জনতা কখনো ভুল সিদ্ধান্ত নেয় না: আইভী
নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদপ্রার্থী সেলিনা হায়াত্ আইভী বলেছেন, ‘৫২, ৬৯, ৭০, ৭১ এবং ৯১-এ জনতার জয় হয়েছে। জনতার জয় হবেই হবে। কারণ জনতা কখনো ভুল সিদ্ধান্ত নেয় না। নারায়ণগঞ্জ ও সারা দেশে জনগণ আজ প্রমাণ করল, জনতা যা বলে, তাই রাখে। এটা জনতার বিজয়, আর জনগণের বিজয় নিশ্চিত।’আজ রোববার নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনের ভোট গণনার সময় নিজ বাসভবনে সাংবাদিকদের এ কথা বলেন আইভী।নির্বাচনে সেনা মোতায়েন না হওয়া প্রসঙ্গে আইভী বলেন, ‘এটা খুবই ইতিবাচক, খুবই ভালো একটা দিক। সেনা মোতায়েন ছাড়াও সুষ্ঠু নির্বাচন করা যে সম্ভব, এটাই আজ প্রমাণিত হলো। আর এটা কিন্তু বাংলাদেশ সরকারই প্রমাণ করল। কিন্তু নারায়ণগঞ্জবাসী বিভিন্ন কারণে ভীত ও শঙ্কিত থাকায় সেনা মোতায়েনের দাবি জানিয়েছিল। আজকে নারায়ণগঞ্জবাসীও আমাদের পক্ষে গিয়েছে। আমি তো বলেছিলাম যে আমার সেনাবাহিনীর দরকার নেই। লক্ষ জনতাই আমার সেনাবাহিনী। আজকে কিন্তু এই নারায়ণগঞ্জের লাখ লাখ জনতা শান্তিপূর্ণ ও স্বতঃস্ফূর্তভাবে সেই ভূমিকাটিই পালন করেছেন। শান্তিকামী জনতা শান্তি প্রতিষ্ঠার জন্য রায় দিয়েছে অন্যায়ের বিরুদ্ধে, রায় দিয়েছে ভূমিদস্যুদের বিরুদ্ধে। জয় হোক জনতার, বিজয় হোক গণমানুষের।’