জনগণের দাবি বিবেচনা করে এই হরতাল
বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম বলেছেন, জনগণের দাবির কথা বিবেচনা করে এই হরতাল ডাকা হয়েছে। যুদ্ধাপরাধের বিচার, জামায়াতসহ ধর্মভিত্তিক দলগুলোর রাজনীতি নিষিদ্ধ, তেল-গ্যাসের মূল্য কমানোসহ জনগণের দাবি পূরণের জন্য হরতাল চলছে।আজ মঙ্গলবার পল্টন মোড়ে হরতাল পালনকারী দলগুলোর সমাবেশে মুজাহিদুল ইসলাম সেলিম এ কথা বলেন। হরতালে সরকার সমর্থন দিয়েছে কি না—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, সরকার তো সমর্থন দিয়ে নেতা-কর্মীদের ওপর হামলা চালিয়েছে। মাগুরা, নেত্রকোনা, সুনামগঞ্জে মিছিলে হামলা করা হয়েছে। আওয়ামী লীগের নেতারা শুধু নয়, পুলিশও হামলা চালিয়েছে।২০ ডিসেম্বর ইসলামী দলগুলোর ডাকা হরতাল সম্পর্কে সিপিবির সভাপতি বলেন, নৈরাজ্য ও সন্ত্রাসমূলক কর্মকাণ্ড মোকাবিলা করার ক্ষমতা সিপিবি ও বাসদের আছে। আজ বিকেলে সংবাদ সম্মেলন করে পরবর্তী কর্মসূচি ঠিক করা হবে বলেও তিনি উল্লেখ করেন।বাংলাদেশ সমাজতান্ত্রিক দলের (বাসদ) সভাপতি খালেকুজ্জামান বলেছেন, কোথাও যদি কোনো অঘটন ঘটে তবে এর দায় সরকারকে নিতে হবে। আজকের হরতালে সমর্থন দিয়েছে বাম গণতান্ত্রিক মোর্চাও। দলটির নেতা বিপ্লবী কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক আশাপ্রকাশ করেন, এ ধরনের আন্দোলনের মধ্য দিয়ে দেশের বাম গণতান্ত্রিক মোর্চাগুলোর মধ্যে ঐক্য আসবে।