দেশের জনগণকে বিভ্রান্ত করতে এবং যুদ্ধাপরাধের বিচারের মতো জাতীয় ইস্যুকে সাম্প্রদায়িক রূপ দিতে ধর্মীয় সংখ্যালঘুদের ওপর হামলা চালানো হচ্ছে। নতুন প্রজন্মসহ মুক্তিযুদ্ধের পক্ষের সবাই যখন সারা দেশে সাম্প্রদায়িক শক্তি ও জঙ্গিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলেছে, তখন জনগণকে বিভ্রান্ত ও বিভেদ-অনৈক্য সৃষ্টি করতে এই হামলা চালানো হচ্ছে।আজ শনিবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ ও বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের মানববন্ধন শেষে সমাবেশে এই অভিযোগ করা হয়। সারা দেশে ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায়ের বাড়িঘর, ধর্মীয় প্রতিষ্ঠান ও ব্যবসাপ্রতিষ্ঠানে আগুন, ভাঙচুর, লুটপাটের প্রতিবাদে সংগঠন দুটি এ মানববন্ধনের আয়োজন করে।বক্তারা বলেন, একাত্তরে যে জাতীয় ঐক্য প্রতিষ্ঠিত হয়েছিল, তারই চেতনায় দৃঢ়ভাবে এই পরিস্থিতি মোকাবিলা করতে হবে। একই সঙ্গে দলমত-নির্বিশেষে মুক্তিযুদ্ধের পক্ষের সব শক্তিকে ঐক্যবদ্ধভাবে জঙ্গিবাদী সাম্প্রদায়িক শক্তির অপতত্পরতা রুখে দেওয়ার আহ্বান জানানো হয়।বক্তারা অভিযোগ করেন, চট্টগ্রাম, কক্সবাজার, নোয়াখালী, লক্ষ্মীপুর, গাইবান্ধা, সিলেট, মৌলভীবাজার, ঠাকুরগাঁও, চাঁপাইনবাবগঞ্জ, সাতক্ষীরা, বাগেরহাট, জয়পুরহাট, কুমিল্লা, রংপুর ও ব্রাহ্মণবাড়িয়ায় সংখ্যালঘুদের বাড়িঘর, দোকান, মন্দির, বৌদ্ধমন্দিরে ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগ করা হয়েছে। এসব ঘটনার তীব্র নিন্দা জানানো হয়।মানববন্ধনে ছিলেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খিষ্টান ঐক্য পরিষদের শিরিল সিকদার, নিমচন্দ্র ভৌমিক, কাজল দেবনাথ, মনীন্দ্র কুমার নাথ, দুর্গা দাশ ভট্টাচার্য প্রমুখ। সভাপতিত্ব করেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সভাপতি কানুতোষ মজুমদার।পরে জাতীয় প্রেসক্লাবের সামনে থেকে সংগঠন দুটি বিক্ষোভ মিছিল বের করে কদম ফোয়ারা ও পল্টন মোড় ঘুরে আবার জাতীয় প্রেসক্লাবের সামনে গিয়ে শেষ হয়।