প্রধানমন্ত্রী শেখ হাসিনা তথ্য কমিশনের প্রতি সরকারের বিভিন্ন জনকল্যাণমূলক পদক্ষেপ তুলে ধরার আহ্বান জানিয়ে বলেছেন, এ দেশের মানুষ তথ্য অধিকার সম্পর্কে যথেষ্ট সচেতন।প্রধান তথ্য কমিশনার মোহাম্মদ জমিরের নেতৃত্বে কমিশনের একটি প্রতিনিধিদল আজ মঙ্গলবার প্রধানমন্ত্রীর সঙ্গে তাঁর কার্যালয়ে সাক্ষাত্কালে তিনি এ আহ্বান জানান। এ সময় প্রধানমন্ত্রী আনুষ্ঠানিকভাবে তথ্য কমিশনের ওয়েবসাইট উদ্বোধন করেন।প্রধানমন্ত্রী বলেন, তথ্য কমিশন তাদের ওয়েবসাইটে জনগণকে তথ্য সরবরাহ করে সরকারের জবাবদিহি নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবুল কালাম আজাদ সাক্ষাত্ শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে এ কথা জানান।শেখ হাসিনা বলেন, কমিশন সমাজের সর্বস্তর থেকে তথ্য সংগ্রহ এবং তা সরবরাহ করে। বিশেষ করে এনজিওদের কর্মকাণ্ড সম্পর্কে তথ্য সংগ্রহের ওপর গুরুত্ব আরোপ করে তিনি বলেন, জনগণকে তাদের অধিকার সম্পর্কে সজাগ করে তুলতে হবে।প্রধানমন্ত্রী জনগণের কল্যাণে নেওয়া সরকারের বিভিন্ন কর্মসূচির কথা তুলে ধরে বলেন, দেশের উন্নয়নের জন্য নিরবচ্ছিন্ন গণতান্ত্রিক শাসনব্যবস্থা অপরিহার্য। কেবল গণতান্ত্রিক শাসনব্যবস্থাই দারিদ্র্য বিমোচনে ভূমিকা রাখতে পারে বলে তিনি উল্লেখ করেন।শেখ হাসিনা বলেন, দেশের মানুষ এ পর্যন্ত ভালো যা কিছু পেয়েছে, তা আওয়ামী লীগের কাছ থেকেই পেয়েছে। কারণ আওয়ামী লীগ সব সময় জনগণের কল্যাণে কাজ করে থাকে।এ সময় অন্যান্যের মধ্যে প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবুল কালাম আজাদ ও একান্তসচিব নজরুল ইসলাম খান উপস্থিত ছিলেন।—বাসস