জনগণকে বিভ্রান্ত করতে এটি বলা হচ্ছে (ভিডিও)
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সমন্বয়ক তরিকুল ইসলাম অভিযোগ করেছেন, দলীয় সরকারের অধীনে নির্বাচনের ষড়যন্ত্রের অংশ হিসেবে সরকার সিটি করপোরেশন ও উপজেলা নির্বাচনের কথা বলছে। প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৭৭তম জন্মবার্ষিকী উপলক্ষে আজ শনিবার তাঁর কবরে শ্রদ্ধা জানাতে এসে তরিকুল সাংবাদিকদের এ কথা বলেন।তরিকুল ইসলাম অভিযোগ করেন, ‘সরকার একদলীয় নির্বাচন করার ষড়যন্ত্র করছে। সে অবস্থান থেকে তারা এখনো ফিরে আসেনি। আমরা চাই নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন, যেটা এত দিন হয়ে এসেছে।’তরিকুল বলেন, ‘ষড়যন্ত্রের অংশ হিসেবে সিটি করপোরেশন ও উপজেলা নির্বাচন দেওয়ার কথা বলছে সরকার। জনগণকে বিভ্রান্ত ও নির্বাচনমুখী করতে এটি বলা হচ্ছে। এ ষড়যন্ত্র কখনো বাস্তবায়ন হবে না।’বিএনপির এই নেতা দাবি করেন, ‘গতকাল চট্টগ্রাম-১২ আসনে যে উপনির্বাচন হয়েছে, সেখানে কোনো মানুষ যায়নি। নির্বাচন কমিশন ভুয়া ভোট দিয়ে আওয়ামী লীগের প্রার্থীকে জয়ী করেছে।’ সিটি করপোরেশন নির্বাচন হলে বিএনপি এতে অংশ নেবে কি না—এ ব্যাপারে জানতে চাইলে তরিকুল ইসলাম বলেন, ‘এটা এখন বিবেচ্য নয়। এখন আন্দোলনকে তীব্র থেকে তীব্রতর করাই মূল বিবেচ্য।’ তরিকুল অভিযোগ করেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যেসব সদস্য বিরোধী দলের নেতাদের ওপর নির্যাতন করছেন, তাঁদের পুরস্কৃত করা হচ্ছে। এর মাধ্যমে তাঁদের বিরোধী দলের নেতাদের নির্যাতন করতে উসকানি দেওয়া হচ্ছে।এক প্রশ্নের উত্তরে তরিকুল বলেন, ‘আন্দোলনকারীদের ফুলের মালা দিয়ে বরণ করতে বলছি না। কিন্তু আন্দোলন করা সবার সাংবিধানিক অধিকার। সংবিধান আজ কাঠগড়ায় দাঁড়িয়ে চিত্কার করে কান্না করছে, সংবিধান যেখানে বিচারপ্রার্থী, সেখানে কী বলার আছে!’
জিয়ার কবরে খালেদা জিয়ার শ্রদ্ধাবিরোধীদলীয় নেতা ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া প্রয়াত রাষ্ট্রপতি ও দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন। জিয়ার ৭৭তম জন্মবার্ষিকী উপলক্ষে আজ দুপুর পৌনে ১২টার দিকে তিনি রাজধানীর চন্দ্রিমা উদ্যানে জিয়ার সমাধিতে যান। সেখানে তিনি বিশেষ মোনাজাতে অংশ নেন। এ সময় বিএনপির নেতা তরিকুল ইসলাম, মওদুদ আহমদ, খন্দকার মোশাররফ হোসেন, নজরুল ইসলাম খান, রফিকুল ইসলাম মিয়া, আ স ম হান্নান শাহসহ স্থায়ী কমিটির সদস্য ও নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।