যুদ্ধাপরাধীদের বিচারে গড়িমসি না করে সরাসরি ফায়ারিং স্কোয়াডে দিয়ে দেওয়া উচিত। বুঝি না, সরকার এত গড়িমসি করছে কেন? দেশের জনগণ যুদ্ধাপরাধীদের বিচার দেখতে চায়। আজ শুক্রবার ন্যাশনাল আওয়ামী পার্টির (ন্যাপ) উদ্যোগে কুমিল্লার দেবীদ্বার উপজেলার আসাদনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক মোজাফফর আহমদ এসব কথা বলেন। অধ্যাপক মোজাফফর আহমদ বলেন, একটি কাঁচা মরিচের দাম এক টাকা, এতে দ্রব্যমূল্যের পরিস্থিতি বোঝা যায়। তিনি দ্রব্যমূল্যের নিয়ন্ত্রণ, যুদ্ধাপরাধীদের বিচার তরান্বিত, বাহাত্তরের সংবিধান পুনর্বহাল করতে জোর দাবি জানান।ন্যাপের জেলা সভাপতি আবু তালেবের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন ন্যাপের প্রেসিডিয়াম সদস্য আমেনা আহাম্মদ।সভায় আরও বক্তব্য দেন দলের কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য জাকির হোসেন, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আবদুর রশিদ, চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আলী ফারুক, কেন্দ্রীয় সহসম্পাদক ইসমাইল হোসেন, প্রচার সম্পাদক অনিল চক্রবর্তী, কুমিল্লা উত্তর জেলা সাধারণ সম্পাদক বদিউল আলম মানিক মোল্লা, সাহাদাত হোসেন ভূইয়া, জেলা ন্যাপ সহসভাপতি আবদুল মতিন, আলী আকবর প্রমুখ।