জনতা টাওয়ারে হচ্ছে ‘সফটওয়্যার পার্ক’
কারওয়ান বাজারে অবস্থিত জনতা টাওয়ারে দেশের প্রথম ‘সফটওয়্যার পার্ক’ করার উদ্যোগ নিয়েছে সরকার। বিজ্ঞান এবং তথ্য ও যোগাযোগপ্রযুক্তি মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে এ পার্ক স্থাপন করা হবে। অব্যবহূত এ ভবনটিকে ব্যবহারের উপযোগী করে তুলে পার্ক করতে মোট ব্যয় হবে প্রায় ৫০ কোটি টাকা।সফটওয়্যার পার্ক করার জন্য ১৩ তলার এ ভবনটি বরাদ্দ চেয়ে গতকাল গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ে আনুষ্ঠানিক চিঠি পাঠিয়েছে বিজ্ঞান এবং তথ্য ও যোগাযোগপ্রযুক্তি মন্ত্রণালয়।চিঠিতে দ্রুত এ ভবনটি বরাদ্দ দিতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব খন্দকার শওকত হোসেনকে অনুরোধ জানিয়েছেন বিজ্ঞান এবং তথ্য ও যোগাযোগপ্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব আবদুর রব হাওলাদার।জানতে চাইলে গৃহায়ণসচিব প্রথম আলোকে বলেন, জনতা টাওয়ারের আটতলা পর্যন্ত বিভিন্ন প্রতিষ্ঠানকে বরাদ্দ দেওয়া হয়েছিল, যা এখন বাতিল করতে হচ্ছে। এসব প্রতিষ্ঠান প্রথমে সরিয়ে দিতে হবে। এরই মধ্যে তাদের নোটিশও দেওয়া হয়েছে। এরপর বিকল্প বরাদ্দ হিসেবে ইজারা দেওয়া হবে বিজ্ঞান এবং তথ্য ও যোগাযোগপ্রযুক্তি মন্ত্রণালয়কে।বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়কে দেওয়া চিঠিতে জানানো হয়েছে, বিশ্বের তথ্য ও যোগাযোগপ্রযুক্তি খাতে বাংলাদেশের অবস্থান উন্নত করার জন্য দেশের সফটওয়্যার শিল্পের বিকাশ দ্রুত ও নিশ্চিত করতে এ সফটওয়্যার পার্ক নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে।চিঠিতে বলা হয়, বর্তমানে তথ্য ও যোগাযোগপ্রযুক্তি ছাড়া দেশের ব্যবসা-বাণিজ্যের প্রসার অসম্ভব। এ ছাড়া বিশ্ববাজারে তথ্য ও যোগাযোগপ্রযুক্তি শিল্পেরও রয়েছে বিরাট বাজার। সব মিলিয়ে দেশের সফটওয়্যার শিল্প বিশ্ববাজারে ছড়িয়ে দিতে জনতা টাওয়ারটি বিজ্ঞান এবং তথ্য ও যোগাযোগপ্রযুক্তি মন্ত্রণালয়ের অনুকূলে বরাদ্দ দেওয়ার অনুরোধ জানানো হয়।সচিব আবদুর রব হাওলাদার প্রথম আলোকে বলেন, দেশে হার্ডওয়্যারের দুটি বড় মার্কেট থাকলেও সফটওয়্যারের কোনো ভবন নেই। যে কারণে এই সফটওয়্যার পার্কটি দেশে একটি নতুন ফলক উন্মোচন করবে। বিদেশিরাও বাংলাদেশে বিনিয়োগ করতে উৎসাহী হবে।জানা গেছে, এ পার্ক করার মাধ্যমে দেশে ছড়িয়ে-ছিটিয়ে থাকা সফটওয়্যার প্রতিষ্ঠানের মধ্য থেকে উন্নত ও ভালো সফটওয়্যার কোম্পানিগুলোকে একই ছাদের নিচে নিয়ে আসা হবে। এসব কোম্পানি একই ভবন থেকে কাজ করার ফলে প্রযুক্তির বিনিময় করতে পারবে এবং বাজার ও রপ্তানি বাড়বে।বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের কার্যনির্বাহী পরিচালক মাহফুজুর রহমান প্রথম আলোকে বলেন, ভবনটিতে বিদ্যুৎ-সুবিধা ও ইন্টারনেটের হাইস্পিড নিশ্চিত করতে হবে। পুরো ভবনটি ‘সবুজ ভবন’ হিসেবে পরিচিতি পাবে, ভবনে ব্যবহার করা হবে সোলার প্যানেল।বাংলাদেশ সফটওয়্যার অ্যাসোসিয়েশনের ভারপ্রাপ্ত মহাসচিব হাশিম আহমেদ বলেন, বাংলাদেশে সফটওয়্যার কোম্পানির কোনো আলাদা ভবন না থাকায় এ শিল্পের বিকাশ হচ্ছে না। ভারত ও ভুটানে এমন বেশ কয়েকটি পার্ক থাকলেও বাংলাদেশে এ ধরনের কোনো পার্ক নেই।