জনগণকে সংগঠিত করবে নাগরিক ঐক্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাগরিকদের গণতন্ত্র ও মৌলিক অধিকার আদায়ে মাঠে কাজ করার জন্য ‘নাগরিক ঐক্য’ নামে একটি অরাজনৈতিক সংগঠনের আত্মপ্রকাশ হয়েছে। মাহমুদুর রহমান মান্নাকে আহ্বায়ক করে আজ শুক্রবার নাগরিক ঐক্যের কেন্দ্রীয় কমিটি ঘোষণা করা হয়।বিকেলে জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে কমিটির সদস্যদের নাম প্রকাশ করেন মাহমুদুর রহমান মান্না। ১৮২ সদস্যবিশিষ্ট এই কমিটির সদস্যসচিব করা হয় এম এ জব্বারকে। এ ছাড়া নাগরিক ঐক্যের তিন সদস্যের প্রধান উপদেষ্টা করা হয় প্রবীণ সাংবাদিক এবিএম মূসাকে। অপর দুই উপদেষ্টা হলেন—সাবেক বাম রাজনীতিক আবদুল্লাহ সরকার ও নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সাবেক আহ্বায়ক এইচ এম আকরাম।নাগরিক ঐক্য ক্ষমতার তৃতীয় শক্তি কি না—সাংবাদিকদের এ প্রশ্নের জবাবে এবিএম মূসা বলেন, এটা ক্ষমতা দখলে চেষ্টা না। যাঁরা দেশ চালান, তাঁদের সত্পথে থেকে দেশ চালাতে বাধ্য করার একটা প্রচেষ্টা। তিনি বলেন, ‘আমি নাগরিক ঐক্যের অন্তর্নিহিত উদ্দেশ্য সম্পর্কে জানি না। তবে, আওয়ামী লীগ-বিএনপির বাইরে একটি তৃতীয় শক্তি আছে। সে তৃতীয় শক্তি হচ্ছে জনগণ। তাদের সংগঠিত করার জন্যই এ আন্দোলন।’এর আগে প্রবীণ আইনজীবী রফিক-উল হককে প্রধান করে ‘নাগরিক আন্দোলন’ নামে একটি সংগঠন করেছিলেন মাহমুদুর রহমান মান্না। গত ১ জুন রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে অনুষ্ঠিত নাগরিক সমাবেশে নাগরিক ঐক্য নামে এ সংগঠনটির ঘোষণা দেওয়া হয়। সংগঠকেরা জানান, নাগরিক আন্দোলন বুদ্ধিভিত্তিক কর্মকাণ্ড পরিচালনা করবে, আর নাগরিক ঐক্য নাগরিকদের অধিকার আদায়ের লক্ষ্যে মাঠে সক্রিয়ভাবে অংশ নেবে।সংবাদ সম্মেলনে লিখিত ঘোষণাপত্রে মাহমুদুর রহমান মান্না বলেন, দেশে সর্বত্র নাগরিক ঐক্যের ব্যানারে সমাজের সচেতন মানুষকে সংগঠিত করে সামাজিক গণতন্ত্র প্রতিষ্ঠায় জনকল্যাণকর সব কাজে আমরা নিজেদের নিয়োজিত করব। তিনি জানান, পর্যায়ক্রমে নাগরিক ঐক্য বিভাগীয়, জেলা ও উপজেলা পর্যন্ত বিস্তৃত করা হবে। রোজার পর ঢাকায় বৃহত্তর নাগরিক সমাবেশ ডাকা হবে।