জনগণের রায়কে অসম্মান না করতে খালেদার প্রতি হাসিনার আহ্বান
প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্বাচন, ভোটার তালিকা ও সরকারকে অবৈধ বলে জনগণের রায়কে অসম্মান না করার জন্য বিরোধী দলের নেতা খালেদা জিয়ার প্রতি আহ্বান জানিয়েছেন। আজ বৃহস্পতিবার গণভবনে আওয়ামী লীগের সংসদীয় দলের সভায় তিনি এ আহ্বান জানান।সংসদ নেত্রী শেখ হাসিনা বলেন, বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান অবৈধভাবে ক্ষমতা দখল করে রাষ্ট্রপতি হয়ে দল গঠন করেছিলেন। যাদের দল অবৈধ, তাদের নেতা সবকিছুকে অবৈধ দেখবেন এটাই স্বাভাবিক।সংসদীয় দলের সভায় শেখ হাসিনা আরও বলেন, ২০০৮ সালের ডিসেম্বর মাসে অনুষ্ঠিত নির্বাচন অত্যন্ত অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হয়েছে। ভবিষ্যতে নির্বাচনপ্রক্রিয়া আরও স্বচ্ছ ও অবাধ করার জন্য ইলেকট্রনিক পদ্ধতিতে ভোট গ্রহণের আগ্রহ প্রকাশ করে তিনি বলেন, ‘আমরা গণতন্ত্রকে আরও সুসংহত ও প্রাতিষ্ঠানিক রূপ দিতে চাই। কারণ গণতন্ত্র ছাড়া কখনোই দেশের উন্নয়ন সম্ভব নয়।’শেখ হাসিনা বলেন, বিরোধী দল সংসদে আসে না। তবে জনগণের জন্য না হলেও নিজেদের সংসদ সদস্যপদ টিকিয়ে রাখার জন্য তারা অচিরেই সংসদে যোগ দেবে। কারণ এরই মধ্যেই তাদের কারও কারও সংসদে ধারাবাহিকভাবে অনুপস্থিত থাকার ৯০ দিন পার হওয়ার সময় এসে গেছে।দ্রব্যমূল্য মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে রাখার জন্য সরকার প্রয়াস চালিয়ে যাচ্ছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ‘ভোটের মাধ্যমে জনগণ আমাদের ওপর যে আস্থা, বিশ্বাস রেখেছে অবশ্যই তার মর্যাদা দিতে হবে।’প্রধানমন্ত্রী ১৯৯৬-২০০১ সাল পর্যন্ত তাঁর সরকারের আমলকে দেশের স্বর্ণযুগ আখ্যায়িত করেছেন। অনুষ্ঠানে মন্ত্রিসভার সদস্য ও দলীয় সাংসদেরা উপস্থিত ছিলেন। বাসস।