জনগণের প্রতি দায়িত্ব পালনে যেন গাফিলতি না হয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা পুলিশ বাহিনীর উদ্দেশে বলেছেন, ‘মনে রাখবেন, আপনাদের বেতন হয় জনগণের ট্যাক্সের টাকায়, জনগণের প্রতি দায়িত্ব পালনে যেন কোনো গাফিলতি না হয়।’ তিনি জনবান্ধব পুলিশ গড়তে পুলিশ সদস্যদের নির্দেশ দিয়েছেন। প্রধানমন্ত্রী বলেন, অপরাধী যে-ই হোক, যে দলেরই হোক, তাকে ছাড় দেওয়া যাবে না। অপরাধীরা সমাজ, পরিবার বা দলের জন্য কখনো মঙ্গলজনক হয় না। তিনি গতকাল রোববার সকালে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সদর দপ্তরে নতুন ভবনের আনুষ্ঠানিক উদ্বোধন উপলক্ষে আয়োজিত সুধী সমাবেশে এসব কথা বলেন। শেখ হাসিনা বলেন, পুলিশের নানা সীমাবদ্ধতা আছে, আছে সংকট। যানবাহন নেই, বাসস্থান নেই, নেই থানা ভবনও। সারা দিন ডিউটির পর দেখা যায়, ঘুমানোর জায়গা নেই। আমরা এসব সমস্যা সমাধানের চেষ্টা করছি। আমরা প্রকল্পের কিছু গাড়ি পুলিশকে দিতে চেয়েছিলাম। কিন্তু স্বরাষ্ট্র মন্ত্রণালয় নিজ থেকে কোনো কিছু চায় না। দরকার হলে প্রকল্পের গাড়ি বিনা পয়সায় পুলিশকে দেওয়া হবে।পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) নূর মোহাম্মদের সভাপতিত্বে সমাবেশে স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন, স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক, গৃহায়ণ ও পূর্ত প্রতিমন্ত্রী আবদুল মান্নান খান, সাংসদ রাশেদ খান মেনন ও ডিএমপি কমিশনার এ কে এম শহীদুল হক বক্তব্য দেন। প্রধানমন্ত্রী বলেন, পুলিশের সমস্যা অনেক, সরকার এসব সমস্যা সম্পর্কে অবগত। এসব সমস্যার মধ্যে পুলিশের লোকবল বাড়ানোর প্রক্রিয়া ইতিমধ্যে শুরু হয়েছে। এ বছর ১৩ হাজারের বেশি জনবল নিয়োগ করা হচ্ছে। পুলিশ কনস্টেবলদের টাইম স্কেল সমস্যার সমাধান করা হচ্ছে। সাব-ইন্সপেক্টর ও ইন্সপেক্টরদের যথাক্রমে দ্বিতীয় ও প্রথম শ্রেণীর কর্মকর্তা করার বিষয়টি সরকারের বিবেচনায় আছে। তিনি বলেন, সন্ত্রাসীরা এখন পুলিশের চেয়ে আধুনিক যান ও সরঞ্জাম ব্যবহার করে। তারা যখন স্পিডবোট নিয়ে চলে, পুলিশ তখন ট্রলারে যায়। সন্ত্রাসীরা যখন দামি গাড়ি হাঁকায়, পুলিশ তখন রিকুইজিশন করা লক্কড়-ঝক্কড় মার্কা গাড়ি নিয়ে ধাওয়া করে। সরকার এটা জানে। তিনি আরও বলেন, মামলা তদন্ত করতে অনেক অর্থ দরকার, কিন্তু সেটা দেওয়া হয় না। তদন্ত পরিচালনার জন্য আমাদের ভালো ব্যবস্থা নেই।প্রধানমন্ত্রী বলেন, আগের সরকারের আমলে থানায় মামলা নেওয়া হতো না। বলা হতো মামলার সংখ্যা বাড়লে সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন হবে। বর্তমান সময়ে কেউ মামলা করতে গিয়ে ফিরে আসে না। এখন নির্যাতিতদের যেকোনো মামলা নিতে হবে। মামলার সংখ্যা বাড়ুক, তাতে কিছু যায় আসে না। কিন্তু নির্যাতিত হলে যে কেউ যেন থানায় গিয়ে বিচার চাইতে পারে।শেখ হাসিনা বলেন, ‘বিশ্বে অপরাধের ধরন পাল্টে যাচ্ছে, অপরাধীরা নতুন নতুন কলাকৌশল গ্রহণ করছে। আমরাও অপরাধ নিয়ন্ত্রণে আধুনিক প্রযুক্তি গ্রহণ করতে চাই। পুলিশ সদস্যদের উদ্দেশে তিনি বলেন, মানুষ যেন পুলিশ বাহিনীকে দেখে ভয় না পায়। যেন আস্থা পায় এই ভেবে যে পুলিশ আমাদের উদ্ধারকারী। এই মনোভাব আপনারা তৈরি করবেন। কেননা শাসক নয়, জনগণের সেবক হিসেবে এই সরকার নিজেদের প্রমাণ করতে চায়।’প্রধানমন্ত্রী বলেন, নিমতলীর ঘটনায় পুলিশ ও দমকল বাহিনী যা করেছে, সেটাতেই প্রমাণিত হয়েছে পুলিশ সত্যিকারেই জনগণের বন্ধু। তিনি বলেন, ‘আমি রাতভর যখনই ফোন করেছি পুলিশ কমিশনারকে পেয়েছি, তিনি তখন ঘটনাস্থলেই ছিলেন।’ স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন বলেন, মোবাইল ফোনে সন্ত্রাস ও চাঁদাবাজি নিয়ন্ত্রণে পুলিশকে আরও দক্ষতা অর্জন করতে হবে। “ আইজিপি নূর মোহাম্মদ বলেন, পুলিশ তাদের কাজের জন্য জনগণের কাছে জবাবদিহি করতে চায়। কিন্তু সেই জবাবদিহির জন্য পরিবেশ থাকতে হবে। অনুষ্ঠানে ডিএমপির কমিশনার বলেন, রাজধানীতে প্রতিদিন গড়ে ২০০টি করে গাড়ি পুলিশ রিকুইজিশন করে। পুলিশের যানবাহন না থাকার কারণেই এটা করতে হয়। কিন্তু এতে করে জনগণকে দুর্ভোগ পোহাতে হয়। পুলিশের যানবাহন থাকলে এটা করতে হতো না। তিনি বলেন, রাজধানীর ৪১টি থানার মধ্যে মাত্র ২০টি থানার নিজস্ব ভবন আছে। বাকি থানা ভবনের সম্পত্তি পুলিশের নয়। পুলিশ অন্যের জায়গায় বসে দায়িত্ব পালন করে।