জনগণের কল্যাণে কাজ করুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিরোধী দলের ওপর নির্যাতন বন্ধ করে জনগণের কল্যাণে কাজ করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিরোধীদলীয় নেত্রী ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। তিনি গতকাল বৃহস্পতিবার রাতে রাজধানীতে সাবেক অর্থমন্ত্রী এম সাইফুর রহমানের স্মরণে এক সভায় এ আহ্বান জানান। সরকারকে সতর্ক করে দিয়ে খালেদা জিয়া বলেন, এখনো সতর্ক না হলে আওয়ামী লীগকে আবারও ২১ বছর রাস্তায় ঘুরতে হবে। বারবার মানুষ তাদের ক্ষমা করবে না বলেও মন্তব্য করেন তিনি। দেশের বর্তমান অবস্থা সম্পর্কে বিরোধীদলীয় নেত্রী বলেন, বর্তমান সরকার দেশ পরিচালনায় শুধু ব্যর্থই হয়নি, এ দেশকে একটি ব্যর্থ রাষ্ট্রে পরিণত করেছে তারা। গত ১৯ মাসে তারা দেশের উন্নয়নে কোনো কিছুই করতে পারেনি। বরং দেশের স্বার্থবিরোধী কাজ করে দেশের ক্ষতি করেছে।” গতকাল সন্ধ্যায় সাইফুর রহমান ও তাঁর স্ত্রী দুররে সামাদ রহমান স্মৃতি পরিষদের উদ্যোগে গুলশানে জালালাবাদ হাউসে এই স্মরণসভা হয়। সাইফুর রহমান গত বছরের ৫ সেপ্টেম্বর এক সড়ক দুর্ঘটনায় মারা যান। স্মরণসভায় সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া তাঁর দীর্ঘদিনের সহকর্মী সাইফুরের স্মৃতিচারণা করে বলেন, তিনি (সাইফুর) ছিলেন একজন সফল অর্থনীতিবিদ ও অর্থমন্ত্রী। এ দেশের সব উন্নয়নে তাঁর অসীম অবদান রয়েছে। “ স্মরণসভায় অন্যান্যের মধ্যে বিএনপির মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন, স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, এম কে আনোয়ার, মাহবুবুর রহমান, জমির উদ্দিন সরকার, আ স ম হান্নান শাহ, আবদুল মঈন খান, সহসভাপতি সাদেক হোসেন খোকা, হাফিজ উদ্দিন আহমেদ, উপদেষ্টা কাউন্সিলের সদস্য এম মোরশেদ খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, ইনাম আহমেদ চৌধুরী, আবদুল আউয়াল মিন্টু, মুশফিকুর রহমান প্রমুখ বক্তব্য দেন। স্মরণসভায় সভাপতিত্ব করেন সাইফুর রহমানের জ্যেষ্ঠ ছেলে নাসের রহমান।