বিদ্যুৎ-সংকট, আইনশৃঙ্খলার অবনতি, বাড়িভাড়া বৃদ্ধি, পোশাকশিল্পের অস্থিরতায় সংসদে সরকারের সমালোচনা
জনজীবন দুর্বিষহ হয়ে উঠেছে
বাজেট গ্রহণের প্রক্রিয়া, ভাড়াভিত্তিক বিদ্যুৎকেন্দ্র, কালোটাকা সাদা করা, শেয়ারবাজার, আইনশৃঙ্খলা পরিস্থিতি, বাড়িভাড়া, পোশাকশিল্পের অস্থিরতা নিয়ে বিভিন্ন বিষয়ে সরকারের অবস্থানের সমালোচনা করেছেন ক্ষমতাসীন মহাজোটের সাংসদেরা। একজন সাংসদ বলেন, এসব সমস্যায় জনজীবন দুর্বিষহ হয়ে উঠেছে। অন্যদিকে কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী বিশ্বব্যাংকের কঠোর সমালোচনা করেছেন। তিনি বলেন, ‘বিশ্বব্যাংক বলেছে, “বিদ্যুতে ভর্তুকি দেওয়া যাবে না। কারণ, বিদ্যুতের ভর্তুকি বড়লোকেরা পায়।” আহা রে, গরিবের জন্য বিশ্বব্যাংকের কী দরদ!’স্পিকার আবদুল হামিদের সভাপতিত্বে গতকাল বাজেট আলোচনায় অংশ নিয়ে সাংসদেরা এসব কথা বলেন।রাশেদ খান মেনন বলেন, ‘বিদ্যুৎ নিয়ে কথা বললে প্রধানমন্ত্রী নাখোশ হন। সুরঞ্জিত বাবু দাঁড়িয়ে যান। ব্যক্তিগত আক্রমণ করেন তাঁর হারানো রাজত্ব ফিরে পাওয়ার বাসনায়। তবু বলব, বিদ্যুতের জরুরি উৎপাদন প্রয়োজন ছিল, কিন্তু তা সামগ্রিক অর্থনীতিকে জিম্মি করে নয়। ভাড়াভিত্তিক বিদ্যুৎকেন্দ্র যে ভুল ছিল, তা অর্থমন্ত্রী নিজেই স্বীকার করেছেন। সেই ভুল থেকে বেরিয়ে আসা উচিত।’শেয়ারবাজারে অস্থিরতার বিষয়ে অর্থমন্ত্রীকে দায়ী করে মেনন বলেন, অর্থমন্ত্রী এবার সরাসরি দুষ্টু বাজারের নষ্টদের পক্ষে দাঁড়িয়েছেন। পোশাকশ্রমিকদের ২০ শতাংশ মহার্ঘ ভাতা দেওয়ার দাবি জানিয়ে তিনি বলেন, মার্কিন রাষ্ট্রদূত ড্যান মজীনা বিজিএমইএ এবং বিকেএমইএর নেতাদের ধমকিয়েছেন। বাংলাদেশের পোশাকশিল্প নিয়ে আমেরিকার এএফএল-সিআইও অপপ্রচার চালাচ্ছে। হাজার হাজার ডলার দিয়ে এ দেশে তারা তাদের সংগঠন রেখেছে। সরকারের মাধ্যমেই এই ডলার আসে। অথচ সরকার ট্রেড ইউনিয়নের নেতাদের বিরুদ্ধে কথা বলে। মজীনা যখন পোশাক খাতের ট্রেড ইউনিয়নের নেতা হয়ে যান, তখন কোনো কথা বলে না।গত তিন অর্থবছরে কী পরিমাণ কালোটাকা সাদা করা হয়েছে, তার শ্বেতপত্র প্রকাশের দাবি জানান মহাজোটের আরেক শরিক জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি হাসানুল হক ইনু। তিনি বলেন, ‘কালোটাকা হারাম। এটা হালাল করা চলবে না। বিগত তিনটি বাজেটে কত টাকা হালাল হয়েছে, এর মধ্যে কত টাকা বিনিয়োগ হয়েছে, তার শ্বেতপত্র চাই।’ইনু বলেন, দলবাজি, ক্ষমতাবাজি, টেন্ডারবাজি বন্ধ করতে হবে। গুম, খুন, ক্রসফায়ারের দিন শেষ। এগুলো গণতন্ত্রে চলে না। সাগর-রুনির হত্যার কিনারা হলো না। ইলিয়াস আলীর হদিস নেই। শ্রমিক নেতা আমিনুল হত্যার রহস্য উদ্ঘাটন করা যায়নি। এ সবই বিব্রতকর। বাজারে গেলে গালমন্দ খেতে হয়। চাল, ডাল, তেলের দাম সাগরের ঢেউয়ের মতো ওঠানামা করছে। বিদ্যুৎ পরিস্থিতি সম্পর্কে ইনু বলেন, সরকার বিদ্যুৎ উৎপাদন করেও প্রশংসা পাচ্ছে না। আর জনগণের কাঁধ থেকে লোডশেডিংয়ের বোঝা নামছে না। প্রধানমন্ত্রীর উপদেষ্টা দেশদ্রোহী ও দেশপ্রেমিকের সংজ্ঞা যেভাবেই দেন না কেন, গণতন্ত্রে জবাবদিহি আছে। জনগণ প্রশ্ন করলে উত্তর দিতে হবে। বিরোধী দলের সমালোচনা করে ইনু বলেন, খালেদা জিয়া নির্বাচন চাইলে বিকল্প প্রস্তাব আনতেন। নির্বাচনকালীন সরকার কেমন হবে, প্রশাসনের ক্ষমতা কী হবে, নির্বাচন কমিশনের ক্ষমতা কী হবে—এসব বিষয়ে একটি স্থায়ী সমাধানের জন্য জাতীয় মতৈক্য দরকার।