জনগণের সমস্যা নিয়ে আন্দোলনে সাড়া পাওয়া যায় না
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিএনপি তৃতীয় শক্তিতে বিশ্বাস করে না। তবে রাজনৈতিক কোনো তৃতীয় শক্তি যদি আসে, তাকে বিএনপি স্বাগত জানাবে। কিন্তু অরাজনৈতিক ও অসাংবিধানিক কোনো শক্তিকে বিএনপি প্রতিহত করবে।আজ বৃহস্পতিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) আয়োজিত মিট দ্য রিপোর্টার্স অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব এসব কথা বলেন। দ্রব্যমূল্য বৃদ্ধিসহ বিভিন্ন জনসম্পৃক্ত সমস্যা নিয়ে বিএনপি কেন আন্দোলন করে না—সাংবাদিকদের এমন প্রশ্নের উত্তরে ফখরুল বলেন, কলকাতায় ট্রামের ভাড়া পাঁচ পয়সা ভাড়া বাড়লে শহর অচল হয়ে পড়ে। এ দেশে তেমনটি হয় না। জনগণের সমস্যা নিয়ে আন্দোলন করলে সেভাবে জনগণের সাড়া পাওয়া যায় না। তবে বিএনপি এখন যেসব দাবিতে আন্দোলন করছে সেখানে জনগণের বিভিন্ন সমস্যা নিরসনের দাবি অন্তর্ভুক্ত রয়েছে বলে তিনি জানান।বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, তত্ত্বাবধায়ক সরকার ইস্যুতে আদালতের যাওয়ার কোনো প্রশ্ন নেই। তাঁর অভিযোগ, আদালতের পূর্ণাঙ্গ রায় বের হওয়ার আগে, রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বাতিল করা হয়েছে। তবে তিনি বলেন, ‘আমরা তখনই আদালতে যাব, যখন ন্যায়বিচার পাওয়ার নিশ্চয়তা পাব।’মির্জা ফখরুল বলেন, বিএনপি কোনো দলীয় সরকারের অধীনে নির্বাচনে যাবে না। সরকার বিষয়টি অনুধাবন করে রাজনৈতিক অচলাবস্থা নিরসনে এগিয়ে আসবে বলেও তিনি আশা প্রকাশ করেন।মানবতাবিরোধী অপরাধের বিচার প্রসঙ্গে এ প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, বিএনপি বারবার বলেছে, বিএনপি এ বিচার চায়। তবে কোনোমতেই যাতে এ বিচার রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত না হয় এবং অভিযুক্তরা যাতে ন্যায়বিচার পান।বিএনপি ক্ষমতায় গেলে মানবতাবিরোধী অপরাধের বিচার করবে কি না জানতে চাইলে ফখরুল বলেন, আওয়ামী লীগ বলেছে, তাদের আমলেই মানবতাবিরোধী সব অপরাধীর বিচার শেষ করবে। সে ক্ষেত্রে বিএনপি ক্ষমতায় এলে দেখা যাবে।রোহিঙ্গাদের জামায়াত ইন্ধন দিচ্ছে—মন্ত্রীদের এমন অভিযোগের বিষয়ে মির্জা ফখরুল বলেন, মন্ত্রীরা যখন কথা বলেন, তখন দায়িত্ব নিয়ে কথা বলা উচিত। এখন তাঁদের দায়িত্ব সুনির্দিষ্ট তথ্যপ্রমাণ দিয়ে বিষয়টি প্রমাণ করা।তৈরি পোশাক খাতে অসন্তোষ সৃষ্টির ক্ষেত্রে একটি বড় দেশের ইন্ধন আছে বলে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মঈন খান ও আওয়ামী লীগ সাধারণ সম্পাদকের বক্তব্য প্রসঙ্গে জানতে চাইলে ফখরুল বলেন, এ বিষয়টি তাঁরাই ভালো বলতে পারবেন। তবে দল হিসেবে বিএনপির কাছে এ ধরনের কোনো তথ্য নেই।মির্জা ফখরুল বলেন, বিএনপি বিচারবহির্ভূত হত্যার সম্পূর্ণ বিরোধী। তারা ক্ষমতায় গেলে এটি বন্ধে ব্যবস্থা নেবে।বর্তমান ছাত্ররাজনীতি নিয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে মির্জা ফখরুল বলেন, বর্তমানে দেশের শতকরা ৮০ ভাগ ছাত্রছাত্রী রাজনীতি পছন্দ করে না। রাজনীতির জন্য এটা আশঙ্কাজনক। বিএনপির সহযোগী ছাত্রদলের নেতৃত্বে যাঁরা আছেন তাঁরা নিয়মিত ছাত্র নন—এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে ফখরুল বলেন, মেধাবী ছাত্রদের রাজনীতিতে আসতে হবে। যারা ছাত্ররাজনীতি করবে তাদের ছাত্র হতে হবে। এ লক্ষ্যে তাঁরা কাজ করছেন। অনুষ্ঠানের ডিআরইউর সভাপতি সাখাওয়াত হোসেন ও সাধারণ সম্পাদক সাজ্জাদ আলম খান উপস্থিত ছিলেন।