জনগণের কল্যাণে কাজ করতে সরকারের প্রতি খালেদা জিয়ার আহ্বান
বিরোধী দলের উপর নির্যাতন বন্ধ করে জনগনের কল্যাণে কাজ করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিরোধীদলীয় নেতা ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। তিনি আজ বৃহস্পতিবার রাতে রাজধানীতে সাবেক অর্থমন্ত্রী এম সাইফুর রহমানের স্মরণে এক সভায় এ আহ্বান জানান। সরকারকে সতর্ক করে দিয়ে বেগম জিয়া বলেন, এখনও সতর্ক না হলে আওয়ামী লীগকে আবারও ২১ বছর রাস্তায় ঘুরতে হবে। বার বার মানুষ তাদের ক্ষমা করবে না বলেও মন্তব্য করেন তিনি। দেশের বর্তমান অবস্থা সর্ম্পকে বিরোধীদলীয় নেতা বলেন, বর্তমান সরকার দেশ পরিচালনায় শুধু ব্যর্থই হয়নি, এদেশকে একটি ব্যর্থ রাষ্ট্রে পরিণত করেছে তারা। গত ১৯ মাসে তারা দেশের উন্নয়নে কোনো কিছুই করতে পারেনি। বরং দেশের স্বার্থবিরোধী কাজ করে দেশের ক্ষতি করেছে।" আজ সন্ধ্যায় সাইফুর রহমান ও তার স্ত্রী দুররে সামাদ রহমান স্মৃতি পরিষদের উদ্যোগে গুলশানে জালালাবাদ হাউজে এই স্মরণসভা হয়। সাইফুর রহমান গত বছরের ৫ সেপ্টেম্বর এক সড়ক দুর্ঘটনায় মারা যান। স্মরণসভায় সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া তার দীর্ঘদিনের সহকর্মী সাইফুরের স্মৃতিচারণ করে বলেন, তিনি (সাইফুর রহমান) ছিলেন একজন সফল অর্থনীতিবিদ ও অর্থমন্ত্রী। এদেশের সব উন্নয়নে তার অসীম অবদান রয়েছে। " স্মরণসভায় অন্যদের মধ্যে বিএনপির মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন, স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, এম কে আনোয়ার, মাহবুবুর রহমান, জমির উদ্দিন সরকার প্রমুখ বক্তব্য দেন। স্মরণসভায় সভাপতিত্ব করেন সাইফুর রহমানের জ্যেষ্ঠ ছেলে নাসের রহমান।