জনগণের আশা পূরণ হয়েছে: আইনমন্ত্রী
আইনমন্ত্রী শফিক আহমেদ বলেছেন, দেলাওয়ার হোসাইন সাঈদীর ফাঁসির দণ্ডাদেশের মধ্য দিয়ে জনগণের প্রত্যাশা পূরণ হয়েছে। তিনি বলেন, এর মধ্য দিয়ে জাতি কলঙ্কমুক্ত হচ্ছে। আজ বৃহস্পতিবার সাঈদীর মামলার রায় ঘোষণার পরপর আইনমন্ত্রী সচিবালয়ে নিজ কার্যালয়ে সাংবাদিকদের কাছে এ প্রতিক্রিয়া জানান। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, এ রায়ে শাহবাগের গণজাগরণ কোনো প্রভাব ফেলেনি। ট্রাইব্যুনাল সব বিচার-বশ্লেষণ করেই এ রায় দিয়েছেন। শাহবাগের গণজাগরণ থেকে বলা হয়েছে, এই আন্দোলন ট্রাইব্যুনালকে প্রভাবিত করার জন্য নয়। ট্রাইব্যুনালের নিরপেক্ষতাসহ বিভিন্ন বিষয় তুলে ধরে শফিক আহমেদ বলেন, ‘আমার মনে হয়েছে, বিচার সম্পর্কে প্রশ্ন তোলার অবকাশ নেই। সবকিছু বিচার-বিশ্লেষণ করে বিচারক রায় দিয়েছেন।’একই সঙ্গে প্রতিমন্ত্রী কামরুল ইসলাম বলেন, ‘৪০ বছর পর এ রায়ের মধ্য দিয়ে আমার মনে হয়েছে, পাপ বাপকেও ছাড়বে না।’ তিনি বলেন, এ ঘটনার মধ্য দিয়ে জামায়াত আরও বেশি ষড়যন্ত্র করতে পারে। তাই জাতিকে সজাগ থাকার আহ্বান জানান তিনি।