জনগণই ঠিক করবে, কে দেশ পরিচালনা করবে: প্রধানমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, জনগণই ঠিক করবে, ভবিষ্যতে কে দেশ পরিচালনা করবে।আজ মঙ্গলবার সকালে জার্মানির অর্থনৈতিক সহযোগিতা ও উন্নয়নবিষয়ক মন্ত্রী ডার্ক নিয়েবেল ও ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) উন্নয়নবিষয়ক কমিশনার আন্দ্রিস পিয়েবালগসের নেতৃত্বে নয় সদস্যের একটি প্রতিনিধিদল প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তাঁর কার্যালয়ে সাক্ষাত্ করে। এ সময় তিনি এ কথা বলেন।প্রধানমন্ত্রীর প্রেস সচিব জানান, প্রধানমন্ত্রী জনগণের ভোটাধিকার অর্জনে তাঁর দলের আন্দোলন-সংগ্রামের কথা উল্লেখ করে বলেছেন, জনগণের ওপর তাঁর পূর্ণ আস্থা রয়েছে। সরকার বিশ্বাস করে, গণতান্ত্রিক শাসন ব্যবস্থা ছাড়া দেশের উন্নয়ন কখনোই সম্ভব নয়।শেখ হাসিনা বলেন, তাঁর সরকার জনগণের জন্য কাজ করে যাচ্ছে। দারিদ্র্য বিমোচনের মাধ্যমে বাংলাদেশকে একটি শান্তির দেশ হিসেবে প্রতিষ্ঠা করতে সরকার অঙ্গীকারবদ্ধ। প্রধানমন্ত্রী ইউরোপীয় ইউনিয়নকে পরীক্ষিত বন্ধু হিসেবে আখ্যায়িত করে ২০০৮ সালের ২৯ ডিসেম্বর বাংলাদেশে একটি অবাধ, নিরপেক্ষ ও সবার কাছে গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠান এবং নির্বাচন-পরবর্তী সময়ে গণতন্ত্রকে সুসংহত করার ক্ষেত্রে ইইউর সহযোগিতার কথা স্মরণ করেন। জার্মানির মন্ত্রী বার্ক নিবেল ও ইইউর কমিশনার আন্দ্রিস পিবালগস বাংলাদেশের রাজনৈতিক ও অর্থনৈতিক উন্নয়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে পদক্ষেপ নিয়েছেন, তার প্রশংসা করেন। প্রধানমন্ত্রী সন্ত্রাসের বিরুদ্ধে তাঁর সরকারের দৃঢ় অবস্থানের কথা ব্যক্ত করে বলেন, বাংলাদেশের ভূখণ্ড সন্ত্রাসীদের ব্যবহার করতে দেওয়া হবে না।এ সময় বাংলাদেশে নিযুক্ত জার্মান রাষ্ট্রদূত হোলজার মাইকেল, অ্যাম্বাসেডর অ্যাট লার্জ এম জিয়াউদ্দিন ও প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবুল কালাম আজাদ উপস্থিত ছিলেন। বাসস।