উদ্ধার হওয়া প্রশ্নপত্রের সঙ্গে মূল প্রশ্নপত্রের মিল নেই
জনতা ব্যাংকের নিয়োগ পরীক্ষার ভুয়া প্রশ্নপত্রসহ ১৬ জন আটক
জনতা ব্যাংকের নির্বাহী কর্মকর্তা পদে নিয়োগ পরীক্ষার ভুয়া প্রশ্নপত্রসহ গত বৃহস্পতিবার রাতে পুরান ঢাকা থেকে ১৬ জনকে আটক করেছে র্যাব। তবে জনতা ব্যাংক কর্তৃপক্ষ বলছে, পরীক্ষা সুষ্ঠু হয়েছে। হাতে লেখা ওই প্রশ্নপত্রের সঙ্গে পরীক্ষার মূল প্রশ্নের কোনো মিল পাওয়া যায়নি।গতকাল শুক্রবার সকাল ১০টায় রাজধানীর বিভিন্ন কেন্দ্রে দুই ঘণ্টাব্যাপী নিয়োগ পরীক্ষা হয়। ৪৩৭টি বিজ্ঞাপিত পদের বিপরীতে প্রায় ৮০ হাজার পরীক্ষার্থী লিখিত পরীক্ষা দেন। পরীক্ষা শুরুর সময়ই গ্রেপ্তার ও ‘প্রশ্নপত্র ফাঁসের’ খবর ছড়িয়ে পড়লে হলগুলোতে পরীক্ষার্থীদের মধ্যে উদ্বেগের সৃষ্টি হয়।এ ব্যাপারে জনতা ব্যাংকের চেয়ারম্যান অধ্যাপক আবুল বারকাত প্রথম আলোকে বলেন, ‘পরীক্ষা সুষ্ঠু হয়েছে। র্যাবের উদ্ধার হওয়া প্রশ্নপত্রের সঙ্গে পরীক্ষার মূল প্রশ্নপত্রের কোনো মিল পাওয়া যায়নি। এ কারণে পরীক্ষা বাতিলের প্রশ্নই ওঠে না।’র্যাব-১০-এর সহকারী পরিচালক জোবায়ের সালাউদ্দিন প্রথম আলোকে বলেন, বংশাল থানাধীন সিদ্দিকবাজার এলাকার একটি হোটেলে অভিযান চালিয়ে র্যাব ১৬ জনকে আটক করে। তাঁদের কাছ থেকে হাতে লেখা একটি প্রশ্নপত্রের বেশ কিছু অনুলিপি উদ্ধার করা হয়। এই প্রশ্নপত্রে মোট ১০০টি প্রশ্ন ছিল। পরীক্ষা শুরুর আগে র্যাব জনতা ব্যাংক কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করতে পারেনি। পরীক্ষা শেষে দেখা গেছে, মূল প্রশ্নপত্রের সঙ্গে উদ্ধার হওয়া প্রশ্নপত্রে বাংলা বিষয়ের একটি প্রশ্নের মিল আছে। এটি কাকতাল হতে পারে। এটাকে কোনোমতেই ‘প্রশ্নপত্র ফাঁস’ বলা যায় না। ভুয়া প্রশ্নপত্র দিয়ে প্রতারকচক্র নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণকারী বিভিন্নজনের কাছ থেকে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নিয়েছে।গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন: এস এম মাহফুজুর রহমান, আবদুস সবুর, জাহিরুল ইসলাম, তসলিম হোসেন, জাহিদুর রহমান মুন্সী, মতিউল আলম, তানভীর হোসেন, আতিকুজ্জামান তালুকদার, খালিদ হাসান, মো. নাসির, লোকমান হাসান, জুবায়ের হোসেন, মো. হালিম, ইমরান আহম্মেদ, মো. সবুর ও সঞ্জয়। এর মধ্যে প্রথম আটজনের বাড়ি ঠাকুরগাঁওয়ে। সবার বয়স ১৮ থেকে ৩৫-এর মধ্যে।ক্যাপ্টেন জোবায়ের বলেন, আটক ব্যক্তিদের মধ্যে ১৫ জনই পরীক্ষার্থী। তাঁরা গ্রেপ্তার হওয়া নাসিরের কাছ থেকে প্রশ্নপত্র কিনেছেন। এ জন্য তাঁদের কেউ নাসিরকে পাঁচ হাজার থেকে শুরু করে ২০ হাজার টাকা পর্যন্ত দিয়েছেন। চুক্তি অনুযায়ী, প্রশ্ন কমন পড়লে পরীক্ষার পর বাকি টাকা দেবেন। এদিকে জিজ্ঞাসাবাদে মো. নাসির বলেন, তিনি খোকন ও সোহেল নামের দুজনের হয়ে কাজ করছেন। সর্বোচ্চ চার লাখ টাকা পর্যন্ত প্রশ্নপত্র বিক্রির চুক্তি করেছেন বলে জানান।র্যাব কর্মকর্তা জোবায়ের বলেন, প্রশ্নপত্র ভুয়া হলেও গ্রেপ্তার ১৬ জনই পাবলিক পরীক্ষা আইন লঙ্ঘন করেছেন। তাই, প্রত্যেকের বিরুদ্ধে মামলা হবে।জনতা ব্যাংকের চেয়ারম্যান আবুল বারকাত প্রথম আলোকে বলেন, ব্যাংকের সঙ্গে চুক্তি অনুযায়ী লিখিত পরীক্ষা নিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদ। তাঁরাই প্রশ্নপত্র প্রণয়ন থেকে শুরু করে মূল্যায়নসহ সবকিছুই করবেন।পরীক্ষার প্রধান সমন্বয়কারী ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদের ডিন ফরিদ উদ্দিন বলেন, ‘আমরা যে পদ্ধতিতে প্রশ্নপত্র তৈরি করি, তা কোনোভাবেই ফাঁস হওয়ার আশঙ্কা নেই। কারণ, প্রশ্নপত্রে বিভিন্ন অংশ থাকে, যা একেকজন একেক অংশ করে থাকেন। পুরো প্রশ্ন একমাত্র প্রধান সমন্বয়কারী জানেন।’তবে পরীক্ষায় অংশ নেওয়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র রাসেল মাহমুদ বলেন, ‘প্রশ্নপত্র ফাঁস হয়েছে বলে আমাদের কাছে তথ্য আছে। টাকার বিনিময়ে কয়েকজন শিক্ষার্থীকে গোপনে এক স্থানে নিয়ে গিয়ে একটি চক্র সব প্রশ্নের উত্তর রাতারাতিই শিখিয়ে দিয়েছে। মুঠোফোনে খুদেবার্তার মাধ্যমে প্রশ্ন আদান-প্রদান হয়েছে। এ কারণে বেশ কয়েকজন ছাত্র রাতে হলেই ছিলেন না।’গত ৯ ফেব্রুয়ারি ৪৩৭টি নির্বাহী কর্মকর্তা পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। ১৫ মার্চ ছিল আবেদনের শেষ তারিখ। প্রায় ৮০ হাজার পরীক্ষার্থী প্রাথমিক বাছাই পরীক্ষায় অংশ নেন।