জনগণকে বোকা বানিয়ে সরকার ট্রানজিট চুক্তি করে ফেলেছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীতে অনুষ্ঠিত এক সেমিনারে দাবি করা হয়েছে, সরকার জনগণকে বোকা বানিয়ে ভারতের সঙ্গে ট্রানজিট চুক্তি করে ফেলেছে। আগামী পাঁচ থেকে সাত বছরের মধ্যেই বাংলাদেশের অর্থনীতি এবং নিরাপত্তার ক্ষেত্রে এর বিরূপ প্রতিক্রিয়া দেখা দেবে।‘ট্রানজিটের নামে করিডর: বর্তমান প্রেক্ষাপট’ শীর্ষক এ সেমিনারের আয়োজন করে বিরোধী দল বিএনপির সমর্থক পেশাজীবী সংগঠন বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদ। আজ বুধবার বিকেলে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে এ সেমিনার হয়। এতে ট্রানজিট চুক্তির পর বাংলাদেশে আসা ভারতীয় জাহাজ ও পণ্যবাহী গাড়ি রুখতে তরুণ প্রজন্মকে মাঠে নামার আহ্বান জানানো হয়।সেমিনারে প্রধান অতিথি বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ভারত ৪০ বছর ধরে ট্রানজিট চেয়েছে, নিতে পারেনি। এবার নিয়েছে। বিদেশি পত্রপত্রিকায়ও লেখা হয়েছে, এর মধ্য দিয়ে বাংলাদেশকে নিয়ন্ত্রণের ষড়যন্ত্র সম্পন্ন করা হয়েছে। তিনি বলেন, ‘ভারতকে দোষ দিয়ে লাভ নেই। সে তার লক্ষ্যে কাজ করবে। কিন্তু আমি আমার সার্বভৌমত্ব কীভাবে রক্ষা করব, তা আমাকেই নির্ধারণ করতে হবে। আজ যাঁরা ক্ষমতায় আছেন, তাঁরা দেশের মানুষের স্বার্থবিরোধী সরকার। তাঁরা নতজানুর মতো ভারতের সঙ্গে একরতরফা প্রেম করে সব উজাড় করে দিচ্ছেন।’বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, ‘এই আগ্রাসন রুখবার জন্য আমাদের জেগে উঠতে হবে। তরুণ প্রজন্মকে যুদ্ধ শুরু করতে হবে। জেগে ওঠো তরুণ প্রজন্ম, পথে নেমে লড়াই করো।’সেমিনারে সভাপতিত্ব করেন সম্মিলিত পেশাজীবী পরিষদের সভাপতি ও আমার দেশ-এর ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমান। তিনি বলেন, ‘একাত্তরে পিণ্ডির বিরুদ্ধে যেভাবে যুদ্ধ করেছি, তেমনি এবার দিল্লির বিরুদ্ধেও যুদ্ধ করতে হবে। ভারতীয় পণ্যবাহী গাড়িগুলোকে আমাদের রুখতে হবে। এ দেশকে স্বাধীন-সার্বভৌম দেশ হিসেবে টিকিয়ে রাখতে হলে আমাদের অবশ্যই ট্রানজিটকে প্রতিরোধ করতে হবে।’ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মাহবুব উল্লাহ বলেন, বাংলাদেশকে অঙ্গরাজ্য বানাবে না ভারত। কারণ অঙ্গরাজ্য বানালে মুসলমানের সংখ্যা তাদের জন্য নতুন আতঙ্ক হয়ে দাঁড়াবে। সে জন্য তারা বাংলাদেশের অর্থনীতি এবং সামরিক শক্তিকে নিয়ন্ত্রণের চেষ্টা করছে।বাংলাদেশ কল্যাণ পার্টির সভাপতি সৈয়দ মুহাম্মদ ইবরাহিম বলেন, ট্রানজিটের কারণে আগামী পাঁচ থেকে সাত বছরের মধ্যে বাংলাদেশে নদীবন্দর স্থাপন করবে ভারত। আস্তে আস্তে তাদের নিরাপত্তা বাহিনী আসবে। একটা সময়ে বাংলাদেশকে পঙ্গু রাজ্য বানাবে তারা।ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সদরুল আমিন তিস্তা চুক্তির বিষয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের বেঁকে বসার কথা উল্লেখ করে বলেন, ‘আমি তাঁকে সালাম জানাই। তিনি একজন দেশপ্রেমিক। কিন্তু আমাদের দেশে কি একজন মমতা আছেন?’সম্মিলিত পেশাজীবী পরিষদের সদস্যসচিব এ জেড এম জাহিদ হোসেনের পরিচালনায় সেমিনারে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন চলচ্চিত্র পরিচালক চাষী নজরুল ইসলাম, জাতীয়তাবাদী যুবদলের সভাপতি সৈয়দ মোয়াজ্জেম হোসেন, বিএফইউজের (একাংশ) সভাপতি রুহুল আমিন গাজী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক তাজমেরী এস এ ইসলাম, ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) সভাপতি এ কে এম আজিজুল হক, শিক্ষক নেতা সেলিম ভূঁইয়া, প্রকৌশলী আ ন হ আখতার হোসাইন প্রমুখ।