জনগণ শান্তিপূর্ণ পরিবেশে ভোট দিয়ে ঘরে ফিরতে চায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নির্বাচন কমিশনার ছহুল হোসাইন বলেছেন, জনগণ শান্তিপূর্ণ পরিবেশে ভোট দিয়ে ঘরে ফিরে যেতে চায়। তাই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও নির্বাচন সংশ্লিষ্টদের সে পরিবেশ নিশ্চিত করতে হবে। কোনো ব্যক্তি যাতে ভোটারদের কেন্দ্রে আসা-যাওয়ার পথে কোনো বাধার সৃষ্টি করতে না পারে।আজ বুধবার সকালে নোয়াখালীর সেনবাগে পৌরসভা নির্বাচনে আইনশৃঙ্খলা ও নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে এক মতবিনিময় সভায় ছহুল হোসাইন এসব কথা বলেন। নির্বাচন কমিশনার বলেন, ‘কিছু লোক চায় নিজের অপকর্মকে ঢেকে রেখে নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় আসতে। আমরা ওই সব লোকেরা যাতে নির্বাচনে প্রার্থী হতে না পারে, জনগণের ভোটে সত্ ও যোগ্য প্রার্থী যাতে নির্বাচিত হতে পারে সে বিষয়ে পদক্ষেপ নিয়েছি।’ তিনি আরও বলেন, ‘বর্তমান নির্বাচন কমিশন দায়িত্ব নেওয়ার পর আইনি সংস্কার ও প্রার্থীদের আচরণবিধির সংস্কার করা হয়েছে। মানুষ তা মেনে নিয়েছে। প্রার্থীরাও তা মেনে নিয়েছে। পোস্টার সাঁটানো, চিকা মারার সংস্কৃতি থেকে আমরা বেরিয়ে এসেছি।’নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তাদের উদ্দেশ্যে ছহুল হোসাইন বলেন, ‘নির্বাচনকে ভয় পাওয়ার কিছু নাই। মানসিকভাবে দুর্বল হওয়ার কোনো কারণ নাই। আপনারা নির্ভয়ে কাজ করুন।’