জনগণকে নিয়ে পরিস্থিতি মোকাবিলা করবে সরকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কঠোর আইনি ব্যবস্থার মাধ্যমে জামায়াতে ইসলামীর যেকোনো সহিংসতা মোকাবিলা করবে সরকার। একই সঙ্গে জনমত গঠন করে দেশবাসীকে সঙ্গে নিয়ে এলাকাভিত্তিক জামায়াতবিরোধী অবস্থান নেওয়ারও সিদ্ধান্ত নিয়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগ।একাত্তরে মানবতাবিরোধী অপরাধের দায়ে জামায়াত নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর ফাঁসির আদেশকে কেন্দ্র করে গতকাল বৃহস্পতিবার সারা দেশে দলটির সৃষ্ট সহিংসতার পরিপ্রেক্ষিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সরকারের একাধিক নির্ভরযোগ্য সূত্র থেকে জানা গেছে।সরকারি সূত্রগুলো জানায়, উদ্ভূত পরিস্থিতি নিয়ে গতকাল রাতে জাতীয় সংসদে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জ্যেষ্ঠ মন্ত্রীদের সঙ্গে আলোচনা করেন। তিনি আইনশৃঙ্খলা রক্ষায় কঠোর ব্যবস্থা নেওয়ার জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলোর প্রধানদের নির্দেশ দেন। একই সঙ্গে জনমনে আতঙ্ক কাটাতে মন্ত্রী ও দলীয় সাংসদদের নিজ নিজ এলাকায় ভূমিকা রাখার পরামর্শ দেওয়া হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য জেলা, উপজেলা, পৌর এলাকা ও ইউনিয়ন পর্যায়ে দলীয় জনপ্রতিনিধিদের সতর্ক থাকতে বলা হয়েছে। এ ছাড়া গতকাল ব্যাপক হতাহতের ঘটনার পরিপ্রেক্ষিতে সারা দেশে আওয়ামী লীগের নেতা-কর্মীদের সতর্ক রাখা এবং এলাকাভিত্তিক দলীয় কার্যক্রম জোরদার করারও সিদ্ধান্ত হয়েছে বলে জানা গেছে। আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী প্রথম আলোকে বলেন, ‘যুদ্ধাপরাধের বিচারের জন্য জনগণের আকাঙ্ক্ষা ছিল বলেই গত নির্বাচনে তাঁরা আমাদের ভোট দিয়েছে। আমরা সে অনুযায়ী দায়িত্ব পালন করছি। সুতরাং জনগণের সমর্থন নিয়েই তাদের মোকাবিলা করা হবে। পাশাপাশি সহিংসতার বিরুদ্ধে কঠোর আইনি পদক্ষেপ নেওয়া হবে।’ সরকারের নীতিনির্ধারণী পর্যায়ের একাধিক সূত্র জানিয়েছে, সাঈদীর বিরুদ্ধে রায় ঘোষণার পর জামায়াত যে সহিংস কর্মকাণ্ড শুরু করবে, সে আশঙ্কা আওয়ামী লীগের উচ্চপর্যায়ে আগে থেকেই ছিল। গোয়েন্দা সংস্থাগুলোও আগাম সতর্ক করেছিল। তাই জামায়াত-শিবিরের তাণ্ডব নিয়ন্ত্রণে আগে থেকেই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে প্রস্তুত রাখা হয়েছিল। সার্বিক পরিস্থিতি পর্যালোচনায় আজ শুক্রবার সকাল ১১টায় ১৪ দলের বৈঠক ডাকা হয়েছে। বৈঠকে নতুন কর্মসূচি নেওয়া হতে পারে বলে জানা গেছে।