জনগণের কাছে সেবা পৌঁছে দেওয়ার আহ্বান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কৃষি নিয়ে যত অনুষ্ঠান হচ্ছে টিভিতে বা কৃষকসহায়ক ভিডিও—সবই ২৪ ঘণ্টা পাওয়া যাচ্ছে ইন্টারনেটভিত্তিক কৃষক টিভিতে। ইলেকট্রনিক যন্ত্রে ভোট দেওয়া যাচ্ছে, গণনাও হচ্ছে স্বয়ংক্রিয় পদ্ধতিতে। মুঠোফোনের খুদে বার্তাতেই (এসএমএস) সারা যাচ্ছে বিশ্ববিদ্যালয়ের ভর্তিপ্রক্রিয়া। বাংলাদেশ ব্যাংকের দরপত্র পাওয়া যাচ্ছে ওয়েবসাইটে, চাকরির আবেদনপত্র জমাও দেওয়া যাচ্ছে। তথ্যপ্রযুক্তি ব্যবহার করে এমন নানা সেবা সহজলভ্য হয়ে উঠছে। আবার যন্ত্রে পাঠযোগ্য (মেশিন রিডেবল) পাসপোর্ট ও ভিসা কেমন হবে, ইলেকট্রনিক ভোটযন্ত্রে ভোট গ্রহণ ও গণনা কেমন হবে, তার ব্যবহারিক অভিজ্ঞতাও পাওয়া যাচ্ছে। সরকারের সব মন্ত্রণালয় ও বিভাগসহ এনজিও এবং বেসরকারি খাতে কীভাবে তথ্যপ্রযুক্তির ব্যবহার হচ্ছে, তার নমুনা দেখা যাচ্ছে ঢাকার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নভোথিয়েটারে ‘ডিজিটাল উদ্ভাবনী মেলা ২০১০’ নামের আয়োজনে। বিজ্ঞান ও আইসিটি (তথ্য ও যোগাযোগ প্রযুক্তি) মন্ত্রণালয় এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের অ্যাকসেস টু ইনফরমেশন (এটুআই) প্রকল্প যৌথভাবে এ মেলার আয়োজন করেছে। জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি) মেলায় অর্থায়ন করছে। ‘জনগণের দোরগোড়ায় সেবা’ স্লোগান নিয়ে গতকাল বৃহস্পতিবার সকালে তিন দিনের এ মেলার উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ‘মানুষ প্রশাসনের কাছে যাবে না, সরকারের সেবা পৌঁছে যাবে জনগণের দোরগোড়ায়’—উল্লেখ করে তিনি বলেন, ‘সেবা খাতে যাঁরা কাজ করেন, তাঁদেরই উদ্ভাবন করতে হবে, কীভাবে সেবা জনগণের কাছে নিয়ে যাওয়া যায়।’ প্রধানমন্ত্রী জানান, পর্যায়ক্রমে সব স্কুলে ল্যাপটপ কম্পিউটার দেওয়া হবে। পাশাপাশি চালু করা হবে ভ্রাম্যমাণ কম্পিউটার ল্যাব। গত সংসদ নির্বাচনে ভিডিও সম্মেলনের মাধ্যমে নির্বাচনী প্রচারণার সাফল্যের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, দেশের সব জেলা প্রশাসন, মন্ত্রিপরিষদ বিভাগের সঙ্গে প্রধানমন্ত্রীর কার্যালয়ের ভিডিও সম্মেলন করার ব্যবস্থা হচ্ছে। টেলিযোগাযোগ সহজ করার জন্য বাংলাদেশ কৃত্রিম উপগ্রহ (স্যাটেলাইট) স্থাপনের পরিকল্পনাও করছে বলে জানান প্রধানমন্ত্রী। তিনি বলেন, ডিজিটাল বাংলাদেশ গড়তে মানবসম্পদ, সরকারি কাজ, সেবা এবং ব্যবসা খাতে তথ্যপ্রযুক্তিকে ব্যবহার করা হবে। উদ্বোধনী অনুষ্ঠানে বিজ্ঞান ও আইসিটি প্রতিমন্ত্রী ইয়াফেস ওসমান বলেন, জনগণের কাছে সেবাগুলোকে নিয়ে যেতে যত প্রযুক্তি লাগে সরকার তা দেবে। অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর মুখ্যসচিব মো. আবদুল করিম, এটুআই কর্মসূচির জাতীয় প্রকল্প পরিচালক মো. নজরুল ইসলাম খান এবং বাংলাদেশে জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী ও ইউএনডিপির আবাসিক প্রতিনিধি রেনেটা লক ডেসালিয়েন বক্তৃতা করেন। অনুষ্ঠানে মন্ত্রিসভার অধিকাংশ সদস্য, কয়েকজন সাংসদ ও প্রায় সব মন্ত্রণালয়ের সচিব উপস্থিত ছিলেন। গতকাল দুপুর একটার পর থেকে সবার জন্য মেলা খুলে দেওয়া হয়। মেলা সবার জন্য উন্মুক্ত। আগামীকাল শনিবার মেলা শেষ হবে। প্রতিদিন মেলা সকাল ১০টা থেকে রাত আটটা পর্যন্ত খোলা থাকে। নভোথিয়েটারে দ্বিতীয় ও তৃতীয় তলায় সরকারের বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের স্টল রয়েছে। তৃতীয় তলায় আলাদা আলাদা স্টলে বাংলাদেশ কম্পিউটার সমিতি, বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস), আইএসপি অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ এবং অ্যাসোসিয়েশন অব মোবাইল টেলিকম অপারেটরস অব বাংলাদেশ নিজেদের কার্যক্রম দেখাচ্ছে। নিচতলায় তৃণমূলে তথ্যপ্রযুক্তির নানা সেবার নমুনা দেখাচ্ছে বাংলাদেশ টেলিসেন্টার নেটওয়ার্ক (বিটিএন)। এ তলায় প্রথম আলো, দি ডেইলি স্টার, এবিসি রেডিওসহ বেশ কিছু গণমাধ্যমেরও স্টল আছে। প্রথম আলোর স্টলে চাকরির ওয়েব পোর্টাল প্রথম আলো জবস, ই-প্রথম আলো, প্রথম আলো ব্লগ, প্রথম আলোর অনলাইন সংস্করণসহ নানা কার্যক্রম তুলে ধরা হচ্ছে। উদ্বোধনী অনুষ্ঠান সরাসরি ডিজিটাল উদ্ভাবনী মেলার উদ্বোধনী অনুষ্ঠান ইন্টারনেটে সরাসরি সম্প্রচার করা হয়েছে। প্রথম আলোর প্রতিনিধিদের কাছ থেকে জানা যায়, চুয়াডাঙ্গা, চাঁদপুর, সিরাজগঞ্জ, পঞ্চগড়সহ বিভিন্ন জেলায় জেলা প্রশাসকের কার্যালয়ে সরাসরি এই অনুষ্ঠান দেখানোর জন্য বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছিল।