আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহবুবুল আলম বলেছেন, উন্নততর ও সুষ্ঠুভাবে দেশ পরিচালনা এবং জনজীবনে শান্তি প্রতিষ্ঠার মাধ্যমে বিরোধী দলের আন্দোলন মোকাবিলা করবে আওয়ামী লীগ। গতকাল শুক্রবার আওয়ামী লীগের সভানেত্রীর ধানমন্ডির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। বিএনপির চেয়ারপারসন বিভিন্ন সমাবেশে সরকার ও আওয়ামী লীগের বিরুদ্ধে যে বক্তব্য দিয়েছেন, মাহবুবুল আলম তা প্রত্যাখ্যান করেন। সংবাদ সম্মেলনে তিনি বর্তমান সরকারের নেওয়া বিভিন্ন পদক্ষেপ বর্ণনা করেন এবং বিএনপি নেত্রীর বক্তব্য খণ্ডন করেন।বিরোধী দলের উদ্দেশে আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক বলেন, ‘মিথ্যাচার ও মিথ্যা তথ্য দিয়ে জাতিকে বিভ্রান্ত করে দেশের অগ্রযাত্রা ব্যাহত করবেন না। আন্দোলনের নামে স্থিতিশীল শান্তিপূর্ণ গণতান্ত্রিক পরিবেশ নষ্ট করে নৈরাজ্য ও জনদুর্ভোগ সৃষ্টির পাঁয়তারা করা হলে জনগণ রুখে দাঁড়াবে।’ ‘চোরের খনি থেকে চোর বের হচ্ছে’—বরিশাল সমাবেশে খালেদা জিয়ার দেওয়া এমন বক্তব্যের প্রতিবাদ জানিয়ে মাহবুবুল আলম বলেন, এখন পর্যন্ত মহাজোট সরকারের কোনো মন্ত্রীর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ ওঠেনি। অথচ খালেদা জিয়া ও তাঁর সন্তানেরা যে দুর্নীতি-লুটপাট করেছে, স্বাধীনতার পর থেকে আজ পর্যন্ত দেশে যত মন্ত্রী হয়েছেন, সবার দুর্নীতি এক করলেও এর সমান হবে না। মাহবুবুল আলম দাবি করেন, খালেদা জিয়ার আলোচিত ‘কালো টাকা সাদা করা’র ঘটনায় তাঁর দুর্নীতির একটা ক্ষুদ্র অংশ উন্মোচিত হয়েছে মাত্র। তিনি বলেন, খালেদা জিয়ার আইনজীবী জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) বিরুদ্ধে মামলা করার যে ঘোষণা দিয়েছেন, তাতে আওয়ামী লীগের আপত্তি নেই। মামলা হলে এনবিআরের মাধ্যমে আরও দুর্নীতির তথ্য বেরিয়ে আসবে। সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাংসদ খালিদ মাহমুদ চৌধুরী, আহমদ হোসেন, মৃণাল কান্তি দাস প্রমুখ।