প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, জনগণের ক্ষমতা জনগণের কাছে ফিরিয়ে দিতেই সংবিধান সংশোধন করা হয়েছে। এর লক্ষ্য, আর কেউ যেন অবৈধভাবে ক্ষমতায় আসতে না পারে। তিনি আরও বলেন, এই সংশোধনের মাধ্যমে সংবিধানে মুক্তিযুদ্ধের চেতনা ফিরিয়ে আনা হয়েছে।গতকাল শনিবার বিকেলে রাজধানীর হাজারীবাগ বেড়িবাঁধ এলাকায় স্থানীয় আওয়ামী লীগ আয়োজিত জনসভায় প্রধানমন্ত্রী এসব কথা বলেন। এর আগে প্রধানমন্ত্রী হাজারীবাগে বেগম ফজিলাতুন্নেসা মুজিব সরকারি মহাবিদ্যালয় এবং শেখ রাসেল সরকারি উচ্চবিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। উল্লেখ্য, শিক্ষা মন্ত্রণালয়ের উদ্যোগে ঢাকা মহানগরে ১৭টি শিক্ষাপ্রতিষ্ঠান নির্মাণ করা হবে। প্রধানমন্ত্রী দুটি প্রতিষ্ঠানের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন। শেখ হাসিনা বলেন, জনকল্যাণের লক্ষ্যেই সংবিধান সংশোধন করা হয়েছে। এতে বিরোধী দল খুশি হবে না, এটাই স্বাভাবিক। কারণ, অবৈধভাবে ক্ষমতা দখলকারীদের পকেট থেকে তাদের জন্ম। তাদের লক্ষ্য ক্ষমতায় গিয়ে হত্যা, ক্যু ও ষড়যন্ত্র করা। ক্ষমতায় গিয়ে লুটপাট করে সম্পদশালী হওয়া। আর আওয়ামী লীগের লক্ষ্য জনগণের উন্নয়ন করা। তিনি বলেন, জনগণ ভোটের মালিক। তারা ভোট দিয়ে পছন্দের সরকার গঠন করবে। জনগণের ভাগ্য নিয়ে কেউ যাতে ছিনিমিনি খেলতে না পারে, সে কারণেই সংবিধান সংশোধন করা হয়েছে।প্রধানমন্ত্রী বলেন, ‘বিএনপি জঙ্গিবাদের সমর্থক, দখলবাজ ও টাকা পাচারকারী। আর আমরা কল্যাণের রাজনীতি করি। এখানেই বিএনপির সঙ্গে আওয়ামী লীগের পার্থক্য।’ তিনি বলেন, মধ্যপ্রাচ্যের দেশগুলোয় সংকট চলতে থাকায় তেলের দাম বেড়েছে। এর প্রভাবে দ্রব্যমূল্যও কিছুটা বেড়েছে। তবে যত টাকাই লাগুক দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখা হবে। জনগণকে কষ্ট পেতে দেওয়া হবে না। শেখ হাসিনা বলেন, প্রাথমিক ও মাধ্যমিক স্তরে বিনা মূল্যে বই বিতরণ করা হচ্ছে। গরিব মা-বাবার ছেলেমেয়েরা যাতে লেখাপড়া করতে পারে সে জন্য তহবিল গঠন করা হয়েছে। স্থানীয় এলাকার উন্নয়ন প্রকল্পের বর্ণনা দিয়ে তিনি বলেন, ৫০০ কোটি টাকা ব্যয়ে হাজারীবাগে কবরস্থান করা হবে। হাজারীবাগ ট্যানারি অন্যত্র সরিয়ে নেওয়া হবে। বস্তিবাসীদের নতুন ঘরবাড়ি করে দেওয়া হবে। তারা যেন স্বনির্ভর হতে পারে, সে জন্য ক্ষুদ্রঋণ দেওয়া হবে।স্থানীয় সাংসদ শেখ ফজলে নূর তাপসের সভাপতিত্বে অনুষ্ঠিত জনসভায় আরও বক্তব্য দেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ, আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য শেখ ফজলুল করিম সেলিম, আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক, স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু, সাংসদ মোস্তফা জালাল মহিউদ্দিন, এ কে এম রহমতুল্লাহ, ঢাকা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, সাবেক সাংসদ মোহাম্মদ সেলিম প্রমুখ।