জনগণের টাকায় চলে জামায়াত: মুজাহিদ
জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মাদ মুজাহিদ বলেছেন, জনগণের টাকা ও দোয়ায় জামায়াতে ইসলামী চলে। এ জন্য কখনো বিদেশিদের তাবেদারি করা হয় না।আজ সোমবার জামায়াতের ঢাকা মহানগর কমিটি আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। বিদ্যুত্সংকটের সমাধান, বিনা টেন্ডারে বিদ্যুত্ প্লান্ট নির্মাণের চুক্তি করে দুর্নীতিকে অবাধ করার প্রতিবাদে মহানগর জামায়াতের কার্যালয়ে এ সমাবেশের আয়োজন করা হয়।আলী আহসান মোহাম্মাদ মুজাহিদ বলেন, ‘জামায়াত বিদেশি টাকায় চলে না। তাই কারও তাবেদারিও করে না। এ কারণে জনগণ জামায়াতের কথা বিশ্বাস করে। জামায়াত যদি বলে সরকার দেশ চালাতে ব্যর্থ, তবে জনগণও তা বিশ্বাস করে। কিন্তু সরকার জনগণের সামনে যেতে আমাদের বারবার বাধা দিচ্ছে।’মুজাহিদ বলেন, সম্প্রতি সরকার তাদের দলীয় লোকদের বিনা টেন্ডারে বিদ্যুত্ উত্পাদনের কাজ দিয়েছে। এর মাধ্যমে অবাধে দুর্নীতির সুযোগ তৈরি করা হয়েছে। তা ছাড়া টেন্ডার ছাড়াই এক হাজার ৩০০ কোটি টাকা গচ্চা দিয়ে সরকার একটি বিদেশি কোম্পানির সঙ্গে সমঝোতা চুক্তি স্বাক্ষর করেছে।মুজাহিদ অভিযোগ করেন, ভারত থেকে মাত্র ৫০০ মেগাওয়াট বিদ্যুত্ আনার জন্য শুধু অবকাঠামো নির্মাণে সরকার এক হাজার ৭০০ কোটি টাকা বরাদ্দ দিয়েছে। অথচ এর জন্য ব্যয় হবে মাত্র ৬৮০ কোটি টাকা। পেট্রোবাংলার সঙ্গে আলোচনা করে কয়লা ও গ্যাসভিত্তিক বিদ্যুত্ উত্পাদনের কথাও বলেন তিনি।