জনতা ‘সিপাহি বিপ্লব’ চায়নি!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নভেম্বর এলে জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) ভূমিকার প্রসঙ্গ আসে। ৭ নভেম্বরের কথিত ‘সিপাহি বিপ্লবে’ তাদের ভূমিকা নিয়ে আজও বিতর্ক চলছে। ১৯৭৬ সালের ১২ জানুয়ারি ঢাকার মার্কিন দূতাবাস ওয়াশিংটনে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি সম্পর্কে একটি বিশ্লেষণমূলক প্রতিবেদন পাঠায়। কে এটি তৈরি করেছিলেন, প্রতিবেদনে তার উল্লেখ নেই। তবে এতে বলা হয়েছে, ‘জাসদ সিপাহী বিদ্রোহের ঘটনায় অনুঘটক ছাড়া আর বড় কোনো ভূমিকা পালন করেনি। যদিও জাসদ একটা কৃতিত্ব দাবি করে, কিন্তু তা তাদের প্রাপ্য নয়।’তবে প্রথম আলোর প্রাথমিক অনুসন্ধানে ক্রমশ এই ইঙ্গিত স্পষ্ট হচ্ছে যে পঁচাত্তরের ৭ নভেম্বরের ‘সিপাহি বিপ্লব’-এর চরিত্র ও বৈশিষ্ট্য বিশ্লেষণে ভারত ফ্যাক্টর বিবেচনায় নিতেই হবে। এর কোনো বিকল্প নেই। সরকারিভাবে অবমুক্ত করা মার্কিন দলিল থেকে দেখা যায়, মোশতাক ও খুনি মেজররা ৩ ও ৭ নভেম্বরের ঘটনার আগে ভারতীয় সামরিক হস্তক্ষেপের আশঙ্কা করেছেন। তাঁরা মরিয়া হয়ে এটা প্রতিহত করতে মার্কিন অস্ত্র-সহায়তা চেয়েছেন। এমনকি বাংলাদেশ সীমান্তে ভারতীয় সৈন্য সমাবেশের খবর দিয়েও মার্কিন কূটনীতিকদের সচকিত করেছেন। যদিও তেমন কোনো বাস্তব আলামত তাঁরা দেখাতে পারেননি বলে মার্কিন কূটনীতিকেরাই মন্তব্য রেখেছেন। তবে এটাও প্রতীয়মান হয় যে এ সময়টায় সাধারণভাবে বঙ্গবন্ধু শেখ মুজিবের অসফল শাসনে অসুখী জনগণ ফারাক্কা ও অন্যান্য দ্বিপক্ষীয় ইস্যুতে ভারতের প্রতি বন্ধুভাবাপন্ন ছিল না। অনেকটাই সন্দিহান ছিল।মার্কিন দলিলগুলো সাক্ষ্য দিচ্ছে, জিয়াউর রহমান ও তাঁর অনুসারীরা মনে করতেন, জাসদ ভারতেরই সৃষ্টি। জাসদ তাদের টাকাতেই চলে। অন্যভাবে বলা যায়, জিয়া-সমর্থিত মোশতাক প্রশাসন ওই সময়ে মার্কিন সরকারকে অব্যাহতভাবে তেমন ধারণাই দিয়েছেন। সে কারণেই খালেদ মোশাররফের নেতৃত্বে অভ্যুত্থান ঘটানোর পরপরই তাঁর বিরোধীরা তাঁকে কার্যকরভাবে ভারতের পুতুল হিসেবে জনগণের মধ্যে একটা ভীতি তৈরি করতে সক্ষম হয়। সেই একই প্রচারণা থেকে তারা জাসদ ও তাহেরের কার্যক্রমেও ভারতীয় রঙ লাগাতে সচেষ্ট হয়।অথচ রাষ্ট্রদূত ডেভিস বোস্টার দ্ব্যর্থহীন ভাষায় লিখেছেন, ‘নভেম্বরের ঘটনাপ্রবাহের সঙ্গে ভারতের সম্পৃক্ততার কোনো প্রমাণ আমরা পাইনি।’ ডেভিস বোস্টার হলেন সেই ব্যক্তি, যাঁকে ১৯৭৫-৭৬ সালে ভারতীয় পত্রপত্রিকা মুজিব হত্যার ‘নাটের গুরু’ হিসেবে ব্যাপকভাবে চিত্রিত করেছে। মুজিব হত্যায় দায়ী করে বোস্টারের প্রতি ‘বিদ্বেষ-প্রসূত’ কাহিনী ছাপাতে ইন্দিরা গান্ধী সরকারের প্রচ্ছন্ন মদদ ছিল বলে তখন ওয়াশিংটনের ধারণা ছিল। বোস্টার হলেন সেই ব্যক্তি, জিয়া ক্ষমতা নিয়েই (৭ নভেম্বর) যাঁর কাছে ডিজিএফআইয়ের একটি প্রতিনিধিদল পাঠান। জিয়া তাঁকে তাঁর ব্যক্তিগত শুভেচ্ছা পৌঁছান। আর বোস্টার তাঁকে ‘পুরোনো বন্ধু’ বলে উল্লেখ করেন। মোশতাকের মুখ্যসচিব মাহবুবুল হক চাষী ও পররাষ্ট্রসচিব তোবারক হোসেন প্রমুখ এই বোস্টারের কাছেই দিন-রাত জরুরি যোগাযোগ রক্ষা করতেন। ১৫ আগস্টের অভ্যুত্থানের পর ‘ভারতীয় আগ্রাসন’ রোধে ফারুক-রশিদের পর জিয়াও একই সুরে মার্কিন অস্ত্র-সহায়তা চেয়েছেন। সুতরাং প্রত্যেকের উদ্বেগ বিশেষ করে ভারতের প্রতি তাদের দৃষ্টিভঙ্গি বোস্টারের জানা ছিল।উল্লেখ্য, ১৯৬২ সালে সিরাজুল আলম খানের স্বাধীনতার লক্ষ্যে যে ‘নিউক্লিয়াস’ গঠিত হয়েছিল, তাঁদেরই বৃহৎ অংশ বাহাত্তরে জাসদ গঠন করে। এ আগেই অবশ্য মুজিবের সঙ্গে তাঁদের দূরত্ব সৃষ্টি হয়। তাঁরা কার্যত ‘বিপ্লবী শাসন’ উপযোগী সংবিধান চেয়েছিলেন। মুজিব চেয়েছিলেন পশ্চিমা গণতান্ত্রিক ব্যবস্থার মাধ্যমে সমাজতন্ত্র প্রতিষ্ঠা করতে। এ সময় জাসদের গোপন সদস্যদের অন্যতম ছিলেন কর্নেল আবু তাহের। চুয়াত্তরের জুলাইয়ে জাসদ (যদিও এটি প্রায় সবসময় বহুধা বিভক্ত ছিল) বিপ্লবী গণবাহিনী গঠন করে। সেনাবাহিনীতে এর শাখা বিপ্লবী সৈনিক সংস্থা নামে। চুয়াত্তরে তাহেরকে সেনাবাহিনী থেকে বাধ্যতামূলক অবসর দেওয়া হয় বলে বোস্টার পঁচাত্তরের ১২ নভেম্বর পাঠানো এক বার্তায় উল্লেখ করেন। ৭ নভেম্বরের প্রস্তুতি হিসেবে জাসদ কাজ করেছিল এক বছরের কিছু বেশি সময়। মার্কিন সাংবাদিক লরেন্স লিফশুলজের বর্ণনায়, ‘গোপনে বিপ্লবী সৈনিক সংস্থার নেতৃত্ব দিতে থাকেন তাহের। ৩ নভেম্বর খালেদ মোশাররফের অভ্যুত্থানের পর সেনাবাহিনীর এনসিও এবং জেসিওরা সক্রিয় হন। তাঁরা ভিড় জমান তাহেরের নারায়ণগঞ্জের বাড়িতে। তাঁরা ছিলেন তাহেরের ওই সৈনিক সংস্থার লোক।’ঢাকার মার্কিন দূতাবাসের বর্ণনায়, ‘জাসদের ছিল বিপ্লবী বাগাড়ম্বর। এর সঙ্গে যুক্ত হয়েছিল সন্ত্রস্ত সেনাদের উদ্বেগ। জাসদের সংক্ষিপ্ত অতীতে দেখা গেছে, তারা নিজেদের শৃঙ্খলা বিধানেই কখনো সক্ষমতা দেখায়নি। অথচ সংঘাতের মাধ্যমে কর্তৃপক্ষকে চ্যালেঞ্জ করার ক্ষেত্রে তারা বহু দূর অগ্রসর হয়েছিল। আবার যখন তারা চরম অবস্থা থেকে পিছু হটল, তখন বড় বেশি দেরি হয়ে গেছে। জনসাধারণ সেনা কর্মকর্তাদের হত্যাকাণ্ডের ঘটনায় ভীতসন্ত্রস্ত হয়েছিল। জাসদের উগ্র কথাবার্তা তাদের আরও বিরক্ত ও উৎকণ্ঠিত করে। এর সঙ্গে যুক্ত হয়েছিল নানা গুজব। কেউ কেউ মনে করতেন, জাসদ ভারতপন্থী উসকানিদাতা দল। আর জনগণ তাদের সাংগঠনিক দুর্বলতা সম্পর্কে এমনিতেই সচেতন ছিল। এ প্রেক্ষাপটে তাদের ওপর সেনাবাহিনীর অভিযান চালানো সহজ হলো।ওই মার্কিন প্রতিবেদনে উল্লেখ করা হয়, ‘জাসদ ও সিপাহিদের বিশৃঙ্খলার প্রতি মানুষের সন্ত্রস্ত ও বৈরী অনুভূতি ইঙ্গিত দেয় যে বাঙালিরা বিপ্লব চায়নি। তারা চেয়েছে নেতৃত্ব ও স্থিতিশীলতা। শেখ মুজিবের শাসনে তাদের স্বপ্নভঙ্গ ঘটেছিল। কিন্তু তার আসল কারণ মুজিবের নিরঙ্কুশ ক্ষমতা গ্রহণ থেকে উদ্ভূত নয়। বরং সেটা ঘটেছিল আইনশৃঙ্খলা রক্ষা ও জনগণের জীবনের মানোন্নয়নে মুজিব ব্যর্থ হয়েছিলেন বলেই। পূর্ব বাংলার রাজনৈতিক ইতিহাস বিশৃঙ্খলায় ভরপুর। আর সে কারণেই রাজনৈতিক কর্মসূচি নিয়ে বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষায় তাদের বেজায় উৎসাহ।’সামনে সামরিক বাহিনী: ওই প্রতিবেদনে আরও বলা হয়, ‘খালেদ মোশাররফের অভ্যুত্থান ও পাল্টা অভ্যুত্থানের কারণে সামরিক বাহিনী বাংলাদেশের কার্যকর নিয়ন্ত্রণ তুলে নেয়। তারা এখন আর তেমন দাবি করতে পারছে না, যেমনটা তারা ১৫ আগস্টের অভ্যুত্থানের পরে করেছিল। তারা তখন বলেছিল ‘মেজরদের’ প্রচেষ্টা সামরিক অভ্যুত্থান ছিল না। সেটা ছিল একটা বিচ্যুতি, যে ঘটনাকে একটি নিয়তিনির্ভর বিষয়ে হিসেবে তারা মেনে নিতে বাধ্য হয়েছিল। ১৫ আগস্ট ও ৩ নভেম্বরের ঘটনায় সামরিক বাহিনী উল্লেখযোগ্যভাবে সরকার পরিচালনায় কেন্দ্রীয় ভূমিকায় পৌঁছায়। তাদের এই ভূমিকার বিষয়টিকে পরস্পর বিপরীত অর্থে ব্যাখ্যা করা যায়। তারা সাংগঠনিকভাবে এবং বস্তুগতভাবে তাদের দুর্বলতা সম্পর্কে ওয়াকিবহাল ছিল। কিন্তু নভেম্বরের প্রথম সপ্তাহের ঘটনা ঘটে যাওয়ার পর দেশের ভাগ্যনির্ধারণী দায়িত্ব পালন না করে পলায়নপর থাকা তাদের পক্ষে আর সম্ভব ছিল না।’ ওই প্রতিবেদনে আরও বলা হয়, ‘নভেম্বরের ঘটনাবলি কতিপয় অস্বাভাবিক অবস্থার অবসান ঘটিয়েছিল। এসব সমস্যা মোশতাকের নেতৃত্বধীন সামরিক শাসনব্যবস্থাকে তাদের কাছে অস্বস্তিতে রেখেছিল। মোশতাকের নেতৃত্বাধীন সরকার স্পষ্টতই সামরিক আইনের খুঁটির জোরে টিকে ছিল। কিন্তু বাস্তবে তারা সাংবিধানিকভাবে নির্বাচিত সরকারের কাঠামো এবং মুখোশ রক্ষা করে চলছিল। একবার যখন মোশতাক পদত্যাগে বাধ্য হলেন, তখন একটি অধিকতর ঐতিহ্যগত সামরিক আইন প্রশাসন বাস্তব রূপ পেল এবং তা জনগণের কাছে অধিকতর গ্রহণযোগ্যতা পেল। কারণ তাতে দেশের ক্ষমতার প্রকৃত ভরকেন্দ্র যে আসলে সেনানিবাস, সেটা জনগণের কাছে খুবই স্পষ্ট হলো।