জনগণের আস্থা অর্জনে ঐক্যবদ্ধভাবে কাজ করুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা সিটি করপোরেশন নির্বাচনের ফলাফল এবং বিরোধী দলের অপপ্রচারে নিরুৎসাহিত না হয়ে এবং ভেদাভেদ ও অন্তঃকলহ ভুলে জনগণের আস্থা অর্জনে ঐক্যবদ্ধভাবে কাজ করতে দলের নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন। গতকাল বৃহস্পতিবার এক বিবৃতিতে এ আহ্বান জানান তিনি। খবর বাসসের।আগামী সব নির্বাচনে দল ও মহাজোটকে জয়ী করে মুক্তিযুদ্ধের চেতনায় সমৃদ্ধ বাংলাদেশ গড়ার সংগ্রামে ঝাঁপিয়ে পড়ারও আহ্বান জানান আওয়ামী লীগের সভানেত্রী। তিনি বলেন, তাঁর সরকার গণতন্ত্র, রাজনৈতিক স্থিতিশীলতা ও অর্থনৈতিক অগ্রযাত্রা সমুন্নত রাখার জন্য অব্যাহতভাবে কাজ করে যাবে। সিটি করপোরেশন নির্বাচনে জনগণের রায়ের প্রতি সম্মান রেখে সরকারের ত্রুটি-বিচ্যুতি শোধরে জাতির প্রত্যাশা পূরণের দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন তিনি। বিবৃতিতে প্রধানমন্ত্রী গাজীপুরসহ পাঁচটি সিটি করপোরেশন নির্বাচন সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হওয়ায় নির্বাচন কমিশন, জনগণ, রাজনৈতিক দল, প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং গণমাধ্যমসহ সবাইকে অভিনন্দন ও ধন্যবাদ জানান। তিনি বলেন, সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন হওয়ায় গণতন্ত্র ও জনগণ বিজয়ী হয়েছে। প্রমাণিত হয়েছে নির্বাচন কমিশনের নেতৃত্বে অবাধ ও নিরপেক্ষ নির্বাচন সম্ভব। দলীয় সরকারের অধীনেও প্রশাসন এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিরপেক্ষ ও প্রভাবমুক্তভাবে নির্বাচনকালে দায়িত্ব পালন করতে এবং জনগণ অবাধে তাঁদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন।প্রধানমন্ত্রী বলেন, বিরোধী দলের মিথ্যা প্রচার, ভিত্তিহীন অভিযোগ এবং নির্বাচনকে বিতর্কিত করার সব অপচেষ্টা সত্ত্বেও বর্তমান সরকারের অধীনে জাতীয় এবং স্থানীয় সরকার পর্যায়ে বিভিন্ন নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন হয়েছে।শেখ হাসিনা বলেন, অতীতে বিএনপি সরকারের সময় নির্বাচনে কারচুপি ও ক্ষমতাসীন দলের ক্ষমতার অপব্যবহারে অনুষ্ঠিত মাগুরার নির্বাচনের পরিপ্রেক্ষিতে সর্বমহলে অবাধ নির্বাচন নিয়ে যে আস্থার সংকট সৃষ্টি হয়েছিল, বর্তমান সরকারের অধীনে সুষ্ঠু পরিবেশে বিভিন্ন নির্বাচন অনুষ্ঠিত হওয়ায় সবার আস্থা ফিরে এসেছে। এ আস্থা কোনোভাবেই নস্যাৎ করা যাবে না এবং বর্তমান সরকার আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সুষ্ঠু নির্বাচনী প্রক্রিয়া অব্যাহত রাখতে বদ্ধপরিকর বলে তিনি উল্ল্লেখ করেন।সিটি করপোরেশন নির্বাচনে বিজয়ীদের অভিনন্দন জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, বিদায়ী মেয়রদের নেতৃত্বে ওই সব সিটি করপোরেশন এলাকায় বর্তমান সরকারের আমলে যে নজিরবিহীন উন্নয়ন হয়েছে, তা ওই এলাকার জনগণের কল্যাণের স্বার্থে সরকার অব্যাহত রাখবে। শেখ হাসিনা সব অপপ্রচার ও মিথ্যা অভিযোগ এবং সহিংসতা বন্ধ করে বিরোধী দলসহ সবার অংশগ্রহণের মধ্য দিয়ে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন অবাধ ও সুষ্ঠুভাবে অনুষ্ঠানে সবার প্রতি সহযোগিতার আহ্বান জানান।