস করে নির্বাচনের পরিবেশ তৈরি করতে সরকারের প্রতি অনুরোধ জানিয়েছেন। তিনি বলেন, তা করলে যেকোনো জায়গায়, যেকোনো সময় আলোচনার জন্য প্রস্তুত রয়েছে বিএনপি।তরিকুল ইসলাম বলেন, মির্জা ফখরুলকে গাড়ি পোড়ানোর মামলায় আটক করা হয়েছে, রুহুল কুদ্দুসকে গ্রেপ্তার করে নির্যাতন করা হচ্ছে। ‘আমার দেশ’ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমান অবরুদ্ধ, রিজভী আহমেদ অবরুদ্ধ, ইলিয়াছ আলীর আজও কোনো হদিস নেই। ১৫৬ জনকে গুম করা হয়েছে। বিরোধী দলের ২৫ হাজার নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা দিয়েছে সরকার। চার হাজার নেতা-কর্মীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।বিএনপির এই নেতার অভিযোগ, এভাবে মামলা, গুম ও নির্যাতন করে সরকার ভেবেছে, বিরোধী দলের নেতাদের মিথ্যা মামলায় সাজা দিয়ে নির্বাচন থেকে বাইরে রেখে একতরফাভাবে নির্বাচন করবে। সরকারের এই ষড়যন্ত্র প্রতিরোধ করতে বিরোধীদলীয় নেতা আগামী দিনে আন্দোলনের যে কর্মসূচি দেবেন, যেকোনো কিছুর বিনিময়ে তা এগিয়ে নেওয়ার আহ্বান জানান তিনি।স্থানীয় সরকার ফোরাম (এলজিএফ) নামের একটি সংগঠন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও দলের স্বনির্ভরবিষয়ক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদারসহ নেতা-কর্মীদের মুক্তির দাবিতে ওই আলোচনার আয়োজন করে।সংগঠনের সভাপতি ও নাটোরের সিংড়া পৌরসভার মেয়র শামীম আল রাজির সভাপতিত্বে আলোচনায় আরও অংশ নেন বিএনপির নেতা ফজলুর রহমান, সিরাজগঞ্জের পৌর মেয়র মোকাদ্দস আলী, নওগাঁর মেয়র এনামুল হক, নোয়াখালীর মেয়র হারুন অর রশীদ, সারোয়ার হোসেন প্রমুখ।