জনতা ব্যাংকে চাকরির সুযোগ
রাষ্ট্রীয় মালিকানাধীন বাণিজ্যিক ব্যাংক জনতা ব্যাংকে কর্মকর্তা পর্যায়ে লোক নিয়োগ দেওয়া হচ্ছে। জনতা ব্যাংকের মোট শাখা ৮৫১টি। এবারের নিয়োগ-প্রক্রিয়ায় জনতা ব্যাংক সহকারী নির্বাহী কর্মকর্তা এবং সহকারী নির্বাহী কর্মকর্তা-টেলার পদে মোট ৭৫৩ জনকে নিয়োগ দেবে। আবেদন করা যাবে ১০ মে পর্যন্ত। তাই দ্রুত আবেদন-প্রক্রিয়া শুরু করতে হবে। একই সঙ্গে চালিয়ে যেতে হবে নিয়োগ পরীক্ষার প্রস্তুতিও। জনতা ব্যাংকের নির্বাহী কর্মকর্তা মো. ইয়াসিন আলী জানান, বর্তমান সময়ে ব্যাংকে চাকরির পরীক্ষা অনেক বেশি প্রতিযোগিতামূলক। তাই প্রস্তুতি নিতে হবে ভেবেচিন্তে। যোগ্যতা ও আবেদন-প্রক্রিয়া সহকারী নির্বাহী কর্মকর্তা এবং সহকারী নির্বাহী কর্মকর্তা-টেলর পদের ক্ষেত্রে প্রার্থীদের কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ন্যূনতম দ্বিতীয় শ্রেণীসহ (সমমানের সিজিপিএ), চার বছরের স্নাতক (সম্মান) বা স্নাতকোত্তর ডিগ্রি লাগবে। প্রাতিষ্ঠানিক শিক্ষার পরীক্ষায় যেকোনো একটিতে প্রথম বিভাগ বা শ্রেণী (সমমানের সিজিপিএ) থাকতে হবে। দুটি পদের ক্ষেত্রেই প্রার্থীর বয়স ২১ থেকে ৩০ বছরের মধ্যে হতে হবে। আর মুক্তিযোদ্ধা বা শহীদ মুক্তিযোদ্ধার সন্তানদের ক্ষেত্রে সর্বোচ্চ ৩২ বছর নেওয়া হবে। কোনো পরীক্ষায় তৃতীয় শ্রেণী বা বিভাগ গ্রহণযোগ্য হবে না। দুটি পদের জন্যই কম্পিউটার জানা থাকতে হবে। প্রার্থীদের প্রতিযোগিতামূলক লিখিত ও মৌখিক পরীক্ষায় অংশ নিতে হবে। চাকরিরত প্রার্থীদের অবশ্যই যথাযথ কর্তৃপক্ষেরে মাধ্যমে আবেদন করতে হবে এবং নির্ধারিত তারিখের মধ্যে আবেদনপত্র ব্যাংকে পৌঁছাতে হবে। ‘জনতা ব্যাংক লিমিটেড’-এর অনুকূলে ইস্যুকৃত ৩০০ টাকার পে-অর্ডার/ব্যাংক ড্রাফট আবেদনপত্রের সঙ্গে পাঠাতে হবে। কোটা-সংক্রান্ত সরকারি নীতিমালা অনুসরণ করা হবে। পত্রিকায় প্রকাশিত জনতা ব্যাংকের নিয়োগ বিজ্ঞপ্তিতে বিস্তারিত জানা যাবে। আবেদনকারীকে নিয়োগ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা তথ্য দিয়ে ও প্রাসঙ্গিক কাগজপত্র এবং ব্যাংক ড্রাফট/পে-অর্ডারসহ ডাক/কুরিয়ারযোগে উপ-মহাব্যবস্থাপক, জনতা ব্যাংক লিমিটেড, মানবসম্পদ উন্নয়ন বিভাগ, প্রধান কার্যালয়, ১১০ মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা-১০০০ বরাবর আবেদন করতে হবে। এই চাকরির জন্য ইন্টারনেটেও আবেদন করা যাবে। www.janatabank-bd.com ঠিকানার ওয়েবসাইটে দেওয়া আবেদনপত্র পূরণ করার পর অটো জেনারেটেড ট্র্যাকিং নম্বরসহ আবেদনপত্রের