জনতা টাওয়ারের বরাদ্দ চাইল এফবিসিসিআই
নিজেদের সক্ষমতা বাড়াতে সরকারের কাছে ৩০ কোটি টাকা চেয়েছে দেশের ব্যবসায়ী ও শিল্পপতিদের শীর্ষ সংগঠন বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশন (এফবিসিসিআই)।ব্যবসা-বাণিজ্য তথা শিল্পোন্নয়নে ভূমিকা রাখতে এফবিসিসিআইকে আধুনিক সংস্থা হিসেবে গড়ে তোলা জরুরি—এ কথা উল্লেখ করে সংগঠনটি কারওয়ান বাজারের বহুতলবিশিষ্ট জনতা টাওয়ারটিও এফবিসিসিআইয়ের নামে বরাদ্দ দিতে সরকারের কাছে দাবি জানিয়েছে।আজ বুধবার সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এফবিসিসিআইয়ের নবনির্বাচিত পরিচালনা পর্ষদ বাণিজ্যমন্ত্রী ফারুক খানের সঙ্গে মতবিনিময়কালে এসব দাবি উত্থাপন করে।এফবিসিসিআইয়ের সভাপতি এ কে আজাদের নেতৃত্বে ৪০ সদস্যের প্রতিনিধিদলে অন্যদের মধ্যে ছিলেন সংগঠনের প্রথম সহসভাপতি জসিম উদ্দিন, সহসভাপতি মোস্তফা আজাদ চৌধুরী, পরিচালক আবদুল হক, হারুন-উর রশিদ, হেলাল উদ্দিন, এম এ মোমেন প্রমুখ। বাণিজ্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মনোজকুমার রায় ও শওকত আলী ওয়ারেছী এ সময় উপস্থিত ছিলেন।এফবিসিসিআইয়ের নেতারা তৈরি পোশাক শিল্পের মালিকদের ব্যবসায়ে উেস কর কমানো, রপ্তানিতে নগদ সহায়তা দেওয়া, ব্যাংক সুদের হারকে এক অঙ্কের ঘরে নামিয়ে আনা, শিল্প পুলিশ গঠন, বিশেষ অর্থনৈতিক অঞ্চল গঠন, রাষ্ট্রায়ত্ত লোকসানি প্রতিষ্ঠান বেসরকারি খাতে ছেড়ে দেওয়া, অবকাঠামোগত সহায়তা, বিদ্যুত্ ও জ্বালানি পরিস্থিতির উন্নয়নে সরকারের সহযোগিতা দাবি করেন।বাণিজ্যমন্ত্রী ফারুক খান ব্যবসায়ীদের দাবির মধ্যে অনেকগুলোই বিবেচনাযোগ্য বলে উল্লেখ করেন। তিনি একটি কমিটি গঠনের মাধ্যমে ব্যবসার পরিবেশকে আরও উন্নত করার জন্য ব্যবসায়ীদের প্রস্তাবনা এবং সুপারিশগুলো বাস্তবসম্মত করে আগামী সাত থেকে ১০ দিনের মধ্যে পেশ করার পরামর্শ দেন।বাণিজ্যমন্ত্রী বলেন, ‘সরকারকে নিয়মমাফিক রাজস্ব আদায় করতে হয়। অবকাঠামো উন্নয়নের জন্যও রাজস্ব দরকার। আপনারাই তো অবকাঠামো উন্নয়নের কথা বলেন। বাস্তবতার নিরিখে দাবি জানালে বিবেচনায় নেওয়া হবে।’