জাতীয় পার্টির টি আই এম ফজলে রাব্বি চৌধুরী বলেন, সাড়ে তিন বছরে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি দিন দিন নাজুক হয়েছে। ছিনতাই, হত্যা, গুম বেড়েছে। জীবনযাত্রার ব্যয় বেড়েছে। কৃষিতে বাম্পার ফলন হলেও কৃষকের মুখে হাসি নেই। কারণ, কৃষক ফসলের ন্যায্য দাম পাচ্ছেন না।কৃষিমন্ত্রী বলেন, বিরোধী দল বলে তারা ক্ষমতায় এলে নাকি বর্তমান সরকারের সব কাজ বাতিল করে দেবে। তাহলে কি কৃষকের ১০ টাকার ব্যাংক হিসাব বাতিল হবে? তিনি বলেন, ‘আমরা পোশাকশ্রমিকের জন্য ন্যূনতম মজুরি করেছি তিন হাজার টাকা। বিরোধী দল ক্ষমতায় গেলে এই মজুরি থাকবে না। শ্রমিক ভাইয়েরা সাবধান! বর্তমান সরকার বেশ কয়েকটি ফ্লাইওভার করছে, এগুলো ভেঙে দেবে বিএনপি। ঢাকা-ময়মনসিংহ চার লেন বাতিল হবে। বিদ্যুৎকেন্দ্র বন্ধ করে দেবে। দেশ অন্ধকারে ডুবে যাবে।’ তিনি প্রশ্ন রাখেন, ‘এগুলো বন্ধ করে খালেদা জিয়া কী করবেন, লুটপাট করবেন, পকেট ভরবেন?’মতিয়া চৌধুরী টিআইএন না থাকলে ব্যাংকের সুদের আয়ের ওপর ১৫ শতাংশ হারে উৎসে কর কর্তনের তীব্র বিরোধিতা করেন। বলেন, পাঁচ কোটি ব্যাংক আমানতকারীর কি তাহলে টিআইএন থাকতে হবে? জাতীয় পার্টির আনিসুল ইসলাম মাহমুদও বাজেটে এই প্রস্তাবের বিরোধিতা করেন।আবদুল মতিন খসরু সরকারের বাজেট প্রক্রিয়ার সমালোচনা করে বলেন, ‘আমরা ৩৫০ জন সংসদ সদস্য বাজেট নিয়ে কথা বলে যাচ্ছি। এর বিন্দুমাত্র প্রতিফলন বাজেটে থাকবে না। এভাবে বাজেট হতে পারে না।’ তিনি বলেন, ভারতে বাজেট প্রস্তাবের পর মন্ত্রণালয়ের জন্য বরাদ্দ করা প্রস্তাব স্ব স্ব মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটিতে পাঠানো হয়। এখানেও তা-ই করতে হবে।এ বিষয়ে রাশেদ খান মেনন বলেন, বাজেটের ওপর সংসদের কার্যকর কর্তৃত্ব প্রতিষ্ঠিত করতে হলে এ পদ্ধতির পরিবর্তন দরকার। একই মত দেন ফজলে রাব্বি চৌধুরীও।মতিন খসরু আরও বলেন, মাছে ভেজাল, তরকারিতে ভেজাল—এসব নিয়ে জনগণ তাঁদের কাছে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানায়। জনগণ বলে, খাবারে ভেজালকারীদের রেসকোর্স ময়দানে ফাঁসি দিতে পারেন না?রাশেদ খান মেনন অন্তর্বর্তী সরকারের রূপরেখা তৈরি করতে সংসদে এসে প্রস্তাব দেওয়ার জন্য বিএনপির প্রতি আহ্বান জানান। তিনি বলেন, দলীয় সরকার না নির্দলীয় সরকার, এটা নিরর্থক বিতর্ক। বিএনপি নির্বাচনের মাধ্যমে ক্ষমতার পরিবর্তন চাইলে সংসদে এসে প্রস্তাব দিতে হবে।প্রস্তাবিত বাজেটের কিছু বিষয়ে সমালোচনা করে মেনন বলেন, করের নিম্নসীমা দুই হাজার থেকে বাড়িয়ে তিন হাজার টাকা করা হলে গরিব মানুষ ক্ষতিগ্রস্ত হবে। মোবাইল ফোনে কথা বলার ওপর করারোপ যৌক্তিক নয়। অর্থমন্ত্রী বলেছেন কালোটাকা মোট জাতীয় আয়ের ৪২ থেকে ৮২ শতাংশ। এই অর্থ উদ্ধার করা প্রয়োজন। ১০ শতাংশ কর নিয়ে মাফ করে দিলে তা গ্রহণযোগ্য হবে না। তিনি বলেন, গ্যাস, বিদ্যুৎ, পানির অভাব এবং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে জনজীবন দুর্বিষহ। সাধারণ মানুষের আয়ের ৭০ শতাংশ বাড়িভাড়া বাবদ ব্যয় করতে হয়।অন্যান্যের মধ্যে বক্তব্য দেন চিফ হুইপ আবদুস শহীদ, মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী এ বি তাজুল ইসলাম, সাংসদ শেখ ফজলুল করিম সেলিম, আবদুর রহমান, ইসরাফিল আলম, মেহের আফরোজ প্রমুখ।