প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের উদ্দেশে বলেছেন, ‘জনগণের করের টাকায় আপনাদের বেতন দেওয়া হয়। এর বিনিময়ে আপনারা জনগণকে কী সেবা দিচ্ছেন, সেটা দেখার বিষয়।’ তিনি আন্তরিকতা ও দায়িত্ব নিয়ে প্রশাসনের কর্মকর্তাদের জনগণের জন্য কাজ করার আহ্বান জানান। প্রধানমন্ত্রী আজ বুধবার দুপুরে চট্টগ্রাম সার্কিট হাউস মিলনায়তনে স্থানীয় প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে এক মতবিনিময় সভায় এ কথা বলেন। চট্টগ্রাম বিভাগীয় কমিশনার এ এম এন সিদ্দিক, পুলিশের ডিআইজি মো. আসাদুজ্জামান মিয়া, জেলা প্রশাসক ফরিদউদ্দিন চৌধুরী ও পুলিশ সুপার এম মোর্শেদসহ সরকারি বিভিন্ন পদস্থ কর্মকর্তা এ সময় উপস্থিত ছিলেন।প্রধানমন্ত্রী এ সময় কর্মকর্তাদের সমস্যাগুলো জানতে চান। বিভিন্ন সমস্যা শোনার পর প্রধানমন্ত্রী বলেন, ‘আমি আপনাদের কাজের প্রতিবন্ধকতা তুলে দেব। কিন্তু সবাইকে জনগণের জন্য কাজ করতে হবে। পার্বত্য চট্টগ্রাম ও কক্সবাজারকে কেন্দ্র করে পর্যটনকেন্দ্র গড়ে তোলা হবে।’ তিনি বলেন, উন্নয়নমূলক কর্মকাণ্ড বজায় থাকলে এ অঞ্চলে শান্তি বজায় থাকবে।এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বেলা ১১টার দিকে চট্টগ্রামে সেনাবাহিনীর আর্টিলারি রেজিমেন্টের পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন। প্রধানমন্ত্রী সেনাবাহিনী পরিচালিত র্যাডিসন বে ভিউ হোটেলের ভিত্তিপ্রস্তর স্থাপনের কথা থাকলেও অনিবার্য কারণে তা স্থগিত করা হয়েছে।