আজকের বাংলাদেশে জনগণ যদি লক্ষ্য করে যে সামরিক শাসনই প্রকৃত অর্থে ক্রিয়াশীল রয়েছে, তাহলে দেশ পরিচালনায় তাদের অধিকতর সামর্থ্যবান ভূমিকাই তারা দেখতে চাইবে। ভারত উপমহাদেশের ঐতিহ্য হলো, সেনাবাহিনীকে কর্তৃত্বের বাহু হিসেবে দেখা। বাঙালিরা একটি দৃঢ় ও বোধসম্পন্ন (নো-ননসেন্স) প্রশাসনই আশা করবে। পাকিস্তানের সময় যদিও সামরিক বাহিনী কদাচিৎ অরাজনৈতিক শক্তি ছিল। অধিকাংশ সময়জুড়ে জনগণের কাছে তাদের এমন একটি পক্ষ হিসেবে দেখা হয়েছে, যারা ছিল ‘পার্টির ওপরে পার্টি’ অর্থাৎ সংকীর্ণ দলীয় স্বার্থের গণ্ডি তারা অতিক্রম করতে পেরেছিল। সেনাবাহিনীকে নির্দলীয় হিসেবে দেখার বিষয়টি ভারতপন্থী ও ভারতবিরোধী ভাবাবেগ দ্বারা খর্ব করা হয়েছে। আর সেটা আরও ক্ষতিগ্রস্ত করেছে অভ্যুত্থানের ঘটনাবলি। বিদ্রোহের সঙ্গে জাসদের সম্পৃক্ততা মানুষ দেখেছে। তারা একই সঙ্গে সামরিক বাহিনীর মধ্যে অনৈক্য দেখেছে। তদুপরি মানুষ সশস্ত্র বাহিনীকেই তুলনামূলক বেশি নিরাপদ ও ভরসাজনক শক্তি মনে করে। কারণ তারা অন্তত কম বিশৃঙ্খল। তাদের বিপরীত দৃষ্টান্ত হলো ভগ্ন মনোরথ বেসামরিক জনপ্রশাসন ও দুর্নীতিগ্রস্ত পুলিশ। এখন বাঙালিরা এটা নিয়ে ভীত নয় যে সামরিক বাহিনী দৈনন্দিন কর্তব্য পালন করবে না। কিন্তু তারা এখন এটা ভেবে ভীত যে আরেক দফা সেনাবাহিনীর মধ্যে সংঘাত সৃষ্টি হলে তার পরিণতিতে দেশ শাসনে তাদের ক্ষমতা একেবারেই ধ্বংস হয়ে যেতে পারে। সামরিক বাহিনীর নির্দলীয় থাকার বিষয়ে বাঙালিদের যে আকাঙ্ক্ষা তা দেরিতে হলেও প্রতিফলিত হয়েছে। ৭ নভেম্বর জনপ্রিয় ‘বিপ্লব’ সবার মনোযোগের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছিল। কিন্তু সেই দিনের স্বতঃস্ফূর্ততা অতি দ্রুততায় ফিকে হয়েছিল। বরং ১৫ আগস্ট থেকে বাঙালিরা রাজনীতি থেকে দূরে থাকার একটা প্রবণতা দেখায়। আর ৭ নভেম্বরের পর থেকে তাদের মধ্যে ধীরে ধীরে রাজনীতির প্রতি আগ্রহ ফিরে আসে। তারা মুজিব শাসনের গোড়ার দিকের মতো রাজনীতিমুখিতা দেখায়। তারা ঝুঁকি নিতে প্রস্তুত হয়। বর্তমান শাসনের সমর্থন বা তার বিরোধিতা করলে তার পরিণতি কী হবে, তা তাদের নিজেদের জীবনের ওপর কতটা কি প্রভাব বয়ে আনবে বা আনবে না সেটাও বিবেচনায় নেয় না। তারা শুধু দেখতে উদগ্রীব হয় যে তাদের কিছু করণীয় আছে কি না। স্বায়ত্তশাসনের জন্য আওয়ামী লীগের ছয় দফার আন্দোলন ছিল। এরপর থেকে বাঙালির জীবনে সত্যিকারের আর কোনো জাতীয় আন্দোলন আসেনি।’