জনগণের ঘৃণার হাত থেকে রক্ষা পেতে সরকারের বিরুদ্ধে প্রতিনিয়ত বিষোদগার করে চলেছে বিএনপি। তারেক-কোকোর দুর্নীতি ঢাকতে এবং যুদ্ধাপরাধীদের বিচার বাধাগ্রস্ত করার জন্য তারা এই পথ বেছে নিয়েছে। জোট সরকারের দুর্নীতির চিত্র তুলে ধরায় তারা জাতির উদ্দেশে প্রধানমন্ত্রীর দেওয়া ভাষণের ঢালাও সমালোচনা করছে।প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাষণ নিয়ে বিএনপির বক্তব্যের সমালোচনা করে আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ আজ শুক্রবার এক আলোচনা সভায় এই মন্তব্য করেন। বঙ্গবন্ধু এভিনিউয়ে ইউনাইটেড ফেডারেশন অব গার্মেন্টস ওয়ার্কার আয়োজিত এই আলোচনা সভার সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি রায় রমেশ চন্দ্র।মাহবুব উল আলম হানিফ বলেন, গার্মেন্টস সেক্টরে সরকার নতুন মজুরি বোর্ড ঘোষণাসহ রেশন-পদ্ধতি চালুর মধ্য দিয়ে শ্রমিকদের বিভিন্নভাবে সহায়তা করে যাচ্ছে। তিনি বলেন, বিএনপি-জামায়াত জোট সরকারের আমলে অনেক শিল্পকারখানা বন্ধ করে দেওয়া হয়েছিল। কিন্তু আওয়ামী লীগ ক্ষমতায় এসে অনেক বন্ধ কলকারখানা খুলে দিয়েছে। ২০১১ সালের মধ্যে আদমজি জুট মিল আবার চালু করা হবে।সরকারের দুই বছর পূর্তি উপলক্ষে আলোচনা সভায় আরও বক্তব্য দেন আওয়ামী লীগের শ্রমবিষয়ক সম্পাদক হাবিবুর রহমান সিরাজ, জাতীয় শ্রমিক লীগের সভাপতি আবদুল মতিন মাস্টার, রণজিত্ কুমার ঘোষ প্রমুখ। বাসস।