একটি প্রিন্টকপি একই ঠিকানায় আবেদনকারীর সই, সনদপত্র এবং ব্যাংক ড্রাফট/পে-অর্ডারসহ ডাক/কুরিয়ারযোগে পাঠাতে হবে। যাঁরা সাদা কাগজে আবেদন করবেন, তাঁদের আর অনলাইনে আবেদন করার প্রয়োজন হবে না। তবে যাঁরা অনলাইনে আবেদন করবেন, তাঁদের অবশ্যই প্রিন্ট কপিসহ পূর্ণাঙ্গ আবেদনপত্র জমা দিতে হবে। পরীক্ষার প্রস্তুতি মো. ইয়াসিন আলী বলেন, নিয়োগ পরীক্ষার জন্য প্রস্তুতিও নিতে হবে ভালোভাবে। আর ব্যাংকে নিয়োগ পরীক্ষার জন্য ভালো প্রস্তুতি না থাকলে ভালো করা কঠিন। সব সরকারি এবং বেসকারি ব্যাংকেই নিয়োগ পরীক্ষার প্রশ্ন কম-বেশি একই ধরনের। তাই ব্যাংকে নিয়োগের জন্য অন্যান্য ব্যাংকের নিয়োগ পরীক্ষার নীতিমালা বিশ্লেষণ করলে দেখা যায়, প্রায় সব পরীক্ষায়ই প্রশ্নপত্র পার্ট-১ ও পার্ট-২—এ দুটি অংশে বিভক্ত থাকে। পার্ট-১-এ নৈর্ব্যক্তিক (এমসিকিউ) ও পার্ট-২-এ বর্ণনামূলক প্রশ্নের উত্তর দিতে বলা হয়। পার্ট-১ পরীক্ষা: নিয়োগ পরীক্ষার পার্ট-১-এ এমসিকিউয়ের মধ্যে থাকবে বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞান (বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয়াবলি), ব্যাংকিং ও অর্থনীতি, গণিত, বিজ্ঞান ও প্রযুক্তি। বাংলার জন্য বাজারে প্রচলিত বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতির বইয়ের সঙ্গে বিভিন্ন বেসিক ব্যাকরণ বই পড়া যেতে পারে বলে অভিমত দেন মো. ইয়াসিন আলী। ইংরেজিতে ভালো প্রস্তুতির জন্য কয়েকটি ব্যাংকের প্রশ্নপত্রের সলিউশন, জিম্যাট, স্যাট, আইইএলটিএসের পাঠ্যক্রম অনুসরণ করতে পারেন। আর ইংরেজি ব্যাকরণের খুঁটিনাটি বিষয়গুলোও দেখতে পারেন। পার্ট-২ পরীক্ষা: বর্ণনামূলক বিষয়ে যেসব বিষয় থাকে, তা হলো—সাম্প্রতিক বিষয়ে একটি রচনা, বাংলা থেকে ইংরেজিতে অনুবাদ, ইংরেজি থেকে বাংলায় অনুবাদ, সংক্ষিপ্ত প্রশ্নোত্তর ইত্যাদি। বাংলায় অনুবাদ ছাড়া সবকিছু লিখতে হবে ইংরেজি মাধ্যমে। আর বাংলায় সাম্প্রতিক বিষয়ের ওপর একটি রচনা লিখতে হবে। গণিত অংশে গতি, গড়, অনুপাত, শতকরা, লাভ-ক্ষতি ইত্যাদি বিষয়ে তিনটি থেকে পাঁচটি জটিল সমস্যা থাকতে পারে। ইংরেজি বিষয়ে ভালো করার জন্য প্রচুর ইংরেজি পত্রিকা, ব্যাকরণ ও রচনা পড়তে হবে। গণিতে ভালো করতে হলে নিয়মিত চর্চা করতে হবে। জনতা ব্যাংকের মানবসম্পদ উন্নয়ন বিভাগের জেনারেল ম্যানেজার মো. আবু বক্কর সিদ্দিক জানান, জনতা ব্যাংক একজন উদ্যমী তরুণের উজ্জ্বলপেশা গঠনের ক্ষেত্র হতে পারে। আমরা আমাদের ব্যাংকে মেধাবী ও কর্মঠ তরুণ-তরুণীদের নিয়োগ দিতে চাই।