জনজোয়ারে ভেসে মহাকরণে ‘জনতার মুখ্যমন্ত্রী’ মমতা
পশ্চিমবঙ্গের গণতন্ত্রের ইতিহাসে এক বিরল দিন ছিল গতকাল শুক্রবার। বিশ্বের দীর্ঘতম সময় ধরে ক্ষমতাসীন গণতান্ত্রিকভাবে নির্বাচিত কমিউনিস্ট সরকারকে হটিয়ে ‘পরিবর্তনের দূত’ মমতা বন্দ্যোপাধ্যায় শপথ নিলেন মুখ্যমন্ত্রী পদে। নির্বাচনী সভার মতোই জনপ্লাবন গতকালও আছড়ে পড়ে মমতার শপথ অনুষ্ঠানকে ঘিরে। সেই ১৯৯৮ সালে কংগ্রেস ভেঙে তৃণমূল কংগ্রেস গড়ে বাম জোটের বিরুদ্ধে সংগ্রাম শুরু করেছিলেন মমতা। এবার রাজ্য বিধানসভার নির্বাচনে বিপুল ভোটে জিতে সমর্থকদের সেই সংগ্রামী ‘দিদি’ এখন থেকে সবার মুখ্যমন্ত্রী। পশ্চিমবঙ্গের প্রথম নারী মুখ্যমন্ত্রী মমতা। আর এ রাজ্যের অষ্টম মুখ্যমন্ত্রী।অতি গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব থেকে সমাজের অনগ্রসর ও অচ্ছুত শ্রেণী—প্রায় আক্ষরিক অর্থেই সব পেশা ও স্তরের মানুষের মহাসম্মিলন ঘটে এ শপথ গ্রহণকে কেন্দ্র করে। শপথ গ্রহণ অনুষ্ঠান হয় রাজ্যপালের বাসভবন রাজভবন চত্বরে। বিশাল প্যান্ডেলে তিন হাজারের বেশি অতিথির বসার ব্যবস্থা ছিল। বিদায়ী মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য ও বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসুও উপস্থিত ছিলেন।শপথের পরে অগণিত সমর্থকের বাঁধভাঙা উচ্ছ্বাস ও ভালোবাসায় সিক্ত হতে হতে মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্য সচিবালয় মহাকরণে প্রবেশ করেন। সঙ্গে ছিলেন ৩৬ জন সহকর্মী। জনতার প্রচণ্ড চাপে মহাকরণের বাইরের ও ভেতরের কর্ডন ও ব্যারিকেড ভেঙে পড়ে। মুখ্যমন্ত্রী মমতাকে লিফট এড়িয়ে সিঁড়ি বেয়ে বিকল্প পথে নিজ কক্ষে পৌঁছতে হয়; এরপর বসেন মন্ত্রিসভার প্রথম বৈঠকে।বৈঠকের পর মহাকরণে তাঁর প্রথম সংবাদ সম্মেলনে মমতা বলেন, ‘মা-মাটি-মানুষের সরকার হলো।’ তিনি জানান, সিঙ্গুরের কৃষকদের ৪০০ একর জমি ফেরত দান, মুসলিম উন্নয়নে বিচারপতি সাচার কমিটির রিপোর্ট পর্যালোচনা, রাজবন্দীদের বিরুদ্ধে দায়ের করা হয়রানিমূলক মামলা পর্যালোচনায় বিশেষজ্ঞ কমিটি গঠনসহ বেশ কিছু বিষয়ে সিদ্ধান্ত হয়েছে। রবীন্দ্রপ্রয়াণ দিবস বাইশে শ্রাবণ যৌথভাবে উদ্যাপনে বাংলাদেশকে অনুরোধ জানাতে কেন্দ্রকে বলা হবে বলেও উল্লেখ করেন নতুন মুখ্যমন্ত্রী। বিশাল শামিয়ানায় ছিল তৃণমূলের রং সবুজ ও সাদার ব্যবহার। মঞ্চসজ্জা ছিল সাধারণ, তবে শৈল্পিক। শপথবাক্য পাঠে ধর্মনিরপেক্ষতার একটি সুন্দর দৃষ্টান্ত দেখা গেল। রাজ্যপাল ৪৪ জনকেই আলাদাভাবে শপথ পাঠ করান। সবাই নিজ নিজ ধর্মমতে নিজের উপাস্যের নামে ও নিজ পছন্দের ভাষায় শপথ নেন। মমতা শপথ নেন বাংলায়। স্থানীয় সময় দুপুর একটা এক মিনিটে শপথ গ্রহণ অনুষ্ঠান শুরু হয়।শপথ শেষে রাজভবন থেকে মমতা হেঁটে যাচ্ছিলেন মহাকরণে। মিনিট পাঁচেকের হাঁটা পথটি পাড়ি দিতে দলবলসহ তাঁর লেগে যায় ২০ মিনিট। পথে মমতা সাংবাদিকদের কবলে পড়েন। নতুন মুখ্যমন্ত্রী বললেন, ‘আমি কমনার।’ মমতা যে জীবনাচরণে সত্যিই সাধারণ, তা অস্বীকার করেন না কেউই। এ পথটুকুতে হাজারো মানুষ রাস্তার দুই পাশে দাঁড়িয়ে মমতাকে অভিনন্দন জানান। গতকাল সকাল থেকেই রোদ উপেক্ষা করে সাধারণ মানুষের ঢল নামে রাজভবন ও মহাকরণ এলাকায়। শক্তিশালী নিরাপত্তাব্যূহ বারবার ধসে যায় জনজোয়ারে। ১৪৪ ধারা হয়ে পড়ে অকার্যকর।শপথ অনুষ্ঠানের আমন্ত্রিতদের মধ্যে ছিলেন লেখিকা ও মানবাধিকারকর্মী মহাশ্বেতা দেবী। মমতার অভিষেক সম্পর্কে প্রথম আলোকে মহাশ্বেতা বলেন, ‘আমি এত দিন ধরে যা বলে আসছি, তা-ই আজ সত্যে পরিণত হলো।’ মমতাকে তিনি ‘জনতার মুখ্যমন্ত্রী’ হিসেবে বর্ণনা করেন। মহাশ্বেতা দেবী অকপটে বলেন, ‘সর্বস্তরের মানুষের উপস্থিতিতে এমন অসাধারণ অনুষ্ঠান আমি আমার জীবনে এই প্রথম দেখলাম।’পাশেই ছিলেন ব্রিটিশবিরোধী সংগ্রামীদের পেনশনবিষয়ক রাজ্য কমিটির চেয়ারম্যান বর্ষীয়ান সুধাংশু জীবন গাঙ্গুলি। ৯৭ বছর বয়সী সুধাংশু জীবন বললেন, ‘আমি ড. প্রফুল্ল বোস ও বিধান রায়ের মুখ্যমন্ত্রী হওয়ার সংবর্ধনা দেখেছি। জ্যোতি বসুর সংবর্ধনায়ও ছিলাম। কিন্তু পশ্চিমবঙ্গে এ রকম বিশাল সংবর্ধনা এই প্রথম।’ তবে স্পিকার হাসিম আবদুল হালিমকে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘না, এ রকম সংবর্ধনা রাজ্যে আগেও হয়েছে।’রাজভবনের চত্বরে গতকাল একই সোফায় প্রবীণ কংগ্রেস নেতা প্রণব মুখোপাধ্যায়কে বাঁয়ে রেখে বসেছিলেন বিদায়ী মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য ও বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু। কংগ্রেসের পক্ষে স্বরাষ্ট্রমন্ত্রী পি চিদাম্বরমও ছিলেন। মমতা ও বুদ্ধদেব গতকাল খুব কাছাকাছি হন। কিন্তু তাঁদের বাক্যবিনিময় হয়নি। গতকাল রাজভবনের অনুষ্ঠানের অতিথির তালিকায় ছিলেন নন্দীগ্রাম ও নেতাইয়ের শহীদ পরিবারের সদস্যরা; ছিলেন বস্তিবাসী, যৌনকর্মীরাও। মহাকরণের পরিচালক (তথ্য) নন্দন রায় বললেন, তাঁরা তৃণমূলকে এক হাজারের বেশি কার্ড দেন। তারাই অতিথি নির্বাচন করে। বিচিত্র মানুষের সমাবেশ ঘটে শপথ অনুষ্ঠানে। তাঁদের একজন সাধু সোহম বাবা। নীল পোশাকে আপাদমস্তক আবৃত সাধুর হাতে কারুকার্যখচিত রুপালি লাঠি। হাতে একই রকম রুপালি বাক্স। সোহম বাবার দাবি, মমতা তাঁর শিষ্যা। সব ধর্মের সাধুসন্ত, লামা, ফকির-দরবেশদের সমর্থন পেয়েছেন বলেই মমতা লাল দুর্গ ভেঙে চুরমার করতে পেরেছেন। আমন্ত্রিতদের মধ্যে ছিলেন সাংস্কৃতিক জগতের খ্যাতনামা অনেকেই। তাঁদের মধ্যে বাংলা চলচ্চিত্রের স্বনামধন্য অভিনেত্রী সন্ধ্যা রায় বলেন, ‘মমতা এক নতুন সূর্য। নতুন সকাল। নারীমুক্তির প্রথম পদক্ষেপ।’ অন্য নামী ও জনপ্রিয় সাংস্কৃতিক ব্যক্তিত্বদের মধ্যে ছিলেন লেখিকা নবনীতা দেব সেন, কবি জয় গোস্বামী, চিত্রকর সমীর আইচ, শুভাপ্রসন্ন, টালিউড তারকা রঞ্জিত মল্লিক, সুপ্রিয়া দেবী, জিৎ, সংগীতশিল্পী উষা উত্থুপ, নাট্যব্যক্তিত্ব শাঁওলী মিত্র, নৃত্যশিল্পী মমতা শংকর প্রমুখ। মমতার পর শপথ নেন ৩৩ জন পূর্ণ মন্ত্রী এবং চারজন প্রতিমন্ত্রী। মমতার মন্ত্রিসভার মোট সদস্য ৪৩। এখনো বাকি রয়েছে পাঁচজন মন্ত্রীর শপথ। এই পাঁচজন মন্ত্রী হবেন কংগ্রেস থেকে। কংগ্রেস পাচ্ছে মোট সাতজন মন্ত্রী। তবে তারা নাম চূড়ান্ত করতে না পারায় গতকাল দুজন শপথ নেন।