জনগণের চোখের ভাষা বুঝতে চেষ্টা করুন: ফখরুল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির নেতৃত্বাধীন চারদলীয় জোটের ঢাকা থেকে রাজশাহী বিভাগ অভিমুখে রোডমার্চে তিনটি পথসভা ও দুটি জনসভা অনুষ্ঠিত হবে। জেলা প্রশাসনের অনুমতি না পাওয়ায় সিরাজগঞ্জের হাটিকুমরুলের পথসভাটি অনুষ্ঠিত হবে না।নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে রোডমার্চ প্রস্তুতি ও কর্মসূচি নির্ধারণে অনুষ্ঠিত দলটির যৌথসভায় এ সিদ্ধান্ত হয়। বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এতে সভাপতিত্ব করেন।বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার নেতৃত্বে রাজশাহী অভিমুখে রোডমার্চের যাত্রা শুরু হবে ১৮ অক্টোবর, মঙ্গলবার সকাল ১০টায়। রোডমার্চটি গাজীপুর, টাঙ্গাইল, সিরাজগঞ্জ, বগুড়া, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ হয়ে ঢাকায় ফিরবে।১৮ অক্টোবর রোডমার্চ শুরুর পর প্রথম পথসভা হবে গাজীপুরের কালিয়াকৈরে। ওই দিন টাঙ্গাইলের ভুয়াপুরে দ্বিতীয় পথসভার পর বিকেলে বগুড়ায় আলতাফুন্নেছা উচ্চবিদ্যালয় মাঠে প্রথম জনসভা অনুষ্ঠিত হবে। রোডমার্চে গাড়ির বহর ওই দিন বগুড়ায় অবস্থান করবে। এর পরের দিন ১৯ অক্টোবর বগুড়া থেকে রওনা হয়ে নওগাঁয় এ টি এম হাইস্কুল মাঠে তৃতীয় পথসভা হবে। ওই দিন বিকেলে চাঁপাইনবাবগঞ্জে হরিমোহন উচ্চবিদ্যালয় মাঠে দ্বিতীয় জনসভা করবেন খালেদা জিয়া। এর মধ্য দিয়ে রাজশাহী অভিমুখে রোডমার্চ শেষ হবে। ডিগ্রি পরীক্ষার জন্য ২০ অক্টোবর নাটোরে বিএনপির জনসভা কর্মসূচি বাতিল করা হয়েছে।বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব যৌথসভা শেষে সাংবাদিকদের বলেন, উত্তরাঞ্চল অভিমুখে রোডমার্চে সিলেটের মতোই জনতার ঢল নামবে। বগুড়া ও চাঁপাইনবাবগঞ্জে স্মরণকালের বৃহত্তম জনসভা হবে। এসব জনসভায় জনগণ সরকারের বিরুদ্ধে অনাস্থা জানাবে। এবারের রোডমার্চে তিন হাজারের বেশি গাড়ি থাকবে।মির্জা ফখরুল অভিযোগ করেন, সিরাজগঞ্জের হাটিকুমরুল এলজিইডি কার্যালয়সংলগ্ন মাঠে পথসভা করার অনুমতি চাওয়া হলেও জেলা প্রশাসন এখনো অনুমতি দেয়নি। তিনি বলেন, বিএনপি মনে করে, প্রশাসনের শুভ বুদ্ধির উদয় হবে এবং সেখানে পথসভা করার অনুমতি দেবে। কেননা, এর আগে সেখানে প্রধানমন্ত্রী ও বিরোধীদলীয় নেতা জনসভা করেছেন। সরকার এই রোডমার্চকে আমলে নিচ্ছে না, এমন বক্তব্যের বিষয়ে বিএনপির নেতা বলেন, যখন যারা ক্ষমতায় থাকে, তারা কখনোই বাস্তবতা মেনে নিতে চায় না। তারা জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে সেটিও তারা বুঝতে চায় না। তিনি বলেন, ‘আমরা প্রধানমন্ত্রীকে অনুরোধ করেছি, জনগণের চোখের ভাষা, দেয়ালের লেখা বুঝতে চেষ্টা করুন। যদি শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর চান, তাহলে দ্রুত জনগণের দাবি মেনে নিয়ে নির্বাচন দিন।’সরকারের পতন ত্বরান্বিত করতে সংসদ থেকে পদত্যাগ করবেন কি না—এমন প্রশ্নের জবাবে মির্জা আলমগীর বলেন, সংসদ থেকে পদত্যাগ করার বিষয় এখনো আসেনি। সে বিষয়ে সংসদীয় কমিটির সভায় সিদ্ধান্ত হবে।যৌথসভায় উপস্থিত ছিলেন স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, ভাইস চেয়ারম্যান সাদেক হোসেন, চেয়ারপারসনের উপদেষ্টা এ জেড এম জাহিদ হোসেন, যুগ্ম মহাসচিব আমানউল্লাহ, বিএনপির নেতা বরকতউল্লাহ, সালাউদ্দিন আহমেদ, মো. শাহজাহান ও রুহুল কবির রিজভীসহ কেন্দ্রীয় এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা।